সরকারকে ক্ষমতাচ্যুত করে জনগণকে স্বাধীনতা দিতে চায় জামায়াত
জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, দেশের জনগণকে সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ দিতে হলে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে। কারাগার থেকে মুক্ত করতে হবে জামায়াতের শীর্ষ পাঁচ নেতাকে। অন্যথায় এই দেশের জনগণ স্বাধীনতার স্বাদ পাবে না।স্বাধীনতা ও জাতীয়তা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জামায়াতের নেতারা এসব কথা বলেছেন। ঢাকা মহানগর জামায়াত আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এই সভার আয়োজন করে।অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের কাছে দেশের ১৬ কোটি মানুষ আজ জিম্মি। এই জিম্মিদশা থেকে জনগণকে মুক্ত করতে হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ইসলামের কথা বলে ক্ষমতায় এসে বারবার ইসলামবিরোধী কাজ জনগণ মেনে নেবে না।জামায়াতের আটক পাঁচ নেতার অবিলম্বে মুক্তি দাবি করে এ টি এম আজহারুল ইসলাম বলেন, নয় মাসেও তাঁদের বিরুদ্ধে সরকার যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণ করতে পারেনি। ৯০০ বছরেও পারবে না। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, বিভক্তি সৃষ্টি না করে ৩০ লাখ নিহত মুক্তিযোদ্ধার নামের তালিকা দেন।ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি হামিদুর রহমান আযাদ বলেন, দেশের জনগণকে স্বাধীনতা দিতে হলে এই জালেম সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। এ জন্য নতুন করে স্বাধীনতার ডাক দিতে হবে। তিনি বলেন, জামায়াতের শীর্ষ পাঁচ নেতাকে মুক্তি দিলেই জনগণ স্বাধীনতার সুফল পাবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম, সহকারী সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম, আবদুল হালিম প্রমুখ।