সরকারের নিজস্ব কারখানায় কনডম উত্পাদন শুরু হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর আগামী মে-জুন মাস থেকে সরকারি কর্মসূচিতে এই জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহার করবে। সরকারি কর্মকর্তারা বলছেন, দেশে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর উত্পাদন হলে দাতানির্ভরতা কমবে, পাশাপাশি সরবরাহ-সংকটও দূর হবে।বাজারে কমপক্ষে ৮৭ ধরনের (ব্রান্ড) কনডম আছে। অভিযোগ আছে, বাজারের সব কনডম নিরাপদ নয় এবং এসব কনডমের মান দেখারও কেউ নেই। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, দেশে কনডম তৈরি হচ্ছে, এটি একটি বড় ঘটনা। এর ফলে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী নিরাপত্তার (কন্ট্রাসেপটিভ সিকিউরিটি) ক্ষেত্রে দেশ এক ধাপ এগিয়ে গেল।স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন অ্যাসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড (ইডিসিএল), খুলনার কারখানায় এই কনডম তৈরি করছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম কে হুদা প্রথম আলোকে বলেন, কমডম তৈরির মাধ্যমে নতুন একটা যুগের সূচনা হলো। বাংলাদেশ এখন অন্য জন্মনিয়ন্ত্রণ সামগ্রীও তৈরি করার উদ্যোগ নিতে পারে।১৩ জানুয়ারি খুলনা শহর থেকে ১৫ কিলোমিটার উত্তরে গিলেতলার এই কারখানায় গিয়ে দেখা গেল, কর্মকর্তা-কর্মচারীরা কনডম তৈরি ও প্যাকেটজাত করার কাজে ব্যস্ত। তাঁদের দুই কোটি ৬০ লাখ কনডম মে মাসের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে দিতে হবে।জ্যেষ্ঠ মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, প্রতিদিন দেড় লাখ কনডম উত্পাদন হয় এ কারখানায়। কারখানার একাধিক কর্মকর্তা বলেছেন, এ কারখানায় বছরে ১৫ কোটি কনডম উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে (দিনে চার লাখ)। কিন্তু জনবল ও কাঁচামালের (রাবার) স্বল্পতার কারণে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না।চাহিদা: দেশে কনডমের বড় জোগানদাতা প্রতিষ্ঠান সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)। এসএমসির বিপণন বিভাগের প্রধান মাহবুবুর রহমান জানান, দেশে বছরে প্রায় ৩০০ কোটি কনডমের চাহিদা আছে। অর্থাত্ দিনে কনডমের চাহিদা ৮০ লাখের ওপর।সর্বশেষ বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে অনুসারে, কনডমের মোট চাহিদার সাড়ে ৫৬ শতাংশের জোগান দেয় এসএমসি (রাজা, প্যান্থার, সেনসেশন, হিরো)। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহূত হয় প্যান্থার, ২৭ দশমিক ৪ শতাংশ। পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার বিনা মূল্যে বিতরণ করে ২৪ দশমিক ২ শতাংশ কমডম। সরকার দাতাদের অর্থে আন্তর্জাতিক দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে এই কনডম কেনে। ৬ দশমিক ৩ শতাংশ কনডম (ক্যারেক্স, টাইটানিক, টুইন লোটাস, ফিলিংস, গ্রিন লাভ ইত্যাদি) বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বাজারে বিক্রি করে। বাকি প্রায় ১৩ শতাংশ কনডম মানুষ পায় এনজিও বা অন্য উত্স থেকে।মান: জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বাজারজাত করার সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান জরিপ করে দেখেছে, বাজারে কমপক্ষে ৮৭ ধরনের কনডম আছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন, ক্রেতাদের আকর্ষণ করার জন্য কিছু কনডমের প্যাকেটে অশ্লীল ছবি ব্যবহার করা হলেও ওই কনডম নিরাপদ নয়। আন্তর্জাতিক মান অনুযায়ী উত্পাদনের সময় বৈদ্যুতিক প্রবাহ ব্যবহার করে প্রতিটি কনডমের নিরাপত্তা (ছিদ্র আছে কি না) নিশ্চিত করা হয়। বাজারে বিক্রি হচ্ছে এমন বেশ কয়েক ধরনের কনডম উত্পাদনের সময় তা করা হয় না বলে তিনি অভিযোগ করেন। দ্বিতীয়ত, প্রতিটি প্যাকেট চতুষ্কোণ হলে ভেতরে কনডম ভালো থাকে, ছিদ্র হওয়ার আশঙ্কা কম থাকে। কিন্তু বাজারে তিন কোণের প্যাকেটও আছে। এসব কনডম শতভাগ নিরাপদ নয়।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (লজিস্টিক) মো. হোসেন মোল্লা বলেন, সরকার দাতা সংস্থার আর্থিক সহায়তায় আন্তর্জাতিক বাজারের যেসব প্রতিষ্ঠানের কাছ থেকে কনডম কেনে, সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান নিশ্চিত করা হয়। এসএমসির মাহবুবুর রহমান বলেন, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান নিশ্চিত করে কনডম কিনি এবং বাংলাদেশের বাজারে ছাড়ি।’কনডমের মান দেখার জন্য সরকারের নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান নেই। বাংলাদেশ মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের (বিএসটিআই) নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিচালক প্রথম আলোকে বলেন, যেসব পণ্যের মান দেখার জন্য সরকার বিএসটিআইকে দায়িত্ব দিয়েছে, তার মধ্যে কনডম নেই। কনডমের কোনো মানও দেশীয়ভাবে নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, কনডম ওষুধের আওতায় পড়ে না বলে ওষুধ প্রশাসনও এর মান দেখার দায়িত্ব নেয় না।ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, কনডমের মান দেখার দায়িত্ব তাঁদের নয়।