সরকারবিরোধী রাজনৈতিক ঐক্য গড়তে চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারকে মোকাবিলায় একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্য গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি। ইতিমধ্যে সমমনা সাতটি দলের সঙ্গে প্রাথমিক আলোচনাও করেছে তারা। দলগুলোকে নিজ নিজ অবস্থানে থেকে সরকারবিরোধী আন্দোলনে সম্পৃক্ত রাখাই এই ঐক্য গঠনের মূল উদ্দেশ্য। সরকারবিরোধী এই অবস্থানে মহাজোটের শরিক কোনো কোনো দলকে সম্পৃক্ত করার পরিকল্পনাও আছে বিএনপির।বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। ওই নেতারা আশাবাদী, শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখতে সমমনা দলগুলোর সঙ্গে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি বড় জোট গঠনে তাঁরা সফল হবেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, চারদলীয় জোট নামে একটি নির্বাচনী জোট এখনো আছে। ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল চেষ্টার প্রতিবাদে জোটের শরিক জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপি যুগপৎ কর্মসূচি পালন করেছে। আরেক শরিক ইসলামী ঐক্যজোট ওই কর্মসূচিতে সমর্থন দিয়েছে। এখন আরও বৃহত্তর রাজনৈতিক ঐক্য গঠতে চায় বিএনপি। এ নিয়ে ইতিমধ্যে অনেক রাজনৈতিক দলের সঙ্গে আলোচনাও হয়েছে। ক্ষমতাসীন মহাজোটের শরিক কোনো দলকে এই জোটে অন্তর্ভুক্ত করা হবে কি না, এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বিভিন্ন বিষয়ে মহাজোটের শরিক অনেক দলের অবস্থান আওয়ামী লীগের অবস্থানের বিপক্ষে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার ব্যাপার নিয়েও শরিকদের মধ্যে দ্বিমত আছে। তিনি জানান, পর্যায়ক্রমে তাদের সঙ্গেও আলোচনা হতে পারে।বিএনপির এই নেতা বলেন, সব জোট নির্বাচনী জোট নয়। একই বিষয় বা দাবিতে নানা মতের রাজনৈতিক দল পৃথকভাবে আন্দোলন চালাতে পারে। বিএনপি সেই ধরনের একটি ঐক্য গঠনের চেষ্টা চালাচ্ছে।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরাসরি তত্ত্বাবধানে এই প্রক্রিয়া চলছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন। সূত্র জানায়, বিএনপি মনে করে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলে আওয়ামী লীগ অনড় অবস্থান নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিএনপির করণীয় নির্ধারণে গতকাল মঙ্গলবার দলের স্থায়ী কমিটি বৈঠক করেছে। তাতে এই বিষয়ে অন্যান্য দলের সঙ্গে বৃহত্তর ঐক্য গঠন নিয়েও আলোচনা হয়।বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য গত রাতে বৈঠকের আগে বলেন, ‘আমরা মূলত একটি পলিসি মিটিংয়ে বসছি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখতে সরকারকে বাধ্য করতে হলে কী ধরনের রাজনৈতিক কৌশল নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হবে। এর বাইরে সার্বিক পরিস্থিতি এবং কর্মসূচি নিয়েও কথা হবে।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, আন্দোলন ছাড়া বিএনপির সামনে আর কোনো বিকল্প পথ খোলা আছে বলে মনে হচ্ছে না। সে জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হবে। বিএনপি চায় এই বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলকেও মাঠে নামাতে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিকদের মধ্যে জামায়াত অভিন্ন দাবিতে আন্দোলনে বিএনপির সঙ্গে মাঠে থাকছে। এর বাইরে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিস আছে। এদের তেমন কর্মকাণ্ড হয়তো নেই। বাস্তবতা হচ্ছে, জামায়াতের সঙ্গে একত্রে আন্দোলন করলে অনেক ক্ষেত্রে উপকারের চেয়ে সমালোচনা বেশি হয়। এটা বিবেচনা করে কিছু ছোট-বড় রাজনৈতিক দলকে বিএনপির আন্দোলনে যুক্ত করার কাজ চলছে।এই নেতা বলেন, মহাজোটের শরিকদের মধ্যে সংবিধানে রাষ্ট্রধর্ম রাখা নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মতভিন্নতা আছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়েও সরকারের সঙ্গে এই দল দুটির মতপার্থক্য আছে। জাতীয় পার্টির সঙ্গেও আওয়ামী লীগের কিছুটা দূরত্ব আছে। এই দলগুলো নিজেদের দাবিতে সরকারবিরোধী অবস্থান নেবে, তা বিএনপি প্রত্যাশা করে। তাহলে বিএনপির আন্দোলন আরও বেগবান হবে।গত শনিবার বিএনপি সমমনা ছোট ছোট সাতটি দলের সঙ্গে বৈঠক করেছে। দলগুলো হলো: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), লেবার পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও মুসলিম লীগ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সমমনা দলগুলোর সঙ্গে অভিন্ন দাবি বা বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা বিএনপির আছে। তবে চারদলীয় জোটের আকার বাড়ানোর ব্যাপারে কোনো উদ্যোগ আপাতত নেই।