সরকারি আইনজীবীদের নামমাত্র ফি
একজন সক্ষম নাগরিক তার বিপদ উতরানোর জন্য এক বা একাধিক বড়মাপের আইনজীবী নিয়োগ করতে পারে। রাষ্ট্র এ ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। রাষ্ট্র ইচ্ছা করলেই অনেক আইনজীবী নিয়োগ দিতে পারে, কিন্তু এ ক্ষেত্রে ভালো আইনজীবীরা রাষ্ট্রের নির্ধারিত পারিশ্রমিকের কারণে নিয়োগ লাভে আগ্রহী হন না। আমাদের রাষ্ট্রের জীবনে এ ধরনের অনেক অভিজ্ঞতাই আছে। নিম্নমানের পারিশ্রমিকের কারণে অনেক মেধাবী আইনজীবী সরকারি আইন কর্মকর্তা হতে অস্বীকার করেন। উচ্চ আদালতে অ্যাটর্নি সার্ভিসে যাঁরা আছেন, তাঁদের রাষ্ট্র যে পারিতোষিক ও সম্মানী দেয় তা-ও চলমান বাজারের সঙ্গে অসংগতিপূর্ণ। রাষ্ট্র সম্প্রতি যে পারিতোষিক তাঁদের জন্য ঠিক করেছে, সেটিও জীবনমানের সঙ্গে সংগতিপূর্ণ নয়। প্রথাগতভাবে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের দেশে সমগ্র প্রসিকিউশন সরকার তার মনোনীত আইন কর্মকর্তা দিয়ে ঢেলে সাজায়। যদিও এ নিয়োগে রাজনীতির প্রতিফলন থাকে, হয়তো দু-একটি ক্ষেত্রে প্রকৃত যোগ্য লোক নিয়োগ পায় না। তবে এ কথাও সত্য, দলীয় অনেক যোগ্য আইনজীবী যোগ্যতা থাকার পরও সরকারি আইন কর্মকর্তার পদে নিয়োগ লাভে আগ্রহী হন না শুধু নিম্নমানের পারিতোষিকের কারণে। ৮ সেপ্টেম্বর ২০১০-এ সংবিধানের ৬৪ অনুচ্ছেদবলে মহামান্য রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল (টার্মস অ্যান্ড কন্ডিশন) রুলস ১৯৭৩ সংশোধন করে এক প্রজ্ঞাপন জারি করেন। সেখানে সংশোধিত উপবিধি (১) এবং উপবিধি (ক) ও (খ)-তে বলা হয়েছে, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাসিক রিটেইনার ফি ৩৮ হাজার টাকা, বাসাভাড়া ২০ হাজার, কার অ্যালাউন্স ছয় হাজার এবং অফিস অ্যালাউন্স পাঁচ হাজার (মোট ৬৯ হাজার) টাকা প্রাপ্য হবেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল রিটেইনার ফি ৩৩ হাজারসহ মাসিক ৫৯ হাজার টাকা, একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসিক রিটেইনার ফি ২৮ হাজারসহ ৫১ হাজার টাকা এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মাসিক রিটেইনার ফি ২৫ হাজারসহ ৪৫ হাজার টাকা পাবেন। (সূত্র: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এসআরও নং ৩১৪-আইন/২০১০ থেকে এসআরও নং ১৫ দ্বারা প্রজ্ঞাপিত। সেখানে বলা হয়েছে, তাঁরা রিটেইনার ফি পাবেন ১ জুলাই ২০০৯ থেকে, অন্যান্য সুবিধা ১/৭/২০১০ থেকে কার্যকর হবে।) গত দুই দশকে জেলা আদালতগুলোর সরকারি আইন কর্মকর্তারা যে পারিশ্রমিক পান, তার পরিমাণ অবাক হওয়ার মতো কম। সর্বশেষ ১৭ বছর আগে ৩০.৬.৯৩ তারিখে সলিসিটর উইং থেকে এক পত্রে মেট্রোপলিটন ও জেলার আদালতগুলোর সরকারি আইন কর্মকর্তাদের জন্য ফি বৃদ্ধি করা হয়েছিল। তাতে একজন পাবলিক প্রসিকিউটর পূর্ণ দিবস শুনানির জন্য মেট্রোপলিটন এলাকায় ৫০০ টাকা, অর্ধদিবস শুনানির জন্য ২৫০ টাকা; জেলা শহরের পিপি পূর্ণ দিবস শুনানির জন্য ২৫০ টাকা, অর্ধদিবস শুনানির জন্য ১২৫ টাকা পান। এপিপিরা ২০০ এবং ১০০ টাকা হারে প্রাপ্য হন। কর্মদিবস হিসাব করলে গড়ে মাসে ২০ দিন আদালত পরিচালিত হয়। হাকিমরা ছুটিছাটায় গেলে