সরকারি চাকরি ছাড়ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষজ্ঞ চিকিৎসকেরা সরকারি চাকরি ছেড়ে মোটা বেতনে বেসরকারি হাসপাতালে চলে যাচ্ছেন। বেতন ছাড়াও বদলি, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা বেশি গুরুত্ব পাওয়ায় তাঁরা চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন।শুধু ২০১০ সালেই বিভিন্ন মেডিকেল কলেজের ৪৪ জন শিক্ষক চাকরি ছেড়েছেন। গত পাঁচ বছরে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের চাকরি ছাড়ার এই প্রবণতা ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ নিশ্চিত করার পথে বড় বাধা।সূত্র জানায়, দেশের ১৭টি মেডিকেল কলেজে সাড়ে চার হাজার শিক্ষকের (বিশেষজ্ঞ চিকিৎসক) পদ রয়েছে। এর প্রায় অর্ধেক শূন্য। ঢাকা মেডিকেল কলেজে ১৮৩টি পদের বিপরীতে আছেন ৫৪ জন। অন্যান্য মেডিকেল কলেজের পরিস্থিতিও নাজুক। খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী হামিদ আসগর জানান, তাঁর কলেজে ৫০ শতাংশ পদই শূন্য।ঢাকার বাইরে অন্তত ১০টি জেলায় কথা বলে জানা গেছে, সদর হাসপাতালগুলোতে বিভিন্ন বিষয়ে পরামর্শকের (কনসালট্যান্ট) পদ থাকলেও পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক নেই।স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা অপ্রতুল। বেসরকারি হাসপাতালগুলো অনেক বেতন দিয়ে চিকিৎসকদের কিনে নিচ্ছে। বেশি সুবিধা পেলে চিকিৎসকেরা চলে যাবেন, সেটাই স্বাভাবিক। সমস্যা সমাধানে পেশাজীবী ও সরকার দুই পক্ষেরই স্বার্থ সংরক্ষিত হয়, এমন একটা সমাধান খুঁজে বের করতে হবে।চাকরি ছেড়েছেন, এমন বেশ কয়েকজন চিকিৎসক প্রথম আলোকে বলেন, বেসরকারি ব্যয়বহুল হাসপাতালে সুযোগ-সুবিধা বেশি, এটি সত্য। কিন্তু ২০০০ সালের পর থেকে কোনো সরকারই চিকিৎসকদের মেধার গুরুত্ব দেয়নি। বদলি, পদোন্নতি ও পদায়নে রাজনৈতিক পরিচয় মুখ্য হয়ে গেছে। তাই হতাশ ও বাধ্য হয়ে তাঁরা চাকরি ছেড়েছেন।স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা চিকিৎসকদের এই রাজনৈতিক বিভাজনের কথা স্বীকার করেছেন। তাঁরা বলছেন, দলাদলির যে ধারা ২০০০ সালের পর থেকে শুরু হয়েছে, তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েতউল্লাহ বলেন, সরকার বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করছে। বেসরকারি হাসপাতালগুলো তাঁদের নিয়ে নিচ্ছে। বেসরকারি খাতকেও দক্ষ জনশক্তি তৈরিতে উদ্যোগী হতে হবে। একজন চিকিৎসক তৈরিতে সরকারের খরচ সাত থেকে আট লাখ টাকা। সরকারি চাকরিতে থেকে চিকিৎসকেরা বেতন-ভাতা, অন্যান্য সুযোগ-সুবিধাসহ স্নাতকোত্তর পড়াশোনা করেন। সরকার আশা করে, তাঁদের মাধ্যমে সাধারণ মানুষ সেবা পাক।বাংলাদেশে স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট ব্যাপক। এ বছরের ফেব্রুয়ারিতে ব্র্যাক দেশে চিকিৎসকদের সংকট ও অসম বণ্টন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা গেছে, ঢাকায় প্রতি ১০ হাজার মানুষের জন্য ১০ দশমিক ৮ জন চিকিৎসক থাকলেও বরিশালে এই হার ১ দশমিক ১, খুলনায় ১ দশমিক ৩, রাজশাহীতে ২ দশমিক ১ ও সিলেটে ২ দশমিক ২ জন।কারা চাকরি ছেড়েছেন, কেন ছেড়েছেন: গত বছর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়েছেন ১০ জন অধ্যাপক, ১২ জন সহযোগী অধ্যাপক ও পাঁচজন সহকারী অধ্যাপক। আগের বছরগুলোর তুলনায় এই সংখ্যা বেশি। এর আগে ২০০৬ সালে ২২ জন, ২০০৭ সালে ২৮ জন, ২০০৮ সালে ৩১ জন ও ২০০৯ সালে ৩৩ জন চাকরি ছাড়েন।