সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা বা অভিযোগপত্র দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি লাগবে না দুর্নীতি দমন কমিশনের (দুদক)। প্রস্তাবিত দুদক (সংশোধন) আইনে এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে প্রস্তাবিত আইন নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত আইনে বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে।দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইনের খসড়া এখন সংসদীয় কমিটিতে আছে। খসড়ায় বলা আছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা বা অভিযোগপত্র দেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে। নতুন সিদ্ধান্ত আইনে অন্তর্ভুক্ত করা হলে ওই অনুমতির আর দরকার হবে না। গতকালের বৈঠকে আরও দুটি সিদ্ধান্ত হয়েছে বলে জানান আইনমন্ত্রী। এই সিদ্ধান্ত অনুযায়ী, কোনো ব্যক্তি দুর্নীতির মাধ্যমে দেশ-বিদেশে সম্পদ অর্জন করেছে বলে তথ্য পাওয়া গেলে প্রমাণিত হওয়ার আগেই দুদক তা জব্দ করতে পারবে। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা বন্ধক দেওয়া যাবে না। কেউ করলে তা বাতিল হবে। আইনমন্ত্রী বলেন, অন্য আইনে যাই কিছুই থাকুক না কেন, দুর্নীতির মামলা পরিচালনার ক্ষেত্রে দুদকের আইনই প্রাধান্য পাবে। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, সিদ্ধান্তগুলো আইনে অন্তর্ভুক্ত করা হলে দুর্নীতি প্রতিরোধ ও দূর করার ক্ষেত্রে দুদক কার্যকর ভূমিকা রাখতে পারবে। দুদক স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারবে।বৈঠকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।