সরকারি আইনি সহায়তা কীভাবে পাবেন
রোকেয়া (১৭) (ছদ্মনাম) ঢাকার যাত্রাবাড়ীতে থাকে। সে যখন নবম শ্রেণীতে পড়ত, তখন প্রায়ই স্কুলে যাওয়া-আসার পথে এক বখাটে তাকে ভালোবাসার প্রস্তাব দিত। কিন্তু সে রাজি না হওয়ায় একপর্যায়ে তাকে স্কুলে যাওয়ার সময় জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ছেলেটি। রোকেয়ার বাবা ভ্যানচালক। চার ভাইবোনের সংসার তাদের। হতদরিদ্র এই পরিবার যেনছেলেটির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নিতে পারে, সে জন্য তাদের বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়। বিয়ের পর থেকে তার শাশুড়ি, ননদ ও জামাই মিলে রোকেয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। বিয়ের দেড় বছরের মাথায় রোকেয়া যখন পাঁচ মাসের গর্ভবতী, তখন তাকে জোর করে গর্ভপাত করতে নিয়ে যাওয়া হয়। কিন্তু রোকেয়া বাচ্চা নষ্ট করতে দিতে রাজি না হওয়ায় তাকে তার বাবার বাড়িতে রেখে যায়। তার বাচ্চা হয়েছে প্রায় আট মাস চলছে। এখন পর্যন্ত রোকেয়াকে কিংবা তার বাচ্চাকে একবারও দেখতে আসেনি ছেলেটি কিংবা ছেলেটির পরিবার। রোকেয়ার বাবা মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে যোগাযোগ করলে ছেলেটির পরিবার থেকে যৌতুক হিসেবে এক লাখ টাকা দাবি করা হয়। কিন্তু রোকেয়ার বাবার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। এখন রোকেয়ার পরিবার মামলা করতে চায় ছেলেটির বিরুদ্ধে। কিন্তু মামলা পরিচালনা করতে অনেক খরচ লাগে, তাই কী করবেন ভেবে পাচ্ছেন না রোকেয়ার বাবা।অনেক অসহায় দরিদ্র পরিবার আছে, যারা সামর্থ্যের অভাবে মামলা করতে পারছে না। অথচ এমন সহায়সম্বলহীন দরিদ্র মানুষের জন্য দেওয়া হচ্ছে সরকারি খরচে আইনি সহায়তা সেবা। কিন্তু অনেকেই জানেন না, এই বিনা মূল্যে সেবা পাওয়ার কথা। আইনগত সহায়তা প্রদানআর্থিকভাবে অসচ্ছল, অসহায়, সহায়সম্বলহীন দরিদ্র জনগোষ্ঠীকে সরকারি খরচে আইনগত সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’ আইন প্রণয়ন করা হয়। আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ (৬ নম্বর আইন)-এর মাধ্যমে অসহায় ও দরিদ্র জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা দিতে সংস্থার অধীনে দেশের ৬৪টি জেলায় ‘জেলা আইনগত সহায়তা কমিটি’ রয়েছে। এ কমিটি সরকারি খরচে অসহায় ও দরিদ্র মানুষের মামলা পরিচালনা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য কোনো ব্যক্তির মামলা করার প্রয়োজন হলে সরকারি খরচে মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করে; দেওয়ানি, ফৌজদারি, পারিবারিকসহ প্রায় সব ধরনের মামলায় আইনগত সহায়তা দেওয়া হয়; নারী, পুরুষ ও শিশু কেউ যদি টাকার অভাবে মামলা না করতে পারে অথবা বিনা বিচারে কারাগারে আটক থাকে, তাহলে সরকারি খরচে আইনগত সহায়তা দেওয়া হয় তাদের।