সরকারি আট বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গত সাড়ে চার বছরে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে নানা মাত্রায় অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে শিক্ষক-শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। এর মধ্যে আটটি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সমালোচনা ও আন্দোলন পর্যন্ত হয়েছে।রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সদ্যবিদায়ী উপাচার্যের নেতৃত্বে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তা সব বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে গেছে। এই মূল্যায়ন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। এ ছাড়া অনিয়মের জন্য আলোচনায় এসেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।প্রথম আলোর অনুসন্ধান, শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া তদন্ত প্রতিবেদন এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, এসব বিশ্ববিদ্যালয়ে নিয়োগ-অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট উপাচার্যরাই জড়িত ছিলেন বা আছেন।বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এসব বিশ্ববিদ্যালয়ে নিয়োগ-অনিয়মের চেয়েও প্রকট ছিল উপাচার্যদের আর্থিক অনিয়মের বিষয়গুলো। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন ছাপা শুরু হলে চারজন উপাচার্য কয়েক দিনের ব্যবধানে পদত্যাগ করতে বাধ্য হন। মহাজোট সরকারের আমলে উপাচার্যদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলনামূলক কম। কিন্তু নিয়োগ-অনিয়ম ও দলীয়করণের অভিযোগগুলোর প্রায় সবই প্রমাণিত।এসব অনিয়ম প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেন, ‘নিয়োগে অনিয়মের অভিযোগ পেলে আমরা তদন্ত করে সুপারিশসহ সরকারের কাছে প্রতিবেদন পাঠাই। ইতিমধ্যে সে অনুযায়ী কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছে।’কনিষ্ঠ বিশ্ববিদ্যালয়ে শ্রেষ্ঠ দুর্নীতি: ইউজিসির তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সালের অক্টোবরে শুরু হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিয়োগ-অনিয়ম চার বছরে দেশের সব বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে দুর্নীতির দায়ে সদ্যবিদায়ী উপাচার্য মু. আবদুল জলিল মিয়াকে সরিয়ে দেওয়ার সুপারিশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি জরুরি ভিত্তিতে উপাচার্যকে অপসারণ করে সুপারিশের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এরপরই মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ওই উপাচার্যকে সরিয়ে দেওয়া হয়। নতুন উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এ কে এম নূর-উন-নবী। তদন্ত কমিটির কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছরের জানুয়ারি পর্যন্ত জনবলের যে তালিকা দিয়েছে তাতে দেখা যায়, ইউজিসির অনুমোদনের বাইরে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে ১৪৬ জনকে নিয়োগ (অস্থায়ী ও দৈনিক হাজিরাভিত্তিক) দেওয়া হয়। প্রকৃতপক্ষে এই নিয়োগের সংখ্যা প্রায় ৪০০। অতিরিক্ত জনবল নিয়োগের কারণে এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ঘাটতি বাজেটের পরিমাণ তিন কোটি ৮০ লাখ টাকা।তদন্ত কমিটির কাছে উপাচার্য নিজেই স্বীকার করেছেন, মেয়ে, ভাই, আপন ভায়রা, শ্যালিকার মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়েসহ ১১ জন নিকট আত্মীয়কে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে নিয়োগ দিয়েছেন তিনি।আর্থিক লেনদেন: কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত সাড়ে চার বছরে ৯৪ শিক্ষক এবং ১৭১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে দলীয়করণ ও আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এ নিয়ে তীব্র আন্দোলনের মুখে উপাচার্য এম আলাউদ্দিন ও সহ-উপাচার্য মো. কামাল উদ্দিনকে সম্প্রতি সরিয়ে দেয় সরকার।বিশ্ববিদ্যালয়ের সূত্রমতে, ২০১০ সালে বিভিন্ন বিভাগে ৬৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। একই বছর বিজ্ঞাপিত ১০টি পদের বিপরীতে ৫৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। তাঁদের অধিকাংশই কুষ্টিয়া ও ঝিনাইদহের স্থানীয় বাসিন্দা এবং ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা-কর্মী।২০১২ সালের সেপ্টেম্বরে বিজ্ঞাপিত ৯২ পদের বিপরীতে ১১২ কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগে অনিয়মের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয় পাঁচ মাস বন্ধ ছিল।জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি এম এয়াকুব আলী বলেন, সাড়ে চার বছরে বেশির ভাগ নিয়োগে স্বজনপ্রীতি ও আত্মীয়করণ হয়েছে। সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে আর্থিক লেনদেনের অভিযোগ। নতুন উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ‘নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ শুনেছি। ভবিষ্যতে এ ক্ষেত্রে মেধাবীরাই প্রাধান্য পাবেন।’মূল কাজ চাকরিচ্যুতি: সাড়ে চার বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল কাজ ছিল ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা। বিএনপি-জামায়াতের আমলে অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়া এই বিপুল জনবল বাদ দিয়ে সেখানে পছন্দের কিছু জনবল নিয়োগ করে গেছেন সাবেক উপাচার্য শহীদুল্লাহ চৌধুরীর নেতৃত্বাধীন প্রশাসন। সাবেক উপাচার্য এবং সহ-উপাচার্য তোফায়েল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশনে একাধিক মামলা হয়েছে।