নিজ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইরিন খান
সরকারব্যবস্থা চালিত হচ্ছে লোভ ও দুর্নীতির ওপর ভর করে
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান বলেছেন, বাংলাদেশে সরকারব্যবস্থা চালিত হচ্ছে লোভ ও দুর্নীতির ওপর ভর করে। এখানে ক্ষমতা কীভাবে চর্চা হচ্ছে এবং কীভাবে তা অর্জিত হচ্ছে তা কম গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। গণতান্ত্রিক নির্বাচন এককভাবে একে প্রতিহত করতে সক্ষম নয়।তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যে রাষ্ট্রীয় সম্পদ চুরি-চামারিকে উত্সাহিত করে, তার বড় উদাহরণ বাংলাদেশ। তাঁর মতে, অতীতের সরকারগুলোও এই দুর্নীতি ও সম্পদ চুরির ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়নি। বর্তমানেও সেদিকে পর্যাপ্ত নজর দেওয়া হচ্ছে না। সদ্য প্রকাশিত নিজের লেখা বই দি আনহার্ড ট্রুথ-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইরিন খান এসব কথা বলেন। রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল বৃহস্পতিবার বইটির মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অনুষ্ঠানের শেষ পর্যায়ে বর্তমান সরকারের এক বছরের কাজের মূল্যায়ন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইরিন খান বলেন, সরকারকে কিছুটা সময় দেওয়া উচিত। তারা কিছু ভালো উদ্যোগ নিয়েছে। যেমন, মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করছে, তথ্য অধিকারের জন্য আইন পাস করেছে। তবে এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আগের মতোই রয়ে গেছে। যেমন, দুর্নীতি দমনের বিষয়ে তেমন কোনো অগ্রগতি নেই। দুর্নীতির দায়ে নতুন কোনো মামলা করা হয়নি। উল্টো অনেক মামলা প্রত্যাহার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন গঠন হলেও সদস্যদের নিয়োগ বাকি রয়েছে এবং পূর্ণোদ্যোগে কমিশন কাজ শুরু করেনি। তথ্য অধিকার আইনের স্বীকৃতি দেওয়া হলেও তা কীভাবে কাজ করবে তাও নির্ধারণ করা হয়নি বলে তিনি মন্তব্য করেন।উন্নত বিশের কয়েকটি দেশে বইটি আগে প্রকাশিত হলেও কোনো উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে এই প্রথম প্রকাশ পেল। এর মুখবন্ধ লিখেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। বইটিতে বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, মেক্সিকো, কলম্বিয়া, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার কয়েকটি দেশের দরিদ্র মানুষের অধিকারহীনতা ও জীবনের বিবর্ণ চিত্র উঠে এসেছে। এ বইয়ের বিক্রির স্বত্ব থেকে প্রাপ্ত অর্থ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তহবিলে দেওয়া হবে।বইয়ের ওপর আলোচনা করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, ব্র্যাকের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান এবং হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্র্যাকের ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিচালক সৈয়দ হাশেমি। অনুষ্ঠানে হরিজন ঐক্য পরিষদের পক্ষ থেকে কথা বলেন পান্না লাল।প্রকাশিত গ্রন্থের বিষয়ে আইরিন খান বলেন, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি দারিদ্র্যকে পরিপূর্ণভাবে বিচার করতে পারে না। একইভাবে শুধু আয় বৃদ্ধি দারিদ্র্য বিমোচন করতে পারে না। দরিদ্রতার সমস্যাকে বঞ্চনা, অনিরাপত্তা, সমাজের মূল স্রোত থেকে বাদ পড়া এবং নীতিনির্ধারণে গরিব মানুষের নিশ্চুপতার নিরিখে বিচার করতে হবে। ফলে দারিদ্র্য বিমোচনকে শুধু আয় বৃদ্ধির ব্যাপার নয়, তাকে অনেক অধিকার প্রতিষ্ঠার নিরিখে বিচার করতে হবে।তিনি বলেন, বাংলাদেশের সরকারগুলো গরিবদের অধিকার সম্পদ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করছে। আইলায় আক্রান্ত খুলনা ও সাতক্ষীরার দুটি এলাকা মহেশপুর ও কয়রার উদাহরণ দিয়ে তিনি বলেন, ভঙ্গুর বাঁধের ওপর এলাকার মানুষ আট মাস ধরে বসবাস করছে। অথচ বাঁধ মেরামতে উদ্যোগ নেওয়া হচ্ছে না। দরপত্র আহ্বান ও পুনঃদরপত্র আহ্বানের ফাঁদে পড়ে গেছে বাঁধ মেরামতে উদ্যোগ। আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক রেহমান সোবহান বলেন, দারিদ্র্য দূর করার ক্ষেত্রে ভারতে সুশীল সমাজ বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে মামলা করে এবং আদালত এসব মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সরকারকে নির্দেশ দেন। ফলে রাজ্য ও কেন্দ্রীয় সরকার শিক্ষা ও স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিতে বাধ্য হয়। তিনি বলেন, রাষ্ট্রের এসব দায়িত্ব পালন করতে রাজনৈতিক দলগুলোকেও সদিচ্ছা প্রকাশ করে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।ফজলে হাসান আবেদ বলেন, আইরিন খানের গ্রন্থটি উন্নয়নকর্মী, নীতিনির্ধারকসহ সবার নতুন করে চিন্তা-ভাবনার সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে সাফল্য আনতে হলে গরিবদের বিচারব্যবস্থায় প্রবেশের সুযোগ দিতে হবে। তাদের সম্পত্তির অধিকার, কর্মসংস্থানের অধিকার ও ব্যবসা করার অধিকারের নিশ্চয়তা দিতে হবে।আকবর আলি খান বলেন, প্রকাশিত গ্রন্থে গরিবদের জন্য আইনি অধিকারকে প্রাধান্য দেওয়া হয়েছে। অথচ অনেক দেশ আইন করেও পরিস্থিতির তেমন একটা পরিবর্তন করতে পারেনি। তিনি বলেন, শুধু অধিকার প্রতিষ্ঠার কথা বললেই হবে না, দারিদ্র্য বিমোচনের জন্য সম্পদের জোগাড় কীভাবে হবে সেটিও বিবেচনা করতে হবে। হোসেন জিল্লুর রহমান বলেন, দারিদ্র্য বিমোচন বিষয়টি উন্নয়ন জগতে নতুন নয়। কিন্তু প্রতি মুহূর্তে তা নিয়ে ভাবার এবং নতুন কর্মকৌশলের সুযোগ আছে। দরিদ্র মানুষের অসহায় পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি বলেন, আইলা-দুর্গত অনেক এলাকায় এখনো মানুষ বাস্তুহীন এবং বাঁধের ওপর বসবাস করছে।হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি পান্না লাল বলেন, তাঁদের শিক্ষার কোনো নিশ্চয়তা নেই। স্কুলে ভর্তি হলেও তাদের ছেলেমেয়েদের সঙ্গে কেউ মেলামেশা করে না। চাকরির জন্য আবেদন করলে তাদের সাক্ষাত্কারের জন্য ডাকা হয় না। এমনকি হরিজন নারীরা মাতৃকালীন পৌরসভাগুলো থেকে ছুটিও পান না। তিনি বলেন, শুধু আয় বাড়ালেই সমাজের এসব দারিদ্র্য দূর হবে না। হরিজনদের আইনগত নিরাপত্তা ও অধিকার দিতে হবে।