সরকারি গুদামে চাল না দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার
চালকল মালিকেরা সরকারি গুদামে চাল না দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন। চুক্তি অনুযায়ী চাল না দিলে সরকার আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় মেজর অ্যান্ড অটো হাসকিং সমিতির জয়পুরহাটের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সরকারি গুদামে চাল সরবরাহ না করার সিদ্ধান্ত বাতিলের ঘোষণা দেওয়া হয়। সমিতির আহ্বায়ক এ কে এম লায়েক আলী বলেন, সরকারের উচ্চপর্যায়ের আশ্বাসের ভিত্তিতে তাঁরা চাল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক আজ রোববার প্রয়োজনে চালকলের মালিকদের লাইসেন্স বাতিলের ঘোষণা দেন। খাদ্যমন্ত্রী তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, যে চাল এরই মধ্যে কেনা হয়ে গেছে, তার জন্য কোনো অতিরিক্ত অর্থ সরকার থেকে দেওয়া হবে না। চালকল মালিকদের জন্য নতুন কোনো আশ্বাস দেবেন কি না, জানতে চাইলে আবদুর রাজ্জাক বলেন, তাঁদের জন্য কোনো আশ্বাস নেই। তাঁরা সরকারের সঙ্গে যে চুক্তি করেছেন, তা পালন করেই সরকারি গুদামে চাল দিতে হবে।সংবাদ সম্মেলন ও সিদ্ধান্ত প্রত্যাহার: আমাদের জয়পুরহাট প্রতিনিধি জানান, বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কে এম লায়েক আলী আজ রোববার জয়পুরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের জানান, সরকারি গুদামে চাল সরবরাহ না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিষয়টি নিয়ে ঢাকায় কাল সোমবার বৈঠকের আহ্বান জানানো হয়েছে এবং বৈঠকে সন্তোষজনক সমাধান হবে বলে তিনি আশাবাদী। সমাধান না হলে বৈঠক বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।