প্রতিবাদ করেও লাভ হয় না: খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১১ সালের জুনে রসায়ন বিভাগে প্রভাষক নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগ্যতা হিসেবে চাওয়া হয় ভৌত রসায়ন। কিন্তু ফলিত রসায়নে পাস করা এক প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে সাবেক ডিন রেজাউল করিম ঘটনার প্রতিবাদে সভা ছেড়ে বের হয়ে রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দেন।এ ঘটনার পরও ওই মাসের ২১ জুন অর্থনীতি বিভাগে অধিক যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে দলীয় বিবেচনায় কম যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। বিভাগের প্রধান জিয়াউল হায়দার ও ডিন শাহনাজ নাজিমুদ্দিন এর প্রতিবাদে সভা ছেড়ে বের হয়ে যান। তাঁদের আপত্তি উপেক্ষা করেই তিন প্রভাষক নিয়োগ পান।২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি গণিত বিভাগে ছুটিতে থাকা ছয় শিক্ষকের বিপরীতে তিনজন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই বছর ১৭ জুন নিয়োগ বোর্ডে তিন প্রার্থীর বিপরীতে রাষ্ট্রপতির স্বর্ণপদক পাওয়া তিনজন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া ১৬ জন প্রার্থী অংশ নেন। তাঁদের মধ্য থেকে প্রথম স্থান অধিকারীকে নেওয়া হলেও তাঁর সঙ্গে একটি কলেজ থেকে পাস করা ওই বিশ্ববিদ্যালয়ের প্রয়াত সহ-উপাচার্যের স্ত্রীকেও নিয়োগ দেওয়া হয়। এ ঘটনার পর গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ করেন। সিন্ডিকেট সভা থেকে ওই নিয়োগের বিষয়টি আচার্যের সিদ্ধান্তের জন্য পাঠানো হয়।গত ফেব্রুয়ারি মাসে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান গোলাম কিবরিয়া ও ডিন মিজানুর রহমান ভূঁইয়ার আপত্তি উপেক্ষা করে সংখ্যাগরিষ্ঠতার জোরে এক বিতর্কিত প্রার্থীকে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে সিন্ডিকেট সভায় অধিকাংশ সদস্যের আপত্তির মুখে ওই নিয়োগ স্থগিত করা হয়। জানতে চাইলে উপাচার্য ফায়েক উজ্জামান অভিযোগগুলো অস্বীকার করে বলেন, নিয়োগের ক্ষেত্রে সব শর্ত মেনে মেধাবীদের নিয়োগ দেওয়া হয়েছে।অভিযোগ শিক্ষক নেতাদের ঘিরে: গত চার বছরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্তত পৌনে দুই শ শিক্ষক, অর্ধশতাধিক কর্মচারী-কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ-প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করার অভিযোগ রয়েছে আওয়ামীপন্থী একটি পক্ষের বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে।বর্তমান সরকারের প্রথম দিকে নিয়োগে প্রভাব খাটাতেন শিক্ষক সমিতির সাবেক এক নেতা। তাঁর চাপে ইংরেজি বিভাগে তুলনামূলক কম যোগ্য দুজনকে নিয়োগ দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সদস্য বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য প্রশাসনকে চাপ দিয়ে থাকেন। সর্বশেষ তাঁর চাপে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে তুলনামূলক কম যোগ্য প্রার্থীকে নিয়োগ দিতে হয়েছে।আগের উপাচার্যের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ উপাচার্যের চলতি দায়িত্ব পালন করছেন। উপাচার্য পদে যোগ্য শিক্ষক খোঁজা হচ্ছে।পদে পদে নীতিমালা লঙ্ঘন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত চার বছরে শিক্ষক নিয়োগে বিভিন্ন অনিয়ম হয়েছে। ২০০৮ সালের আগস্টে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়া এক শিক্ষক এক বছর আট মাস পরই সহযোগী এবং দুই বছর তিন মাস পর অধ্যাপক হিসেবে নিয়োগ পান। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্যান্য শর্তের পাশাপাশি পিএইচডি ডিগ্রিধারী অভ্যন্তরীণ শিক্ষকদের অধ্যাপক পদে নিয়োগ পেতে হলে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম চার বছর এবং সহযোগী অধ্যাপক হতে হলে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম পাঁচ বছরের শিক্ষকতা করতে হবে। এ ছাড়া শিক্ষাজীবনে দুটি প্রথম শ্রেণী থাকা বাধ্যতামূলক। অথচ ওই শিক্ষকের শিক্ষাজীবনে একটি প্রথম শ্রেণী রয়েছে।গণিত বিভাগের একজন প্রভাষককে নিয়োগের আট মাস পর তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আপগ্রেডেশন নীতিমালার অধীনে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। অথচ তাঁর নিয়োগপত্রে লেখা ছিল, তিনি দুই বছর অবেক্ষাধীন থাকবেন।এভাবেই নিয়মনীতির তোয়াক্কা না করে গত কয়েক বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ প্রায় দুই ডজন শিক্ষককে উচ্চতর পদে সরাসরি নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে সাতজন অধ্যাপক, আটজন সহযোগী অধ্যাপক ও আটজন সহকারী অধ্যাপক। এই বিশ্ববিদ্যালয়ে শাখা কর্মকর্তার নয়টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ২২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।এ ছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে অনিয়মের বিভিন্ন অভিযোগ রয়েছে।জানতে চাইলে ইউজিসির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগের ক্ষেত্রে অনিয়মের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। নিয়োগের ক্ষেত্রে মেধা প্রাধান্য না পেলে উচ্চশিক্ষায় তার নেতিবাচক প্রভাব পড়বে।