সরকারি গাছ কাটার কথা স্বীকার করলেন ইউপি চেয়ারম্যান
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনসংলগ্ন সরকারি জায়গা থেকে ৪০টি গাছ কাটার অভিযোগে ১৩ জনকে আসামি করে লোহাগড়া থানায় এজাহার দেওয়া হয়েছে। গত ২০ নভেম্বর রাতে ইতনা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোল্লা মো. হায়দার আলী বাদী হয়ে এ এজাহার দেন। এদিকে এজাহার দেওয়ার প্রতিবাদে ইতনা ইউপি চেয়ারম্যান গত ২৩ নভেম্বর লোহাগড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গাছ কাটার কথা স্বীকার করে বলেন, জনকল্যাণে গাছগুলো কাটা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, বারপাড়া মৌজার ১২৯ দাগের ২ দশমিক ৭২ একর অর্পিত সম্পত্তি থেকে ১৮ নভেম্বর দিনের বেলা আম, দেবদারু, রয়না, লাটিমসহ বিভিন্ন প্রজাতির ৪০টি গাছ কাটা হয়, যার মূল্য ৮০ হাজার টাকা। এতে ইতনা গ্রামের মো. দুলোক, ইকবাল মোল্লা, নেবী সরদার, ইমরান হোসেন, কিবরিয়া শিকদার, রাকিব শেখ, রবিউল শেখ, হবি ফকির, তমাল কুন্ডু, দুখু খাঁ, আহাদ শেখ, ইকতিয়ার মোল্লা, ছলেমান শেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল জানান, থানায় এজাহারের পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। কাটা গাছগুলো স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদের জিম্মায় রাখা হয়েছে। মোল্লা মো. হায়দার আলী জানান, কাটা গাছগুলো সরকারি বাধার মুখে তাঁরা নিতে পারেননি। ইতনা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সংবাদ সম্মেলনে গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ‘আমার নির্দেশেই এ গাছ কাটা হয়েছে। কোনো খারাপ উদ্দেশ্যে নয়, খেলার মাঠ তৈরি করতে এ গাছ কাটা হয়েছে। এগুলো গাছও নয়, আগাছা।’ লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘এজাহার পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা হবে।’