সরকারবিরোধী ধারাবাহিক কর্মসূচি আসছে বিএনপির
কাল মঙ্গলবারের সমাবেশ সামনে রেখে আজ সোমবার ঢাকায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি ও চার দল। বিএনপি সূত্রে জানা গেছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়া সমাবেশে বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কয়েক মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করতে পারেন। চেয়ারপারসন-ঘোষিত এই কর্মসূচি জোট ও সমমনা দলগুলো যুগপত্ভাবে পালন করবে।বিএনপির মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন বলেন, ‘আমরা পল্টন ময়দান ব্যবহারের জন্য চেয়েছিলাম। কিন্তু সরকার তা দেয়নি। তাই সড়কের ওপর সমাবেশ করার কারণে যে যানজটের সৃষ্টি হবে, তার দায় সরকারকেই নিতে হবে।বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাদেক হোসেন এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির এই সমাবেশ হবে এ যাবত্ কালের সবচেয়ে বড় সমাবেশ। এ ছাড়া বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, এই সমাবেশ নটরডেম কলেজ, শান্তিনগর, কাকরাইল মোড় পর্যন্ত বিস্তৃত হবে। এ জন্য বিরাট এলাকাজুড়ে মাইক ব্যবহার করা হবে। এ ছাড়া বড় পর্দায় বিভিন্ন স্থান থেকে খালেদা জিয়ার ভাষণ দেখানো হবে। তিনি খালেদা জিয়ার ভাষণ টেলিভিশনে সরাসরি প্রচারের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।সমাবেশকে সামনে রেখে দলের কেন্দ্রীয় নেতারা প্রচারপত্র বিতরণ করেছেন। সায়েন্স ল্যাবরেটরি ও এলিফ্যান্ট রোড এলাকায় প্রচারপত্র বিতরণকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, সরকার বিএনপির সমাবেশ অনুষ্ঠানে বাধা সৃষ্টি করতে চায়। সমাবেশে বাধা দেওয়া হলে হরতালের মতো কঠোর কর্মসূচি দিতে বিএনপি বাধ্য হবে।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এ ছাড়া বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, বিজেপি, ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিসের প্রধানেরাও বক্তব্য দেবেন। বিএনপি সমমনা ও আরও কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের ভাষণ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।এদিকে সমাবেশে চেয়ারপারসনের বক্তব্য ও কর্মসূচি চূড়ান্ত করতে আজ গুলশানে রাত আটটায় বিএনপির কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন খালেদা জিয়া। বৈঠকে সেখানে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও উপস্থিত থাকবেন।জানা গেছে, বৈঠকে রোড মার্চ, লংমার্চ, সারা দেশ সফরের মতো কর্মসূচি এবং আগামী তিন মাসে কয়েকটি হরতাল দেওয়ার ব্যাপারেও আলোচনা হবে।