সরকারি অফিস নয়, যেন উচ্ছৃঙ্খল যুবকদের আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত এলাকা হলেও বগুড়ার শেরপুরের বন বিভাগের সামাজিক নার্সারি প্রশিক্ষণ কার্যালয়টি যেন উচ্ছৃঙ্খল যুবকদের আড্ডার জায়গা হয়ে উঠেছে। চত্বরটিতে এখন নিয়মিত বসে বিভিন্ন ধরনের নেশা বিক্রি ও সেবন, জুয়ার আড্ডা। তাদের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন ওই কার্যালয়ে কর্মরত দায়িত্বশীল ব্যক্তিরা। পৌর শহর সংলগ্ন প্রায় ১০ একর এলাকা নিয়ে কার্যালয়টি গড়ে তোলা হয়েছে।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিশাল এলাকায় বিভিন্ন গাছের ছায়ায় বসে চলছে যুবকদের তাসের আড্ডা। গাঁজার ধোঁয়ায় গন্ধময় হয়ে গেছে পুরো এলাকা। চত্বরের পূর্ব পাশে দেখা গেল হই-হট্টগোলের মধ্যে চলছে যুবক-যুবতীদের আড্ডা। তাদের মধ্যে স্কুল-কলেজ পড়ুয়াদের সংখ্যাই বেশি।কার্যালয়ের পাশ দিয়ে যাওয়া সেরুয়া সড়কে নিয়মিত যাতায়াতকারী আমজাদ হোসেন বলেন, অফিস চত্বর এলাকা এখন উচ্ছৃঙ্খল যুবকদের নিয়ন্ত্রণে চলে গেছে। এখানে বিভিন্ন জায়গা থেকে আসা উচ্ছৃৃঙ্খল লোকজনের বিচরণ চলে সকাল থেকে রাত পর্যন্ত। অনেক সময় যুবক-যবতীদের উচ্ছৃঙ্খল আচরণ দেখে পার্শ্ববর্তী সড়ক দিয়ে চলাচলকারীদের বিব্রত হতে হয়। সম্প্রতি ওই অফিস চত্বরে কথা হয় পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা নূরুল ইসলামের সঙ্গে। তিনি কাকে যেন খুঁজছিলেন। প্রশ্ন করতেই তিনি জানান, তিনি এসেছেন ভাতিজার খোঁজে। তাঁর ভাতিজা এই অফিস এলাকায় ঢুকে নিয়মিত খারাপ ছেলেদের সঙ্গে আড্ডা মারে, নেশা করে। বাড়ি থেকে টাকা এনে জুয়া পর্যন্ত খেলে। ভাতিজাকে ধরে বাড়ি নিতে এসেছেন তিনি। আরেক অপরিচিত যুবককে (বয়স আনুমানিক ৩০ বছর) দেখা গেল নার্সারির চত্বরের দক্ষিণ-পূর্ব দিকে দাঁড়িয়ে নেশাদ্রব্য বিক্রি করতে। কথা বলতে এগিয়ে গেলে, যুবকটি দৌড়ে সীমানাপ্রাচীরের ওপর উঠে বসে। তারপর গলা চড়িয়ে বলেন, ‘আপনি কেন আসিছেন। আমরা তো সবাক ম্যানেজ করিই এসব করি।’ বলেই যুবকটি প্রাচীর থেকে লাফ দিয়ে ওপারে চলে যায়। গাছের ছায়ায় জুয়া খেলছিল এক দল যুবক। দেলোয়ার নামের এক যুবক বলেন, ‘একটু অবসর সময় কাটাচ্ছি। এটা তো দোষের কিছু না। আর কারও কাছ থেকে টাকা নিয়ে তো খেলছি না।’ এই যুবকের সঙ্গে আলাপকালে বিদ্যালয়ের পোশাক পরা এক ছাত্রী মাথা ও মুখ ওড়না দিয়ে ঢেকে চলে যায় এবং তার সঙ্গী যুবকটি সীমানাপ্রাচীর টপকে চলে যায় আরেক দিকে।কথা হয় ওই কার্যালয়ের বাগানের মালী আবু হানিফের সঙ্গে। তিনি জানান, সংরক্ষিত এলাকা হলেও জোর করেই এখানে অনেক যুবক ঢুকে পড়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাদের আড্ডা, হইচই। বাধা দিলে যুবকেরা তাদের ওপর চড়াও হয়। তখন এখানে বাস করাই কঠিন হয়ে দাঁড়ায়। ছেলেমেয়েদের লেখাপড়ার যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং অফিস চত্বরে পরিবার-পরিজন নিয়ে নিরাপদে থাকতেই এসব যুবকদের অত্যাচার সহ্য করতে হচ্ছে।সামাজিক নার্সারি প্রশিক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মির্জা মাহবুব আলম জানান, মাঝেমধ্যে এই সংরক্ষিত এলাকায় পুলিশ এসে যুবকদের অনুপ্রবেশ বন্ধ করে। পুলিশ চলে গেলে আবার আগের অবস্থার সৃষ্টি হয়। তিনি জানান, সংরক্ষিত এলাকা হলেও এখানে নেই কোনো সার্বক্ষণিক পাহারাদার। এ ছাড়া অনুপ্রবেশকারীদের ঠেকাতে সামনের দিকে উঁচু প্রাচীর দেওয়া প্রয়োজন।প্রসঙ্গ নিয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, মাঝেমধ্যে ওই কার্যালয়ের কর্মকর্তার নির্দেশমতো অভিযান চালানো হয়। প্রয়োজনে ওই নার্সারির ভেতরে অনুপ্রবেশকারী উচ্ছৃঙ্খল যুবকদের ঠেকাতে আরও অভিযান চালানো হবে বলে তিনি মত প্রকাশ করেন।