সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি নিতে খালেদার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলনে প্রস্তুত থাকতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আজকের মহাসমাবেশ আন্দোলনের রিহার্সেল (মহড়া)। চট্টগ্রামের পর দেশের অন্যান্য বিভাগীয় শহরে মহাসমাবেশের পর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।বিগত তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘বিদেশ যেতে চাইনি বলে তারা আমাকে ঘুমের ইনজেকশন দিয়ে বিমানে তুলে দেওয়ার হুমকি দিয়েছিল।’আজ সোমবার চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় মহাসমাবেশে খালেদা জিয়া এসব কথা বলেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাগার থেকে মুক্তি পেয়ে ২০০৮ সালের ৭ নভেম্বর সর্বশেষ তিনি লালদীঘি মাঠের মহাসমাবেশে বক্তৃতা করেছিলেন।সমাবেশে বৃহত্তর চট্টগ্রাম ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত হন। নাশকতার আশঙ্কায় লালদীঘি মাঠ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়। মোতায়েন করা হয় পাঁচ শতাধিক পুলিশ ও দাঙ্গা পুলিশ।আজ বিকেল সাড়ে তিনটায় বেগম জিয়া লালদীঘি মাঠে উপস্থিত হন। বিকেল পাঁচটা ছয় মিনিট থেকে তিনি টানা এক ঘণ্টা সাত মিনিট বক্তৃতা করেন। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে মহাসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী এবং সহসভাপতি আবদুল্লাহ আল নোমান বক্তৃতা করেন।আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘এ সরকার ঘরে ঘরে চাকরি দেবে। ১০ টাকা দরে চাল খাওয়াবে। বিনামূল্যে সার দেবে বলে জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় এসেছে। আমি জিজ্ঞাসা করি, দেড় বছরে কতজন লোক চাকরি পেয়েছে?’খালেদা জিয়া বলেন, এ ডিজিটাল বাংলাদেশ দেখতে চায়নি মানুষ। ডিজিটালের নামে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, মানুষ তা উপলদ্ধি করছে। এ চট্টগ্রাম থেকে শুরু হলো সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের আন্দোলন। আওয়ামী লীগ কী জিনিস, নতুন প্রজন্ম তা দেখেনি, জানে না। নতুন প্রজন্ম নাকি আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আসলে তারা ভোট দেয়নি। দিয়েছে মইনউদ্দিন-ফখরুদ্দীনের লোকেরা।খালেদা জিয়া বলেন, ‘দেশে প্রতিদিন ১০ জন করে মানুষ খুন হচ্ছে। প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো দেখেন কি না, জানি না। দেশের কোথায় বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা দেবে সেদিকে তাদের নজর। আসলে এই সরকার মামলাবাজ। এই সরকার চুক্তিবাজ সরকার। দেশের মানুষকে দেওয়া কোনো ওয়াদা তারা পূরণ করেনি। কিন্তু বিদেশিদের দেওয়া ওয়াদা তারা পালন করছে।’বিএনপি চেয়ারপারসন বলেন, ‘বিদ্যুত্, পানি ও গ্যাসের তীব্র সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ। বিএনপির সরকারের সময় নাকি বিদ্যুত্ খাতে ২০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। কিন্তু আমাদের সময় এই খাতে বরাদ্দ ছিল সাড়ে ১৩ হাজার কোটি টাকা। এর মধ্যে নয় হাজার কোটি টাকা বেতন-ভাতা বাবদ খরচ হয়। বাকি টাকা খরচ হয় বিদ্যুতের উন্নয়নকাজে। তাহলে লুটপাট হলো কোথায়?’বিরোধীদলীয় নেত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে ও বাইরে প্রতিনিয়ত মিথ্যা বলছেন। আমাদের সময় নাকি এক মেগাওয়াট বিদ্যুত্ও উত্পাদন হয়নি। অথচ আমরা জাতীয় গ্রিডে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুত্ সংযোগ করেছিলাম। আরও আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুত্ সংযোগের জন্য নতুন বিদ্যুত্ প্লান্ট করতে অর্থের সংস্থান করেছিলাম। ফখরুদ্দীন সরকার সেটা করেনি। এ দেশকে তারা ২০ বছর পিছিয়ে দিয়েছে।’বেগম জিয়া বলেন, ছাত্র-ছাত্রীদের আজ মোমবাতি দিয়ে পড়াশোনা করতে হচ্ছে। গ্যাসের বদলে লাকড়ি ও কেরোসিন দিয়ে রান্নাবান্না চলছে। বিদ্যুতের অভাবে নতুন কল-কারখানা হয়নি। বিদ্যুতের অভাবে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করতে আসছে না। এ সরকার বিদ্যুত্ দিতে পারে না, গ্যাস দিতে পারে না, পানি দিতে পারে না। শুধু বড় বড় কথা বলে।খালেদা জিয়া সরকারের সমালোচনা করে আরও বলেন, ‘এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশে সন্ত্রাস বেড়েছে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনের কথা আপনাদের স্মরণ আছে? ওই সময় এই আওয়ামী লীগ প্রতি জেলায় একজন করে গডফাদার তৈরি করেছিল। আপনাদের সাবধান হতে হবে।’বিগত তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ অভিহিত করে খালেদা জিয়া বলেন, ‘সংবিধানের ৫৮(গ) ধারা অনুযায়ী ফখরুদ্দীন ক্ষমতা নিতে পারে না। তারা ফখরুদ্দীনকে ক্ষমতায় বসিয়েছিল। পেছনে ছিল মইনউদ্দিন। আর আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিল। মামলার পরই গ্রেপ্তার করল। সাজা হলে তো জেলখানায় যেতে হয়। আমাকে বিদেশে পাঠানোরও ষড়যন্ত্র হয়। আমি বলেছি, এ দেশে জন্ম আমার। বাইরে আমার কোনো ঠিকানা নেই। এ দেশ ছেড়ে আমি কোথাও যাব না। তারপর জেলখানায় গিয়েছি। আজ আপনাদের কাছে বলছি। ওদের (তত্ত্বাবধায়ক সরকার) কত নোংরা চিন্তা ছিল। আমাকে ঘুমের ইনজেকশন দিয়ে বিমানে তুলে দেওয়ার হুমকি দিয়েছিল।’