সরকারকে নিয়ন্ত্রকের ক্ষমতা দিয়েই চূড়ান্ত হচ্ছে টেলিযোগাযোগ আইন
শেষ পর্যন্ত মন্ত্রণালয়কে নিয়ন্ত্রকের ক্ষমতা দিয়েই প্রস্তাবিত টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০১০-এর খসড়া চূড়ান্ত করা হচ্ছে। আজ সোমবার টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এটি চূড়ান্ত করা হতে পারে। কমিটি প্রস্তাবিত বিলে যে সংশোধনী আনছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো—টেলিযোগাযোগ বিষয়ে আপিল ট্রাইব্যুনাল গঠন এবং জরিমানার পরিমাণ কমানো। প্রস্তাবিত টেলিযোগাযোগ আইন পাস হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সরকারের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। একইভাবে টেলিযোগাযোগ খাতের লাইসেন্স, পারমিট ইস্যু, লাইসেন্স হস্তান্তর, নিয়ন্ত্রণ, নবায়ন, স্থগিত ও বাতিল করার এখতিয়ারও যাবে মন্ত্রণালয়ের হাতে। বিটিআরসি থেকে সব ক্ষমতা সরকারের হাতে নেওয়ার উদ্যোগের বিরোধিতা করছে এ খাতে বিনিয়োগকারী বেসরকারি উদ্যোক্তা এবং দাতা সংস্থার প্রতিনিধিরা। গত ১১ বছরে বেসরকারি বিনিয়োগকারীরা সরকারকে ২২ হাজার কোটি টাকা রাজস্ব দিয়েছে। আর এ খাতে তাদের বিনিয়োগের পরিমাণ ৩২ হাজার কোটি টাকারও বেশি বলে তারা সংসদীয় কমিটিকে জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত আইনটি নিয়ে বিভিন্ন মহল থেকে পাওয়া সুপারিশ পর্যালোচনার একপর্যায়ে সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু গত ২৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এরপর বিলটি নিয়ে আরও দুই দফা বৈঠক করে সংসদীয় কমিটি। এসব বৈঠকে কয়েকটি সংশোধনী যুক্ত করে প্রস্তাবিত বিলটি পাস করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। কমিটির আজকের সভায় এসব সংশোধনী গ্রহণ করে আইনটি সম্পর্কে কমিটির প্রতিবেদন চূড়ান্ত করা হবে। ১১ জুলাই সংসদ অধিবেশন শুরুর দিনই কমিটি এ ব্যাপারে প্রতিবেদন দেবে। চলতি অধিবেশনেই বিলটি পাসের জন্য উপস্থাপন করা হবে। কমিটির সভাপতি হাসানুল হক গতকাল রোববার প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট সবার সুপারিশ পর্যালোচনা করে প্রস্তাবিত আইনটির খসড়া চূড়ান্ত করা হবে। তিনি জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে বিলে সরকারের হাতে অধিকাংশ ক্ষমতা রাখা হয়েছে। সংশ্লিষ্ট অনেকে বলছেন, এর ফলে এ খাতে কাজের গতিশীলতা কমতে পারে। কমিটি সরকারের প্রস্তাবিত খসড়া আইনে বেশ কিছু সংশোধনী আনার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে হাসানুল হক বলেন, আইনটির বিষয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে বিলটি চূড়ান্ত করতে বলেছেন। এখন কমিটি বিলটির খসড়া চূড়ান্ত করে সংসদে উপস্থাপন করবে।বিলের সংশোধনী: প্রস্তাবিত বিলে আনা সংশোধনীর মধ্যে আছে টেলিযোগাযোগ বিষয়ে আপিল ট্রাইব্যুনাল গঠন। হাইকোর্টের একজন বিচারককে দিয়ে এ ট্রাইব্যুনাল গঠন করা হবে। কোনো ব্যক্তি এ আইনের কারণে নেওয়া সিদ্ধান্তে ক্ষুব্ধ হলে আপিল ট্রাইব্যুনালে যেতে পারবেন। এ ছাড়া জরিমানার পরিমাণ কমানোর জন্যও একটি সংশোধনী আনা হতে পারে। বেসরকারি উদ্যোক্তাদের অভিযোগ, প্রস্তাবিত আইনে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জরিমানা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে। এটা কার্যকর হলে দেশি-বিদেশি উদ্যোক্তারা এ খাতে বিনিয়োগে আগ্রহ হারাবে। বিভিন্ন পক্ষের সুপারিশ: বেসরকারি বিনিয়োগকারী ও বিটিআরসি ছাড়া বিশ্বব্যাংক থেকেও সংসদীয় কমিটির কাছে বিভিন্ন সুপারিশ পাঠানো হয়। বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক ইলেন গোল্ড স্টেইন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সরকারের হাতে সব ক্ষমতা নেওয়ার প্রস্তাব উদ্বেগজনক। এতে করে শুধু যে টেলিযোগাযোগ কমিশনের নিয়ন্ত্রণ খর্ব হবে তা নয়, কাজের স্বচ্ছতা ও গতিশীলতা নষ্ট হবে। এ ধরনের প্রস্তাব বিনিয়োগবান্ধব হবে না।বিটিআরসি বলেছে, প্রস্তাবিত টেলিযোগাযোগ আইন ১৯৯৮ সালের জাতীয় টেলিযোগাযোগ নীতিমালার পরিপন্থী। বিলটি পাস হলে দেশের টেলিযোগাযোগ খাতের অপূরণীয় ক্ষতি হবে। একই রকম অভিযোগ জানিয়েছে এ খাতের বেসরকারি উদ্যোক্তারা। তারা প্রস্তাবিত আইনের বিভিন্ন অসংগতি তুলে ধরে তা সংশোধনের মাধ্যমে বাস্তবসম্মত আইন তৈরির অনুরোধ জানায়। বেসরকারি ল্যান্ডফোন (পিএসটিএন) অপারেটরদের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার গত মে মাসে পাঁচটি পিএসটিএন অপারেটরের লাইসেন্স বাতিল করেছে। ফলে দুই হাজার কর্মকর্তা-কর্মচারী বেকার হয়ে পড়েছেন। অকেজো হয়ে পড়েছে দুই হাজার কোটি টাকার যন্ত্রপাতি। কমিটির সভাপতি হাসানুল হক প্রথম আলোকে বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে এবং সবার স্বার্থ সমুন্নত রেখেই কমিটি বিলের খসড়া চূড়ান্ত করবে। প্রস্তাবিত আইনে বিটিআরসিকে ক্ষমতাহীন করা হয়েছে। লাইসেন্স দেওয়া, ফি ও মূল্য নির্ধারণ, পরামর্শক নিয়োগ এবং প্রবিধান প্রণয়নের ক্ষমতা বিটিআরসির পরিবর্তে মন্ত্রণালয়কে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। লাইসেন্সের শর্তাবলি সংশোধন এবং লাইসেন্স বাতিল বা স্থগিত করার ক্ষমতাও সরকারের কাছে দেওয়া হয়েছে।