সরকারি কর্মকর্তাদের ডেটাবেস হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব সরকারি কর্মকর্তার তথ্যভান্ডার (ডেটাবেস) তৈরি করা হচ্ছে। প্রাথমিকভাবে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের ডেটাবেস তৈরির কাজ শুরু হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি ক্যাডারের আংশিক ডেটাবেস তৈরি হয়েছে। জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা বলা হয়।কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামান সভাপতিত্বে সভায় কমিটির সদস্য চিফ হুইপ আবদুস শহীদ, এ বি এম গোলাম মোস্তফা, এম এ মান্নান ও জাহানারা বেগম অংশ নেন।সভায় জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোকপ্রশাসন কম্পিউটার কেন্দ্রে (পিএসিসি) সব ক্যাডারের কর্মকর্তার ডেটাবেস তৈরির প্রক্রিয়া চলছে। সভায় সরকারি কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণসহ অন্যান্য চাকরিকালীন প্রশিক্ষণ মডিউলে সংসদীয় কার্যক্রম এবং অন্যান্য জনসংশ্লিষ্ট বিষয় যুক্ত করা হচ্ছে। এসব কাজে তথ্যসহায়ক ব্যক্তি হিসেবে সাংসদসহ জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া কৃষি ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ও বেতন-স্কেল দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান শিকদার এবং কমিটির সচিব ও সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ভীম চরণ রায়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।