১৭ মাস পর বিএনপি-জামায়াত বৈঠক
সরকারবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলন বিষয়ে কাল সিদ্ধান্ত জানাবে জামায়াত
১৭ মাস পর আনুষ্ঠানিক বৈঠক করল চার দলীয় জোটের দুই শরিক বিএনপি ও জামায়াতে ইসলামী। বৈঠকে উভয় দল সরকারের বিরুদ্ধে আন্দোলন করার বিষয়ে একমত হয়েছে। তবে ঐক্যবদ্ধ আন্দোলন করা হবে কি না, সে বিষয়ে বিএনপিকে কোনো সিদ্ধান্ত জানায়নি জামায়াত। আজ শনিবার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে তারা।আজ শনিবার রাত পৌনে নয়টার দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে দুই দলের শীর্ষস্থানীয় নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর দুই দলের নেতাদের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এর আগে অবশ্য জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুর রাজ্জাক প্রমুখ খালেদা জিয়ার সঙ্গে নানা সময়ে একাধিকবার দেখা করেছেন।আজকের বৈঠকে বিএনপির চেয়ারপারসন ছাড়াও দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের উপস্থিত ছিলেন। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ দলের মোট ১০ জন নেতা বৈঠকে উপস্থিত ছিলেন।উভয় দল এক ঘণ্টারও বেশি সময় কথা বলেন। রাত ১০টার দিকে বৈঠক শেষে বাইরে আসেন জামায়াতের নেতারা। কী নিয়ে কথা হয়েছে, জানতে চাইলে জামায়াতের আমির বলেন, ‘বিএনপির চেয়ারপারসন আমাদেরকে ডেকেছিলেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সরকারের সার্বিক ব্যর্থতা, জুলুম-নির্যাতন, মামলা-হামলা নিয়ে আলোচনা হয়েছে।’ তাহলে কি জামায়াত সরকারের বিরুদ্ধে বিএনপির সঙ্গে যুগপত্ আন্দোলনে যাচ্ছে—জানতে চাইলে নিজামী বলেন, ‘আগামীকাল আমাদের নির্বাহী কমিটির বৈঠক আছে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’বিএনপির ডাকা হরতালে জামায়াত সমর্থন দেবে কি না, জানতে চাইলে জামায়াতের আমির বলেন, ‘সরকারের বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নাই। আমরা এ বিষয়ে একমত। বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে, তা ইতিবাচক। আমাদের সিদ্ধান্ত আমাদের নির্বাহীর বৈঠকের পর জানাব।’জামায়াতের সঙ্গে বৈঠকের পর বিএনপির চেয়ারপারসন লেবার পার্টি, ইসলামিক পার্টি জনতা পার্টি, ডেমোক্রেটিক লীগ, মুসলিম লীগসহ ছয়টি ছোট দলের নেতাদের সঙ্গে কথা বলেন।