সরকারকে সরবরাহের জন্য নতুন টাকা ছাপানো হয়েছে: এম কে আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। সরকারকে অর্থ সরবরাহ করার জন্য বাংলাদেশ ব্যাংক নতুন টাকা ছাপিয়েছে। এখন বিদেশ থেকে অর্থ জোগাড়ের চেষ্টা চলছে। সরকার নতুন নতুন ফ্লাইওভার ও বিমানবন্দর করতে গিয়ে জনগণের টাকা নষ্ট করে ফেলেছে বলে তিনি মন্তব্য করেন।আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সুশীল ফোরাম আয়োজিত গোলটেবিল আলোচনায় এম কে আনোয়ার এসব কথা বলেন।এম কে আনোয়ার বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে সরকারের ষড়যন্ত্র প্রকাশ হয়ে গেছে। সেনা মোতায়েন না হওয়ার পর কমিশনারদের উচিত ছিল পদত্যাগ করা, অথবা নির্বাচন স্থগিত করা। কিন্তু তাঁরা তা করেননি। এতে প্রমাণিত হয় এ নির্বাচন ছিল প্রহসনের। তবে বিএনপি এ প্রহসনে পা দেয়নি। সেনা মোতায়েন না করায় আরও একটি বিষয় প্রমাণিত হয়েছে, নির্বাচন কমিশন স্বাধীন নয়। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছাড়া নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না।বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দুজন মেয়র প্রার্থীই ছিলেন আওয়ামী লীগের। প্রধানমন্ত্রীর সমর্থিত প্রার্থীর পরিণতি কী হয়েছে জাতি সেটা দেখেছে। এ থেকে প্রধানমন্ত্রীকে শিক্ষা নিতে হবে। ক্ষমতা চিরস্থায়ী করার ষড়যন্ত্রকারীদের পরিণতি অতীতে কী হয়েছে জাতি তা দেখেছে। ক্ষমতা চিরস্থায়ী করার ষড়যন্ত্র করতে গেলে এ সরকারের পরিণতিও তা-ই হবে। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের উদ্দেশে এম কে আনোয়ার বলেন, রাষ্ট্রপতি হত্যা মামলার দণ্ডিত আসামিদের ক্ষমা করেছেন। এখন যদি তিনি তাঁর স্ত্রীর হত্যাকারীদের ক্ষমা না করেন, সে ক্ষেত্রে তাঁর এ পদে থাকার অধিকার নেই।বর্তমানে যে আইনে মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে, সেটি স্বচ্ছ নয় বলে এম কে আনোয়ার মন্তব্য করেন। তিনি বলেন, এতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ কম।