সরকারি গাছ কাটার ব্যাপারে মদদ দেওয়ার অভিযোগ
সরকারি গাছ কাটার মদদ দেওয়ার অভিযোগ উঠেছে খোদ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে। উপজেলা চেয়ারম্যান হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খান বেলায়েত হোসেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, উপজেলার গোপালপুর ইউনিয়নের তাঁর ইন্ধনে একটি অর্ধশত বছরের পুরোনো সরকারি রেইনট্রিগাছ কেটে ফেলার, যার বর্তমান বাজার মূল্য কমপক্ষে ৩০ হাজার টাকা। এ ঘটনাটি ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে। অবশ্য উপজেলা চেয়ারম্যান গাছ কাটার ব্যাপারে তাঁর অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেছেন।জানা গেছে, প্রায় ৫০ বছর আগে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে আলফাডাঙ্গা-গোপালপুর আঞ্চলিক সড়কের গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম নামক স্থানে ওই গাছটি লাগানো হয়েছিল। পরে সড়কটির রক্ষাণাবেক্ষণের দায়িত্ব পায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেমায়েত হোসেন তালুকদার প্রথম আলোকে গাছ কেটে ফেলার ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘গত ২৩ নভেম্বর আমি রাস্তার পাশে সরকারি জায়গায় অবস্থিত ওই রেইনট্রির বড় বড় ডালপালা ছেঁটে ফেলা অবস্থায় দেখতে পাই। আমি গাছ কাটার কাজে যুক্ত কামারগ্রাম এলাকার এবাদত মোল্যাকে গাছ কাটার কারণ জানতে চাইলে সে আমাকে বলে, আমি অনুমতি নিয়েই গাছ কাটছি। অবশ্য সে কার অনুমতি নিয়েছে, তা আমি জানতে চাইনি। ওই গাছটি ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে আমি জানতে পেরেছি।’অনুমতি নেওয়া প্রসঙ্গে এবাদত মোল্যা বলেন, ‘গাছটি আমার জায়গায় পড়েছে বলে আমি সেটি কেটে ফেলার জন্য উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেনের আনুমতি নিয়েছি। তিনি আমাকে মৌখিক অনুমতি দিয়েছেন।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘‘এবাদত মোল্যা উপজেলা চেয়ারম্যানের কাছে গাছটি কাটার জন্য একটি আবেদন করেন। উপজেলা চেয়ারম্যান আবেদনপত্রে ‘প্রয়োজনীয় ব্যাবস্থা নিন’ মর্মে সুপারিশ করে আমার কাছে পাঠান। গাছটি সরকারি বিধায় আমি সে আবেদন নাকচ করে দিই। পরে আমি শুনতে পাই, গাছটি কাটা হচ্ছে। খবর শুনে আমি পুলিশ পাঠাই। পুলিশকে এবাদত মোল্যা জানান, উপজেলা চেয়ারম্যান তাকে গাছ কাটার অনুমতি দিয়েছেন। এরপর আমি এলজিইডির উপজেলা প্রকৌশলী শওকত হোসেনকে তাঁদের মালিকানাধীন গাছটি রক্ষা করতে উদ্যোগ নিতে বলি। কিন্তু তিনিও গাছটি রক্ষা করতে পারেননি।’’এলজিইডির নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উপজেলা পরিষদের স্থানীয় গাছসহ সরকারি সব সম্পদ রক্ষণাবেক্ষণ করার কথা। তারাই যদি গাছ কেটে ফেলে, তাহলে কীভাবে তা রক্ষা করব।’তবে উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি নই, ইউএনও স্বয়ং এ গাছ কাটার অনুমতি দিয়েছেন। হয়তো এখন তিনি তা ভুলে গেছেন। তবে আমি অনুমতি দেইনি। আমি জানি, এ অনুমতি দেওয়ার অধিকার আমার নেই। আমি আগে বোকা ছিলাম কিন্তু এখন বুদ্ধিমান হয়েছি।’