এর পরিমাণ আরও কমে আসে। সে হিসাবে একজন পিপি মাসে ২০ দিনের সম্মানী বাবদ পাঁচ হাজার টাকা প্রাপ্য হন এবং সলিসিটর উইংয়ের ১৫-৩-০৩ তারিখের পরিপত্র বলে মাসিক রিটেইনার ফি প্রাপ্য হন দেড় হাজার টাকা অর্থাৎ মোট সাড়ে ছয় হাজার টাকা। ওই বিল থেকে আবার ভ্যাট ও ট্যাক্স বাবদ ১০ শতাংশ কর্তন করা হয়। একজন পিপি বা জিপি শুধু আদালতেই কাজ করেন তা নয়, এর বাইরে পরবর্তী কর্মদিবসের সব মামলার প্রয়োজনীয় প্রস্তুতির জন্য রাত জেগে কাজ করেন। ফলে একজন পিপি ২৫০ টাকায় দিন-রাত শ্রম দিচ্ছেন, যা শুধু অসংলগ্নই নয়, আইন পেশার জন্য দৃষ্টিকটুও বটে। পাশের দেশ ভারতে একজন পিপি তাঁদের টাকায় (রুপি) মাসিক রিটেইনার ফি পান ৪০ হাজার টাকা এবং প্রতিদিন মামলার কাজের ওপর নির্ভর করে সর্বনিম্ন দুই হাজার এবং সর্বোচ্চ তিন হাজার ৫০০ টাকা প্রাপ্য হন। সে হিসাবে দেখা যায়, পশ্চিমবঙ্গে একজন পিপি মাসে প্রায় এক লাখ রুপি পান। একটি আদালতে যত মামলা থাকে তার প্রায় প্রতিটি রাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করেন পিপি। রাষ্ট্রের বা সরকারের পক্ষে মামলা পরিচালনার কারণে একজন পিপি বা জিপির পক্ষে অন্যত্র নিয়োজিত থেকে আইনি দায়িত্ব পালন করা সম্ভব হয় না। পুলিশের বিভিন্ন মামলায় মতামত দেওয়া ছাড়াও হাইকোর্ট যেসব মামলার রুল ইস্যু করেন বা কারণ দর্শান, তার প্রায় সবই জেলা প্রশাসকের কাছে আসে, মামলায় সংশ্লিষ্ট প্রার্থীর আবেদনের হেতুসমূহের দফাওয়ারি জবাব প্রস্তুত করে পিপি বা জিপিদের প্রেরণ করতে হয়। সেই জবাবের ওপর ভিত্তি করে একজন ডেপুটি বা সহকারী অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষে হাইকোর্টে জবাব দাখিল করেন। এ জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল পান রিটেইনার ফি ২৮ হাজার টাকা, সহকারী অ্যাটর্নি জেনারেল ২৫ হাজার টাকা অথচ একজন পাবলিক প্রসিকিউটর বা জিপি পান মাত্র দেড় হাজার টাকা, যা শুধু হাস্যকরই নয়, তিরস্কারের সমতুল্য (উদ্ধৃতাংশটি তুলনামূলক বিচারের জন্য নয়, বরং বাস্তবতা উপলব্ধির নিমিত্ত)।জেলায় পাবলিক প্রসিকিউটর অফিস খুবই গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের সব মামলায় তার অবাধ ভূমিকা সংরক্ষণ করা হয়েছে ফৌজদারি কার্যবিধিতে। রাষ্ট্রের পক্ষে প্রসিকিউশনকে বিচারিক আদালতসমূহে যে হাজিরা, সময় প্রার্থনা সামান্য সাদা কাগজে করতে হয়, সে কাগজ কেনার মতো কোনো তহবিল প্রসিকিউশন অফিসে নেই। মামলার নথি সংরক্ষণ বা অফিসের জন্য একজন কেরানি, পিয়ন বা দপ্তরি কিছুই নেই। নামমাত্র প্রসিকিউশন অফিস। চৌকিদার থেকে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি থেকে সেনাপতি—সবার বেতন বৃদ্ধি হয়েছে। দেশে বাজারমূল্যের সঙ্গে সরকারি-বেসরকারি সব কর্মকর্তা-কর্মচারীর বেতন বর্ধিত হয়েছে। সাংসদ, মন্ত্রীরা নিজেদের বেতন চাহিদামতো নিজেরাই বাড়িয়ে নিয়েছেন। শুধু বঞ্চিত রয়েছেন সরকারি আইন কর্মকর্তারা। এখনো তাঁরা প্রতিদিন সরকার থেকে পারিশ্রমিক বাবদ যে সম্মানী পান, তা ঢাকা শহরের একজন দিনমজুর বা রিকশাচালকের প্রাত্যহিক আয়ের চেয়ে কম কি না তা ভেবে দেখার জন্য অনুরোধ করি। লেখক আইনজীবী