গোলাম আযমের বিরুদ্ধে জেরায় মাহবুবউদ্দিন
সরকারি অধ্যাদেশের মাধ্যমে রাজাকার বাহিনী গঠিত হয়
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমদ বীর বিক্রমকে গতকাল মঙ্গলবার জেরা শেষ করেছে আসামিপক্ষ। জেরায় তিনি বলেন, একাত্তরের এপ্রিল মাসে গোলাম আযম এবং অন্যদের নেতৃত্বে শান্তি কমিটি গঠিত হয়। পরে এর ধারাবাহিকতায় সরকারি অধ্যাদেশের মাধ্যমে গঠিত হয় রাজাকার বাহিনী। তবে এ বাহিনী গঠনের তারিখ বলতে পারবেন না।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল দ্বিতীয় দিনের মতো মাহবুবউদ্দিনকে জেরা করেন আসামিপক্ষ। তিনি গত ১৫ জুলাই জবানবন্দি দেন। এসপি মাহবুব নামে বেশি পরিচিত মাহবুবউদ্দিন মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের আলফা কোম্পানির দায়িত্বে ছিলেন এবং তাঁর নেতৃত্বে মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া হয়।আসামির কাঠগড়ায় গোলাম আযমের উপস্থিতিতে জেরায় আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, শান্তি কমিটি গঠনের সময় এর লক্ষ্য ছিল একাত্তরের ২৫ মার্চে সংঘটিত ধ্বংসযজ্ঞ ও বিশৃঙ্খলা থেকে এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। মাহবুবউদ্দিন বলেন, এটা সত্য নয়। এর পরের কয়েকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৭৩ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ১৯৭৫ সালের ২৩ জুলাই পর্যন্ত তিনি ঢাকা জেলার এসপি (পুলিশ সুপার) ছিলেন। ওই সময় তিনি পদাধিকারবলে এসবির (স্পেশাল ব্রাঞ্চ) দায়িত্বেও ছিলেন। সে সময় গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের জন্য কোনো ফাইল তাঁর কাছে যায়নি। আইনজীবী বলেন, দালাল আইনের মামলা পর্যালোচনার জন্য যে কমিটি ছিল, তাতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং এসপির একজন প্রতিনিধি থাকতেন। সাক্ষী বলেন, এটা তাঁর মনে নেই। তিনি কোনো দিন এমন সভায় উপস্থিত ছিলেন না।মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকারদের গ্রেপ্তার করে কি তাঁর কাছে আনা হয়েছিল? মিজানুলের এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, তারিখ উল্লেখ করে তিনি বলতে পারবেন না। তবে মাঝেমধ্যে রাজাকারদের গ্রেপ্তার করে তাঁর কাছে আনা হতো। পরের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজাকার একটি সরকারি বেতনভুক্ত বাহিনী। আলবদর, আলশামস কি বিধিবদ্ধ বাহিনী ছিল? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তিনি জানেন না। তবে এসব বাহিনীর বেশির ভাগ সদস্য ছিল ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন)। সাতক্ষীরা অঞ্চলের আলবদর, আলশামস, রাজাকার বাহিনীর প্রধানদের নাম কী? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, মনে নেই। চুকনগর হত্যাকাণ্ডের সময় পাঞ্জাব রেজিমেন্টের প্রধান কে ছিলেন? এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, তিনি জানেন না।আসামিপক্ষের আইনজীবী প্রশ্ন করেন, হাসান হাফিজুর রহমান সম্পাদিত স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র পড়েছেন? জবাবে মাহবুবউদ্দিন বলেন, তিনি বইটির সব খণ্ড পড়েছেন। মুনতাসীর মামুন, শাহরিয়ার কবির ও ডা. এম এ হাসানের সঙ্গে কি ১৯৮০ সাল থেকে পরিচয়? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবিরের সঙ্গে গত পাঁচ থেকে ১০ বছর ধরে পরিচয় আছে। মাঝেমধ্যে দেখা হয়। ডা. এম এ হাসানের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় নেই।মাহবুবউদ্দিনের জেরা শেষ হলে এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৬ আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা: একই ট্রাইব্যুনালে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে জেরা অব্যাহত রেখেছে আসামিপক্ষ। গতকাল তাঁকে ৪০তম দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। আজ বুধবারও তাঁকে জেরা করা হবে।