সরকারকে চরম মূল্য দিতে হবে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গতকাল সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ যা করেছে, তা ন্যক্কারজনক। পুলিশ হানাদার বাহিনীর মতো আক্রমণ চালিয়েছে।’ ফখরুল বলেন, ‘এ ঘটনার জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে।’ সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল শেষে আজ মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, গতকালের ঘটনা ছিল সরকার ও পুলিশের সাজানো নাটক। সরকারের একগুঁয়েমির কারণে বাংলাদেশ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। সংবাদ সম্মেলনে গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে চালানো পুলিশের অভিযান ও নেতা-কর্মীদের আটক করার ঘটনার তীব্র নিন্দা জানান ফখরুল। এ সময় তাঁর বক্তব্যে বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে।

সরকারকে চরম মূল্য দিতে হবে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কেন্দ্রীয় কার্যালয়ে যখন নেতারা ছিলেন, তখন পুলিশ ন্যক্কারজনকভাবে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সবচেয়ে কলঙ্কময় অধ্যায়ের সূচনা করে। পুলিশ বিএনপির কার্যালয়ে হানাদার বাহিনীর মতো আক্রমণ করে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে।

সরকারের এজেন্ট সমাবেশে ককটেল ছোড়ে

মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘গতকাল ১৮ দলের বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে হচ্ছিল। আমরা যখন সমাবেশের শেষ পর্যায়ে, সরকার তখন তাদের এজেন্টদের দিয়ে সমাবেশ পণ্ড করার উদ্দেশ্যে ককটেলের বিস্ফোরণ ঘটায়।’ পুলিশ সমাবেশে অতর্কিতে আক্রমণ করে গুলি ছুড়তে ছুড়তে সভা পণ্ড করে দেয় বলে অভিযোগ করেন তিনি।

হরতালে ১০৬ জন আটক

হরতাল চলাকালে সারা দেশে ১০৬ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানান বিএনপির নেতা ফখরুল। এ ছাড়া হরতালে সারা দেশে ২০২ জন নেতা-কর্মী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এসব বিবরণ পূর্ণাঙ্গ নয় বলেও জানান তিনি। ফখরুল বলেন, কার্যালয়ের যেসব নেতা-কর্মী এসব খবর সংগ্রহ করতেন তাঁরা আটক রয়েছেন। এ ছাড়া বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভীও আটক থাকায় প্রাথমিকভাবে এই বিবরণ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরা সম্ভব হয়নি বলে জানান তিনি।

জনগণ সরকারকে চায় না

আজকের হরতাল স্বতঃস্ফূর্ত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, সারা দেশে হরতাল করে জনগণ সুস্পষ্টভাবে সরকারকে জানিয়েছেন, তাঁরা আর সরকারকে রাষ্ট্র পরিচালনার কাজে দেখতে চান না। সরকারের পদত্যাগ করা উচিত। নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত। জনগণ সরকারের প্রতি তাঁদের ধিক্কার ও অনাস্থার কথা জানিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। তিনি হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালন করার জন্য জনগণকে ধন্যবাদ জানান।

কার্যালয় তছনছ করা হয়েছে

বিএনপি নেতা ফখরুল আরও অভিযোগ করেন, পুলিশ তল্লাশির নামে বিএনপির কার্যালয়ের প্রতিটি কক্ষে ভাঙচুর চালিয়েছে। নেতা-কর্মীদের ওপর অকথ্য নির্যাতন করেছে। তিনি বলেন, ‘সবার আগে আমাকে আটক করা হয়। পরে মহাসচিবের কক্ষ হাতুড়ি ও শাবল দিয়ে ভেঙে পুলিশ জ্যেষ্ঠ নেতাদের নিয়ে যায়।’ তিনি অভিযোগ করেন, পুলিশ পুরো কার্যালয় তছনছ করেছে। কার্যালয়ের কোনো সিস্টেম কাজ করছে না। কার্যালয়ের কম্পিউটার ভাঙা হয়েছে ও নেটওয়ার্ক সিস্টেম নষ্ট করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। ফখরুল আরও বলেন, গতকাল পুলিশের অভিযানে কার্যালয়ের প্রিন্টার ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র পুলিশ নিয়ে গেছে। কার্যালয় থেকে পুলিশ টাকাও নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। পুরো কার্যালয়ের মধ্যে টর্নেডো চলেছে বলে মন্তব্য করেন ফখরুল।

নেতা-কর্মীদের কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না

আজও দলের নেতা-কর্মীদের কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, কোনো গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের কার্যালয়ে কাউকে এভাবে ঢুকতে বাধা দেওয়া হয় না। গতকালের ঘটনা বাংলাদেশের চেতনার মূলে আঘাত করেছে। গণতন্ত্রের অগ্রযাত্রা নস্যাত্ করেছে বলে মন্তব্য করেন তিনি।

আটক নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে

গতকাল বিএনপির প্রায় দেড় শ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেন ফখরুল। তিনি বিনা শর্তে আটক নেতাদের মুক্তি দেওয়ার দাবি করেন। সেই সঙ্গে সব মামলা প্রত্যাহার করারও দাবি জানান তিনি।