সরকারগুলোই বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠাকে ব্যাহত করছে: অ্যামনেস্টি
আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যোগ দিতে অস্বীকার করে এবং মিত্রদের বিচারের হাত থেকে রক্ষা করে সরকারগুলো মানবাধিকার বাস্তবায়ন প্রক্রিয়াকে ব্যাহত করছে বলে জানিয়েছে আমনেস্টি ইন্টারন্যাশনাল। আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ করার সময় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে, আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য ২০০৯ সাল ছিল একটি অনন্য বছর। কারণ সে বছর আইসিসি সুদানের দারফুর অঞ্চলে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে নানা অপরাধ করার অভিযোগে প্রেসিডেন্ট ওমর হাসান আল বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গত মাসে বশির সুদানের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন এবং এই প্রথম হেগভিত্তিক আইসিসি কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে অভিযুক্ত করে।বিশ্বকে নেতৃত্ব দান করতে তাদের যে অঙ্গীকার তা প্রমাণ করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে স্বাক্ষর করার জন্য অ্যামনেস্টির অন্তর্বর্তীকালীন মহাসচিব ক্লডিও করডন জি-২০ জোটের প্রতি আহ্বান জানান। এ পর্যন্ত জি-২০ দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং তুরস্কসহ মোট সাতটি দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে স্বাক্ষর করেছে।