চাকরি ছেড়েছেন এমন বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, প্রধানত ঢাকায় থাকার জন্য তাঁরা সরকারি চাকরি ছেড়েছেন। এ ছাড়া বেসরকারি হাসপাতালের বেতন একটা বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। অনেক চিকিৎসক বলেন, মেডিকেল কলেজে নিয়মিত লেখাপড়া না করেও কেউ কেউ রাজনৈতিক বিবেচনায় উচ্চশিক্ষা কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পান। এতে মেধাবীদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে।স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের চিকিৎসক রায়হান রব্বানী প্রথম আলোকে বলেন, উচ্চতর ডিগ্রি অর্জনের (এফসিপিএস, এমডি) পর পরই তিনি সরকারি হাসপাতাল ছেড়ে প্রথমে অ্যাপোলো ও পরে স্কয়ার হাসপাতালে যোগ দেন। নওগাঁর আত্রাইয়ে চিকিৎসা কর্মকর্তা হিসেবে কয়েক মাস কাজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ঢাকার বাইরে বেশির ভাগ জায়গায় এখনো সপরিবারে থাকার মতো অবকাঠামো গড়ে ওঠেনি। মূলত সে কারণেই তিনি চাকরি ছেড়েছেন।এক প্রশ্নের জবাবে রায়হান রব্বানী বলেন, কোনো কোনো চিকিৎসক সরকারি মেডিকেল কলেজ বা হাসপাতালে থেকে রোগীদের ঠিকমতো সেবা দেন না। সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক—এই পদগুলো অলংকারের মতো ব্যবহার করেন। তিনি তেমনটি চাননি বলেই চাকরি ছেড়ে দিয়েছেন।একই হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক খন্দকার আবু তালহাও ঢাকায় থাকার জন্য চাকরি ছেড়েছেন বলে জানান। তালহা জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটে হূদেরাগ, ওসমানী মেডিকেল কলেজে শল্যচিকিৎসা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরোসার্জারিতে বিশেষ প্রশিক্ষণ, একই বিশ্ববিদ্যালয়ে থেকে নিউরোসার্জারিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং পরে এমসিপিএস ডিগ্রি অর্জন করেন। প্রথম আলোকে তিনি জানান, তাঁর শিক্ষা ও প্রশিক্ষণ যে বিষয়ের ওপর, তা প্রয়োগের জন্য ঢাকাই একমাত্র জায়গা। এ ছাড়া বেসরকারি হাসপাতালগুলোয় অত্যাধুনিক যন্ত্রপাতি আছে।কয়েকজন চিকিৎসক সরকারি চাকরিতে কম বেতনের অভিযোগ তুলেছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক বলেন, তিনি যখন চাকরি ছাড়েন, তখন একজন স্বাস্থ্য কর্মকর্তার বেতন ছিল সাত হাজার ৩০০ টাকা। এখন কিছুটা বেড়েছে, তা-ও এই বৃদ্ধি সন্তোষজনক নয়। উন্নত জীবনযাপনের জন্য সরকারি হাসপাতালের চিকিৎসকদের বাইরের রোগী দেখতে হয়। সারা দিন তাঁরা দম ফেলার সুযোগ পান না। সেদিক থেকে বেসরকারি হাসপাতালে অনেক বেশি সুবিধা।সরকারি-বেসরকারি হাসপাতালের বেতনকাঠামো পর্যালোচনা করে দেখা যায়, কোনো কোনো ক্ষেত্রে সরকারি হাসপাতালের চিকিৎসকদের চেয়ে বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা ১০ গুণ পর্যন্ত বেশি বেতন পাচ্ছেন।সরকারি হাসপাতালগুলোয় সহকারী অধ্যাপকের বেতন ২৯ হাজার ৭০০, সহযোগী অধ্যাপকের বেতন ৩১ হাজার ২৫০ থেকে ৩৩ হাজার ৭৫০ এবং অধ্যাপকের বেতন ৩৫ হাজার ৬০০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত।