সরকারি অনুদানবঞ্চিত আমনূরা হজরত শাহ মহাবিদ্যালয়
দেড় দশক আগে প্রায় তিন একর জমির ওপর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনূরায় স্থাপিত হয় আমনূরা হজরত বুলন্দ শাহ মহাবিদ্যালয়। সদর উপজেলায় স্থাপিত হলেও অবস্থানগত কারণে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার বেশ কয়েকটি গ্রামের শিক্ষার্থীরা এ মহাবিদ্যালয়ে লেখাপড়া করে। শিক্ষাপ্রতিষ্ঠানটির পরীক্ষার ফল সন্তোষজনক। পাঁচ বছরে গড় পাসের হার ৭৫ শতাংশ। কিন্তু এ পর্যন্ত মহাবিদ্যালয়টির ভবন নির্মাণের জন্য সরকারি কোনো অনুদান পাওয়া যায়নি। ফলে এটি এখনো বিজ্ঞানাগার, গ্রন্থাগার, কমনরুম, শিক্ষকদের কক্ষ ও পর্যাপ্ত শ্রেণীকক্ষহীন অবস্থাতেই রয়ে গেছে। বিঘ্ন ঘটছে যথাযথ পাঠদান।অধ্যক্ষ আতাউর রহমান জানান, এ কলেজের বিজ্ঞানাগার ও রসায়নের ব্যবহারিক ক্লাস পরিচালনার যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্য না থাকায় শিক্ষার্থীদের অনেক সমস্যা হচ্ছে। রসায়নের ব্যবহারিক ক্লাস করতে এখানকার শিক্ষার্থীদের পাঠানো হয় জেলা সদরের শাহ নেয়ামতুল্লাহ্ কলেজে। কলেজের কম্পিউটারটি নষ্ট হয়ে আছে বেশ কিছু দিন থেকে। ফলে কম্পিউটারের ব্যবহারিক ক্লাসও হয় না।বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী নুসরাত জাহান বলে, ‘এমন কলেজে পড়ছি, এ পর্যন্ত রসায়নের ব্যবহারিকের জন্য কোনো রাসায়নিক দ্রব্য দেখিনি, কোনো যন্ত্রপাতিও নেই। এখন শুনছি, ব্যবহারিক ক্লাস করার জন্য অন্য কলেজে যেতে হবে। লজ্জা করছে এ রকম ক্লাস করতে যেতে।’এদিকে অধ্যক্ষ আরও বলেন, কাছেই লক্ষ্মীপুর হাইস্কুল। কমনরুম না থাকায় ওই বিদ্যালয়ের মেয়েরা এখানে ভর্তি হয় না। দূরে হলেও নাচোল মহিলা কলেজে ভর্তি হয়। তিনি জানান, সম্প্র্রতি কলেজে তিনটি শ্রেণীকক্ষ তৈরি করা হয়েছে ইটের দেয়ালের ওপর টিনের ছাউনি দিয়ে। ছোট একটি কক্ষে বসেন অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক ও অফিস সহকারীরা। এতে কাজের অসুবিধা হয়। কলেজের রাস্তাটিও সংস্কার করা হয়নি অর্থের অভাবে। বর্ষাকালে খুব সমস্যা হয়।কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (সদর) আসনের সাংসদ। কলেজের উন্নয়নের জন্য সাবেক সাংসদ হারুনুর রশিদ ও বর্তমান সাংসদ আবদুল ওদুদের কাছে বহুবার আবেদন করা হয়েছে। কিন্তু সাড়া পাওয়া যায়নি। তবে সাংসদ আশ্বাস দিয়েছেন, সুযোগ হলে প্রথমেই এ কলেজের উন্নয়ন করা হবে।