আবারও সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছেন সিএনজি অটোরিকশার চালকেরা। নতুন ভাড়ার হার কার্যকর হওয়ার দ্বিতীয় দিনে চালকেরা আরও বেপরোয়া আচরণ করেছেন। প্রথম দিন মিটারে এবং যেকোনো গন্তব্যে কিছু চালককে যেতে দেখা গেছে। কিন্তু গতকাল অধিকাংশ চালককে মিটারে না গিয়ে চুক্তিতে যাত্রী বহন করতে দেখা গেছে। বিশেষ করে স্বল্প দূরত্বে যাওয়ার ক্ষেত্রে চালকেরা ‘যাব না’ অভ্যাস বজায় রাখেন।গতকাল বিকেলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেটে অর্ধশতাধিক সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কিন্তু কাউকেই মিটারে যেতে দেখা যায়নি। অধিকাংশ চালককেই দূরের গন্তব্যে চুক্তিতে যাত্রী বহন করতে দেখা যায়। কাছাকাছি গন্তব্য হলে সোজা ‘না’ বলে দিয়েছেন তাঁরা।সিএনজিচালিত অটোরিকশা চালুর পর থেকেই নানা অজুহাতে চুক্তিতে যেতে বাধ্য করে যাত্রীদের পকেট কাটা শুরু করেন চালকেরা। এই ধারা অব্যাহত থাকা অবস্থায়ই ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অটোরিকশার ভাড়া ও জমা বাড়িয়ে দেয়। যাত্রী হয়রানি বন্ধে কোনো ব্যবস্থা না নিয়েই পরের বছর আরেক দফা ভাড়া বাড়ানো হয়। সর্বশেষ গত ৪ নভেম্বর মালিক-চালকদের স্বার্থে সরকার আবার ভাড়া বাড়িয়ে দেয়। কিন্তু এবারও সেই জনস্বার্থ উপেক্ষিত থাকছে। চালকদের আইন মানানোর ক্ষেত্রে পুলিশ কিংবা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।ফার্মগেটে গতকাল বিকেলে আনিসুর রহমান নামে এক যাত্রী অভিযোগ করেন, কোনো চালক রামপুরায় যেতে রাজি হননি। নিরুপায় হয়ে অটোরিকশার গায়ে লেখা নম্বরে ফোন দেওয়ার পর সেটি বন্ধ পাওয়া যায়। অনেক ভুক্তভোগীই অভিযোগ করেছেন, পুলিশের নিয়ন্ত্রণকক্ষে ফোন দিয়ে পাননি।২০০৩ সালে ভাড়া নির্ধারণ করার সময় সরকার বলেছিল, রিফুয়েলিং স্টেশনের সংকট থাকায় ভাড়া একটু বেশি ধরা হয়েছে। স্টেশন বাড়লে ভাড়াও কমানো হবে। কিন্তু সরকার সেই ঘোষণা বেমালুম ভুলে গিয়ে শুধু ভাড়া বাড়িয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করেছে।ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেটে মিরপুর-২-এর বাসিন্দা নাসরিন আলম জানান, দুই সন্তান নিয়ে আধঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থেকে তিনি কোনো চালককে রাজি করাতে পারেননি। তিনি বলেন, আসার পথেও একই অবস্থা হয়েছে। পুলিশে খবর দেওয়ার কথা বলার পরও পাত্তা দেননি চালকেরা।সরকার ভাড়া বাড়িয়েছে, মিটার অনুযায়ী চলার নির্দেশনা আছে। কিন্তু মানছেন না কেন, জানতে চাইলে বাণিজ্য মেলার সামনে (ঢাকা মেট্রো থ-১৩-৪৭৪৮) চালক আ. করিম দাবি করেন, তাঁর সিএনজিতে গ্যাস নেই। তাই যাবেন না। কিন্তু একটু দূরে সরে যাওয়ার পর চালককে দেখা গেছে, অন্যদের সঙ্গে দূরের গন্তব্যে যাওয়ার জন্য দরকষাকষি করছেন।কয়েকজন যাত্রী জানান, দুই বছর ধরে মিটার ছাড়া চলার সময় চালকদের কখনো গ্যাস নেই, গ্যাস নিতে দাঁড়িয়ে থাকতে হয়—এমন কোনো অজুহাত তুলতে দেখা যায়নি। কিন্তু ‘ভাড়া বাড়ানোর বিনিময়ে মিটারে চলার’ কথা আসায় এখন আবার এসব অজুহাত শোনা যাচ্ছে।মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে গতকাল দুপুরে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আতিকুর রহমান জানান, তিনি ফার্মগেট থেকে কোনো সিএনজি অটোরিকশাচালককেই মিটারে যেতে রাজি করাতে পারেননি। চালক তাঁর কাছ থেকে এই পথের জন্য ভাড়া নিয়েছেন ১০০ টাকা।বিআরটিএর হিসাব অনুযায়ী, এই পথের দূরত্ব পাঁচ কিলোমিটার। মিটারে গেলে ভাড়া হওয়ার কথা ৪৬ টাকা। ওয়েটিং (যাত্রাবিরতি, সিগন্যাল ও যানজট) ১০ মিনিট ধরলেও ভাড়া ৬০ টাকার বেশি হয় না।জানা গেছে, গতকাল সোমবার বিআরটিএ সদর কার্যালয়ে সিএনজি অটোরিকশা মিটারে চলাচলের বিষয়ে বৈঠক হয়। এতে মালিক-চালক সমিতি, বিআরটিএ ও পুলিশের প্রতিনিধি অংশ নেন।বৈঠক সূত্র জানায়, বিআরটিএ ও পুলিশের পক্ষ থেকে মালিক-শ্রমিকদের প্রতি অসন্তোষ প্রকাশ করা হয়। সভায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চালকেরা মিটারে যেকোনো গন্তব্যে যেতে না চাইলে এবং মালিক বাড়তি জমা নিলে অটোরিকশা জব্দ করা এবং চালককে আটকের সিদ্ধান্ত হয়।মিটার অনুযায়ী গন্তব্যে যাওয়া, মিটারের অতিরিক্ত ভাড়া আদায় না করা, মিটার কারসাজি (টেম্পারিং) না করা, চালকের কাছ থেকে নির্ধারিত হারের বেশি জমা আদায় না করাসহ বেশ কিছু সরকারি সিদ্ধান্ত মানার বিষয়ে মালিক-শ্রমিক সংগঠন, বিআরটিএ ও পুলিশের মধ্যে ১৫০ টাকার স্ট্যাম্পে যৌথ চুক্তিনামা হয়েছে।অথচ অটোরিকশার জন্য তৈরি নীতিমালায় বলা হয়েছে, চালক ও মালিক এগুলো না মানলে মালিকের রুট পারমিট এবং চালকের চালক লাইসেন্স বাতিল করা হবে।বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান প্রথম আলোকে বলেন, আইন না মানলে অটোরিকশা জব্দ ও চালককে আটকের সিদ্ধান্ত হয়েছে। পুলিশ অভিযান শুরু করেছে। বিআরটিএ দু-এক দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালত নামাবে।মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার মিটারে না যাওয়ার অভিযোগে ৫৯২টি অটোরিকশার বিরুদ্ধে মামলা হয়েছে এবং ৮০টি অটোরিকশা জব্দ করা হয়েছে। এর আগের দিন ২৮৮টি সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা হয় এবং অটোরিকশা জব্দ করা হয়।তবে এডিসি বলেন, পুলিশের নিয়মিত অভিযান চলছে। শুধু সিএনজি অটোরিকশার জন্য আলাদা কিছু করার সিদ্ধান্ত নেই।