সরকারকে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিতে পারেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে এবার সংক্ষিপ্ত সময়সীমা বেঁধে দিতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশে এ সময়সীমা বেঁধে দিয়ে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিতে পারেন।জোটের একাধিক সূত্র জানিয়েছে, এর আগে খালেদা জিয়া চলতি বছরের ১২ মার্চ ও ১১ জুন, সরকারকে দুবার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এবারের সময়সীমা হবে সংক্ষিপ্ত, তা ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত হতে পারে। এর মধ্যে দাবি মানার ব্যাপারে সরকার সাড়া না দিলে সারা দেশে এক দিনের অবস্থান কর্মসূচিসহ হরতালও দেওয়া হতে পারে। তার আগে গণ-অনশন ও পদযাত্রার মতো কর্মসূচি দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। এরপর সরকার পতনের এক দফা দাবিতে নানা আঙ্গিকে ধারাবাহিক নানা কর্মসূচিতে যাবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।জোটের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক ও আজকের সমাবেশের সভাপতি সাদেক হোসেন খোকা প্রথম আলোকে বলেন, ‘আশা করি, সরকার দাবি মেনে নেবে। নইলে অবস্থান ধর্মঘটের মতো কর্মসূচি থাকতে পারে। আর, সরকার যদি সংঘাতে যায়, সে ক্ষেত্রে হরতালসহ মারমুখী কর্মসূচিও আসতে পারে।’দলীয় সূত্র জানায়, ১৪ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ও পরদিন ১৮ দলীয় জোটের সভায় হরতাল, অবরোধ, ঘেরাও কর্মসূচির পাশাপাশি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রাপ্ত পর্যন্ত মানববন্ধন বা মানবপ্রাচীর তৈরি, রাজধানীসহ জেলা ও উপজেলা শহরের প্রবেশমুখে গণ-অবস্থান কর্মসূচির প্রস্তাব আসে। এ ছাড়া আগামী মার্চ মাসের মধ্যে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার লক্ষ্যে কঠোর কর্মসূচির দেওয়ার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিএনপির ওপর চাপ আছে। তবে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে কিছু কঠোর কর্মসূচি দিয়ে মাঠের অবস্থান জোরদার করার ইচ্ছা রয়েছে বিএনপির নীতিনির্ধারকদের। বিজয় দিবস উপলক্ষে আগামী ১৯ ডিসেম্বর ঢাকায় বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ রয়েছে। এর আগে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের একাধিক ঘরোয়া কর্মসূচি আছে। এরপর পরিস্থিতি বুঝে অবরোধ বা ঘেরাওয়ের মতো কর্মসূচি বিবেচনায় রাখা হয়েছে।বিএনপির দায়িত্বশীল এক নেতা জানান, ‘বিএনপির অভীষ্ট লক্ষ্য হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। সে জন্য নরমে-গরমে থেকে আমরা সরকারের ওপর চাপ সৃষ্টি করছি। সরকার যদি নির্দলীয় সরকারের ব্যাপারে অনমনীয় থাকে, অথবা খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করার চেষ্টা করে, তাহলে বিএনপিও অনমনীয় অবস্থান নেবে।’ গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাবেশ থেকে খালেদা জিয়া আগামী দিনের কর্মসূচি দেবেন। সরকারের সর্বগ্রাসী দুর্নীতি, দুঃশাসন, আকাশছোঁয়া দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে এবং সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে এ সমাবেশ হবে। এ ছাড়া খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, পদ্মা সেতু, হল-মার্ক, ডেসটিনি ও শেয়ারবাজার দুর্নীতির বিচার ও শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস বন্ধ করার আহ্বানের পাশাপাশি খালেদা জিয়ার বক্তৃতায় নির্বাচনকেন্দ্রিক নানা প্রতিশ্রুতি, আহ্বান ও হুঁশিয়ারি থাকবে বলে জানা গেছে। আজকের সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটাতে বিএনপির পাশাপাশি জামায়াতও নানা সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। সাদেক হোসেন দাবি করেন, ঢাকার আজকের সমাবেশ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।