দুদক আইন সংশোধন সম্পর্কে সংসদীয় কমিটি
সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরে পূর্বানুমোদনের প্রয়োজন নেই
দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন নেই বলে মনে করে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও তা-ই মনে করেন।তবে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী কমিটি ও অর্থমন্ত্রীর বক্তব্যের সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করেছেন। তিনি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে সরকারের কাছ থেকে পূর্বানুমোদন নেওয়ার বিধান করার প্রস্তাব করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।দুদক আইন সংশোধনের জন্য প্রস্তাবিত আইন যাচাই-বাছাই নিয়ে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে তাঁরা এ মত দেন। আজ রোববার সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।দুদক আইন ২০০৪ সংশোধনের জন্য গত ২৮ ফেব্রুয়ারি সংসদে বিল উত্থাপিত হয়। এতে ৩২(ক) ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, এ আইনের অধীনে জজ, ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে সরকারের পূর্বানুমোদন নিতে হবে। বিদ্যমান আইনে দুদক কর্তৃক সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন হয় না।বৈঠক শেষে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সংবাদ ব্রিফিংয়ে বলেন, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের মামলা দায়েরের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন নেওয়ার প্রস্তাবিত বিধান যৌক্তিক নয় বলে কমিটি মনে করে। অর্থমন্ত্রীও তা-ই মনে করেন। মতিয়া চৌধুরী একটি বাস্তবসম্মত কমিশন চেয়েছেন। এ ক্ষেত্রে যদি সরকারের পূর্বানুমোদন নিতে হয়, সে ক্ষেত্রে দুদকের দরকার নেই। পুলিশই যথেষ্ট।সুরঞ্জিত আরও বলেন, দুদককে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হলে শুধু আর্থিক স্বাধীনতা দিলেই হবে না, এর প্রশাসনিক স্বাধীনতাও দিতে হবে। কার্যকরভাবে পরিচালনার জন্য দুদকের নিজস্ব জনবলের দরকার। এখন তাদের অনেক ক্ষেত্রেই পুলিশের ওপর নির্ভর করতে হয়। দুদক যাতে অত্যাচারী প্রতিষ্ঠান না হয়, সেই ব্যবস্থাও করতে হবে। তিনি জানান, কমিটি আইনটি আরও পর্যালোচনা করবে। বিশ্বের অন্যান্য দেশে এ বিষয়ে যেসব আইন আছে, সেগুলোও দেখবে।সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের বৈঠকে বিশেষ আমন্ত্রণে অর্থমন্ত্রী, আইনমন্ত্রী শফিক আহমেদ, কৃষিমন্ত্রী ও সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মহিউদ্দিন খান আলমগীর যোগ দেন। বৈঠকে কমিটি আইনটি সম্পর্কে তাঁদের মতামত গ্রহণ করে।এ ছাড়া বৈঠকে কমিটির সদস্য আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ রহমত আলী, ফজলে রাব্বি মিয়া, নুরুল ইসলাম, ফজলে নুর তাপস প্রমুখ উপস্থিত ছিলেন।