সরকারবিরোধী প্রচারপত্রসহ সাত শিক্ষক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার একটি বিদ্যালয়ে গতকাল শনিবার পুলিশ পাকিস্তানের পতাকা, ধর্মীয় বই-পুস্তক, প্রচারপত্র ও জামায়াতের নেতাদের মুক্তির দাবিতে ছাপানো পোস্টারসহ সাত শিক্ষককে আটক করে। হরতাল সামনে রেখে জামায়াত-সমর্থকেরা ওই বিদ্যালয়ে জড়ো হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। কোতোয়ালি থানার সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ১০টার পর পুলিশ ২৭/১ সৈয়দ আওলাদ হোসেন লেনের ঢাকা মডেল প্রি ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে অভিযান চালায়। বিকেল চারটা পর্যন্ত চলা অভিযানে পুলিশ ওই স্কুলের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে পাকিস্তানের পতাকা, সরকারি নীতির বিরুদ্ধে প্রচারপত্র, সিডি, ক্যাসেট ও হরতালের সমর্থনে ছাপানো পোস্টারসহ বিভিন্ন সরকারবিরোধী বিপুল লিফলেট জব্দ করে। জড়িত থাকার অভিযোগে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলমগীর হোসেন, শিক্ষক নূরে আলম সিদ্দিকী, ইসমাইল হোসেন, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, মো. ওবায়দুল্লাহ ও রুস্তম আলীকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা আওলাদ হোসেন লেনের এ বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলা স্কুলের জন্য ভাড়া নিয়ে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তাঁরা দেশের পতাকা চেয়ার, বেঞ্চ ও টেবিল মোছার কাজে ব্যবহার করতেন। আটক অধ্যক্ষ আলমগীর হোসেন ৭২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। অন্যরা জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ জানিয়েছে।