সরকারদলীয়রা ঈদ সামনে রেখে চাঁদাবাজিতে ব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের দুর্নীতি ও অনিয়মের কারণে সারা দেশের যোগাযোগ-ব্যবস্থায় নাজুক অবস্থা বিরাজ করেছে। মহাসড়কগুলো মেরামত না করায় ঘণ্টার পর ঘণ্টা যানজটের কবলে পড়ে মানুষের দুর্ভোগের শেষ নেই। সরকারের দলীয় লোকেরা ঈদ সামনে রেখে চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে।আজ বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাটে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে খন্দকার মোশাররফ এসব কথা বলেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের মতো একজন বিতর্কিত দুর্নীতিবাজকে দেশপ্রেমিক বলে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীদের বিচারের সম্মুখীন করবে।খন্দকার মোশারফ হোসেন বলেন, দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণ বন্ধ করে দিয়েছে। সরকার বিদ্যুত্ খাতে ব্যাপক দুর্নীতি-অনিয়ম করে এ খাতকে ধ্বংস করে দিয়েছে। ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা টেন্ডারবাজি ও চাঁদাবাজি করে দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। ছাত্রলীগের সন্ত্রাসীদের কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থা বিরাজ করছে।সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল প্রমুখ।