সরকারি এলপি গ্যাসে বছরে ১৫০ কোটি টাকা লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি খাতে দেশে উৎপাদিত তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাস বিপণন প্রক্রিয়ায় প্রতিবছর অন্তত ১৫০ কোটি টাকা লুটপাট হচ্ছে। এর মধ্যে প্রায় ৬০ কোটি টাকা সরকারের দেওয়া ভর্তুকি। বাকি টাকা লুটে নেওয়া হচ্ছে গ্রাহকদের প্রতারিত করে।সরকারি সূত্রগুলো জানায়, দেশে এখন প্রতিবছর এলপি গ্যাসের চাহিদা চার লাখ টনেরও বেশি। এর মধ্যে এক লাখ ২০ হাজার টনের মতো আমদানি করে সিলিন্ডারে ভরে বাজারজাত করছে দেশি-বিদেশি চারটি বেসরকারি কোম্পানি। আর সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে উৎপাদিত হচ্ছে বছরে ২১ হাজার মেট্রিক টন এলপি গ্যাস।বেসরকারি কোম্পানিগুলোর গ্যাসের দাম তারা নিজেরাই নির্ধারণ করে; সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আন্তর্জাতিক বাজারদরের ওঠা-নামা, বিপণন প্রক্রিয়া এবং কোম্পানিগুলোর মুনাফার ভিত্তিতে বেসরকারি কোম্পানিগুলোর প্রতিটি সাড়ে ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম সময়ভেদে এক হাজার ৩০০ টাকা থেকে এক হাজার ৭০০ টাকা পর্যন্ত ওঠা-নামা করে।অন্যদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ইস্টার্ন রিফাইনারি ও কৈলাসটিলায় উৎপাদিত হয় সরকারি খাতের ২১ হাজার টন এলপি গ্যাস। সরকার এ গ্যাসের দাম গ্রাহক-পর্যায়ে নির্ধারণ করে দিয়েছে সাড়ে ১২ কেজির প্রতি সিলিন্ডার ৭০০ টাকা। কিন্তু প্রতি সিলিন্ডার এলপি গ্যাসের উৎপাদনমূল্য তা থেকে অনেক বেশি।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিপিসির চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, সাড়ে ১২ কেজির প্রতি সিলিন্ডার গ্যাসের উৎপাদনমূল্য এক হাজার ১০০ টাকা। সেটা ৭০০ টাকায় বিক্রি করতে গিয়ে সরকার প্রতি সিলিন্ডার গ্যাসে ৪০০ টাকা ভর্তুকি দিচ্ছে। এক টন গ্যাসে সাড়ে ১২ কেজির সিলিন্ডার ভরা যায় ৮০টি। সেই হিসাবে ২১ হাজার টন গ্যাসে সিলিন্ডার ভরা যায় ১৬ লাখ ৮০ হাজার। এর একেকটি সিলিন্ডারে ৪০০ টাকা করে ভর্তুকি দেওয়ায় এ বাবদ বছরে সরকারের ব্যয় হয় ৬৭ কোটি ২০ লাখ টাকা।বিপিসি এবং সরকারি-বেসরকারি অন্যান্য সূত্র জানায়, সরকার ৭০০ টাকা দাম নির্ধারণ করে দিলেও সাধারণ গ্রাহকদের এ গ্যাস কিনতে হয় গড়ে এক হাজার ২০০ টাকায়। তবে এ সরকারি গ্যাস শুধু রাজশাহী ও খুলনা বিভাগে বিক্রি হয়। আর প্রতি সিলিন্ডারে অন্তত ৬০০ টাকা করে বেশি নেয় বিপণন-প্রক্রিয়ায় যুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা। সে হিসাবে গ্রাহকদের কাছ থেকে বছরে ১৬ লাখ ৮০ হাজার সিলিন্ডারে মোট বেশি নেওয়া হয় ৮৪ কোটি টাকা।সরকারের ভর্তুকি এবং গ্রাহকদের কাছ থেকে বেশি নেওয়া এই অর্থের মোট পরিমাণ ১৫১ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে সারা দেশে সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রভাবশালী ব্যক্তিদের কিছু সিলিন্ডার দেওয়া হয় ৭০০ টাকা দামেই। এভাবে বছরে প্রায় ১৫০ কোটি টাকা সরকারি খাতের এলপি গ্যাস থেকে লুটে নিচ্ছে বিপণন-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা। সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, সরকার-নির্ধারিত দামে সরকারি খাতের এলপি গ্যাস যে কখনোই গ্রাহকেরা পায় না, এ কথা সবাই জানে। কিন্তু এ ব্যাপারে সরকার কিছুই করে না। ফলে দীর্ঘকাল ধরে সরকারের ভর্তুকি ও সাধারণ গ্রাহকের পকেটের টাকা অবলীলায় কিছু মধ্যস্বত্বভোগীর পকেটে চলে যাচ্ছে। এ ব্যাপারে সরকারের কোনো নজরদারি বা নিয়ন্ত্রণ নেই। সূত্রগুলো জানায়, সরকার দেশে এলপি গ্যাস সহজলভ্য করা ও দাম নিয়ন্ত্রণের জন্য সরকারি ও বেসরকারি খাতে নতুন কয়েকটি কারখানা স্থাপনের উদ্যোগ নেয় এক বছর আগে। কিন্তু এখন পর্যন্ত এ ক্ষেত্রে কার্যকর কোনো অগ্রগতি নেই।তবে বিপিসির চেয়ারম্যান জানিয়েছেন, মংলায় এক লাখ মেট্রিক টন ক্ষমতার একটি কারখানা স্থাপনের প্রকল্প পরিকল্পনা কমিশন অনুমোদন করেছে। এখন প্রকল্প পরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে। ২০১৪ সালের মধ্যে কারখানাটি চালু করা হবে।