সরকারদলীয়রা কেবল খাবে, অন্যরা না খেয়ে থাকবে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সরকারকে ‘হীরক রাজার দেশে’র শাসকদের সঙ্গে তুলনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষকে অনাহারে থাকার পরামর্শ কেবল হীরক রাজার দেশের শাসকেরাই দিয়েছিলেন। আজ শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলের আগের সভায় তিনি এ কথা বলেন।গতকাল বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী ফারুক খান এক আলোচনা সভায় খাদ্যমূল্য কমাতে ও ভেজাল প্রতিরোধে সবাইকে কম খাওয়ার পরামর্শ দেন। বাণিজ্যমন্ত্রীর এ বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এ যেন হীরক রাজার দেশ। ওই রাজা জনগণকে খাবার দিতে পারবেন না। এ জন্য তিনি কম খেতে প্রজাদের পরামর্শ দিতেন।’প্রসঙ্গত, সত্যজিত্ রায়ের চলচ্চিত্র ‘হীরক রাজার দেশে’র শাসকের সভাকবি প্রজাদের কম খাওয়ার বিষয়ে এক লাইনের একটি মন্ত্র রচনা করেন। ওই মন্ত্রটি রাজা তাঁর রাজ্যের শ্রমিকদের শোনাতেন। মন্ত্রটি হলো—‘অনাহারে নাহি খেদ, বেশি খেলে বাড়ে মেদ।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার দেশকে ’৭৪-এর মতো দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। তারা জনগণকে খাদ্য দিতে ব্যর্থ হয়েছে। জিনিসপত্রের আকাশচুম্বী দামের কারণে দেশের মানুষ ভালো নেই। তিনি অভিযোগ করেন, ‘সরকারদলীয়রা কেবল খাবে, অন্যরা না খেয়ে থাকবে।’ ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হক, এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।