সরকারকে তীব্র কটাক্ষ করলে বদলি : মোদাচ্ছের আলী
সবার আওয়ামী লীগ করার দরকার নেই। সরকারি কর্মকাণ্ডের প্রকৃত সমালোচনাকে ক্ষমতাসীন আওয়ামী লীগ স্বাগত জানাবে। তবে কেউ তীব্র কটাক্ষ করলে বদলি করে দেওয়ার মতো ‘সাধারণ’ কিছু ঘটনা ঘটতে পারে।প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী আজ শনিবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে কর্নিয়া সংগ্রহকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি সরকারি কাজের সমালোচনার পাশাপাশি কিছু প্রশংসা করারও আহ্বান জানান।স্বাস্থ্য উপদেষ্টা বলেন, চিকিত্সকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনে যাঁরা আওয়ামী লীগের সমর্থিত অংশের প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন, তাঁরাও এখন আওয়ামী লীগের বিরাট নেতা বনে গেছেন। তিনি চিকিত্সকদের তাঁদের আদর্শ থেকে সরে না আসার অনুরোধ জানান।বিরুদ্ধবাদীদের গঠনমূলক সমালোচনা সরকারের উন্নয়নমূলক কাজকে আরও গতিশীল করবে বলেও মন্তব্য করেন স্বাস্থ্য উপদেষ্টা। তবে তিনি এও বলেন, সরকার যেহেতু কোনো যন্ত্র নয়, তাই বেশি সমালোচনা করলে নীতিনির্ধারকদের রাগ হতেই পারে। আর তাতে করে সমালোচনাকারীকে বদলি করে দেওয়া হতে পারে। বদলি যেহেতু চাকরির অংশ, তাই এ নিয়ে চিকিত্সকদের শঙ্কিত না হওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য উপদেষ্টা।স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন কল্যাণমুখী কর্মকাণ্ডের উল্লেখ করে উপদেষ্টা বলেন, সংবাদপত্রগুলোয় শুধু সরকারের সমালোচনা করা হয়। ৯০ শতাংশ সমালোচনার পাশাপাশি অন্তত ১০ শতাংশ প্রশংসা করা উচিত। তিনি বলেন, শিশুমৃত্যুর হার কমিয়ে আনার জন্য এমডিজি অ্যাওয়ার্ড কমিটি প্রধানমন্ত্রীকে পুরস্কার দিলেও বাংলাদেশের কোনো সংবাদপত্র তাঁর ভূমিকার প্রশংসা করেনি। সংবাদপত্রগুলোর উচিত ছিল, কমপক্ষে এটুকু স্বীকার করা যে ক্ষমতাসীন সরকার পুরস্কার পাওয়ার উপযোগী একটা পরিবেশ সৃষ্টি করেছে, তাই এই অর্জন।