‘তবে ২০০০ সালে এ আইন পাস হওয়ার পরে ২০০১ সাল থেকে তা কার্যকর হয়। পরবর্তী সময়ে সরকারের পরিবর্তন আসায় কার্যক্রম গতি না পাওয়া, বরাদ্দকৃত অর্থ অব্যয়িত থাকা, পৃথক অফিস না করাসহ অন্যান্য উদ্যোগ কম থাকায় ২০০৮ সাল পর্যন্ত এর তেমন প্রচার ছিল না। ২০০৯ সাল থেকে আবার শুরু হয় দরিদ্র, অসহায় ও অসচ্ছল ব্যক্তিদের আইনি সহায়তা দেওয়ার কার্যক্রম। আবার ১ ডিসেম্বর ২০১১ তারিখে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০১১ বাংলাদেশ জাতীয় সংসদে পাস হয়েছে। আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০-এর ৬ নম্বর আইনে পরিবর্তন এসেছে, যাতে জাতীয় পরিচালনা বোর্ড গঠনে সদস্যদের মধ্যে পরিবর্তন আনা হয়েছে।’ বলছিলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম।আইনি সহায়তা যাঁরা পাবেনদরিদ্র, অসহায় এবং যাঁরা মামলা পরিচালনা করতে অক্ষম, এসব ব্যক্তির মধ্যে—কর্মক্ষম নন, আংশিক কর্মক্ষম, কর্মহীন বা বার্ষিক ৭৫ হাজার টাকার ঊর্ধ্বে আয় করতে অক্ষম এমন মুক্তিযোদ্ধা, বয়স্ক ভাতা পাচ্ছেন এমন কোনো ব্যক্তি, ভিজিডি কার্ডধারী দুস্থ মাতা, পাচারের ফলে ক্ষতিগ্রস্ত নারী বা শিশু, দুর্বৃত্ত দ্বারা এসিডদগ্ধ নারী বা শিশু, আদর্শগ্রামে গৃহ বা ভূমি বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি, অসচ্ছল বিধবা, স্বামী পরিত্যক্ত ও দুস্থ মহিলা, উপার্জনে অক্ষম এবং সহায়সম্বলহীন প্রতিবন্ধী, আর্থিক অসচ্ছলতার কারণে আদালতে অধিকার প্রতিষ্ঠা বা আত্মপক্ষ সমর্থন করতে অসমর্থ ব্যক্তি, বিনা বিচারে আটক এমন ব্যক্তি, যিনি আত্মপক্ষ সমর্থন করার যথাযথ ব্যবস্থা গ্রহণে আর্থিকভাবে অসচ্ছল, আদালত কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল বলে বিবেচিত ব্যক্তি, জেল কর্তৃপক্ষ কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল বলে সুপারিশকৃত বা বিবেচিত ব্যক্তি, আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০-এর উদ্দেশ্য পূরণকল্পে সংস্থা কর্তৃক সময় সময় চিহ্নিত আর্থিকভাবে অসচ্ছল, সহায়সম্বলহীন, নানাবিধ আর্থসামাজিক এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যিনি আর্থিক অসচ্ছলতার কারণে স্বীয় অধিকার প্রতিষ্ঠার মামলা পরিচালনায় অসমর্থ। অসচ্ছল বা আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি বলতে এমন ব্যক্তিদের বোঝাবে, যাঁদের বার্ষিক গড় আয় ৫০ হাজার টাকার বেশি নয়।কোথায় এবং কীভাবে আবেদন করতে হয়সরকারি খরচে আইনগত সহায়তা পাওয়ার আবেদন যেখানে পাওয়া যাচ্ছে:প্রতিটি জেলা জজকোর্টে অবস্থিত ‘লিগ্যাল এইড অফিস’ (আইনগত সহায়তা অফিস), জেলখানা বা কারাগারের কর্মকর্তাদের কাছে, জেলা বা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কার্যালয়, জেলা কমিটির সহায়ক কর্মকর্তা এবং অফিস সহকারীর কাছে; জেলা আদালতগুলোর বেঞ্চ সহকারীর কাছে; জাতীয় মহিলা সংস্থার জেলা ও উপজেলা কার্যালয়ে।যিনি দরখাস্তকারী, তিনি নিজে বা তাঁর মামলা তদারককারী বা তদবিরকারী লিগ্যাল এইড অফিসে সরাসরি আবেদন জমা দিতে পারেন বা দাখিল করতে পারেন। তা ছাড়া কারাগার কর্তৃপক্ষ, ইউনিয়ন/পৌরসভার চেয়ারম্যান বা মেয়র, কমিশনার, সমাজসেবা কর্মকর্তা বা বিভিন্ন এনজিওর কর্মকর্তার মাধ্যমেও আইনগত সহায়তার আবেদনপত্র লিগ্যাল এইড অফিসে পাঠানো যায়।প্রতিটি আবেদনপত্র জেলা আইনগত সহায়তা কমিটির সহায়ক কর্মকর্তা অথবা অফিস সহকারীর কাছে জমা দিতে হয়। আবেদনপত্র জমাদানসহ যেকোনো প্রয়োজনে সহায়ক কর্মকর্তা অথবা অফিস সহকারীর সঙ্গে যোগাযোগ করতে হবে।