খোঁজ নিয়ে জানা যায়, ২০০৫ সালের জাতীয় বেতনকাঠামোয় একজন চিকিৎসা কর্মকর্তা পেতেন ১৩ হাজার ৯০ টাকা, সেখান থেকে ২০০৯ সালে এই বেতন বেড়ে দাঁড়ায় ২০ হাজার ৩৭০ টাকা। একইভাবে অধ্যাপকের বেতন ২৩ হাজার থেকে বেড়ে ৪০ হাজার টাকা হয়। কিন্তু রাজধানীর ল্যাবএইড, স্কয়ার, অ্যাপোলো ও ইউনাইটেড হাসপাতালে কাজ করছেন, এমন বিশেষজ্ঞ চিকিৎসকেরা পাস করেই ৫০ হাজার থেকে দেড় বা দুই লাখ টাকা পর্যন্ত উপার্জন করছেন। অধ্যাপকদের কেউ কেউ পাচ্ছেন পাঁচ লাখ টাকারও বেশি বেতন।তবে চাকরি ছেড়েছেন, এমন নবীন চিকিৎসকদের প্রত্যেকেই বদলি, পদায়ন ও পদোন্নতিতে মেধার চেয়ে রাজনৈতিক বিবেচনা বেশি গুরুত্ব পাচ্ছে বলে অভিযোগ করেছেন।ইউনাইটেড হাসপাতালে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজন কার্ডিয়াক সার্জন প্রথম আলোকে বলেন, সরকারি চাকরির পাশাপাশি রোগী দেখে বেশি আয় করা সম্ভব। কিন্তু বদলি নিয়ে চরম হয়রানি তাঁকে সরকারি চাকরি ছাড়তে বাধ্য করেছে। তিনি জানান, বেসরকারি হাসপাতালে চাকরি করায় সাধারণ মানুষকে সেবা করতে না পারার বিষয়টি তাঁকে পীড়া দেয়। এই চিকিৎসক শল্যচিকিৎসা বিষয়ে এফসিপিএস করার পর কার্ডিয়াক সার্জারিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন। তাঁর কাজের ক্ষেত্র ছিল ঢাকার জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট ও চট্টগ্রাম মেডিকেল কলেজে। কিন্তু তাঁকে বদলি করা হয় টাঙ্গাইলের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে রোগীদের প্যারাসিটামল ও হিস্টাসিন দেওয়া ছাড়া আর কোনো কাজ ছিল না।ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র রোগীরা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যে ৫১টি দেশ গুরুতর চিকিৎসক-সংকটে আছে, তার মধ্যে বাংলাদেশ একটি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত সর্বশেষ বুলেটিন (২০১০) অনুযায়ী, দেশে ২০ হাজার ২৩৪টি চিকিৎসকের পদ আছে। এর মধ্যে ১০ হাজার পদই শূন্য।চিকিৎসকদের বদলির ভয়ে চাকরি ছেড়ে দেওয়ার প্রভাব পড়ছে দরিদ্র সাধারণ মানুষের ওপর। বরগুনা জেলা সদর হাসপাতালে শল্যচিকিৎসা, মেডিসিন, চক্ষু, নাক-কান-গলা, স্ত্রী ও প্রসূতিরোগ, অবেদনবিদ্যা, প্যাথলজি, রেডিওলজি, অর্থোপেডিক্স—এ বিভাগগুলোতে নয়জন পরামর্শক থাকার কথা। শুধু চক্ষু বিভাগের একজন জ্যেষ্ঠ পরামর্শক আছেন। শেরপুরে ১০ বছর ধরে মেডিসিনের একজন চিকিৎসকও নেই। পঞ্চগড়ে শুধু হূদেরাগ ও অবেদনবিদ্যা বিষয়ের দুজন বিশেষজ্ঞ আছেন। একই রকম চিত্র ঢাকার বাইরে বেশির ভাগ জেলায়। এসব জেলার দরিদ্র সাধারণ মানুষ রোগে ভুগে কষ্ট পান। বিত্তশালীরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রশীদ-ই-মাহবুব বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসকদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। স্থানীয়ভাবে চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিলে চিকিৎসকদের সুবিধা হয়, সাধারণ মানুষও সেবা পায়।কিডনি অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটের নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক প্রথম আলোকে বলেন, তিনি ক্ষমতাসীন সরকারের মতাদর্শে বিশ্বাসী। আগে সক্রিয় রাজনীতি করতেন। তিনি মনে করেন, যেভাবে পদোন্নতি, বদলি ও পদায়ন চলছে, সেভাবে কোনো দেশের স্বাস্থ্য খাত চলতে পারে না। এক সময় বিএনপি-সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) একজন ব্যক্তি সবকিছুর নিয়ন্ত্রণ করতেন। এখন স্বাচিপের অসংখ্য দরবেশ, মোয়াজ্জিন গজিয়েছে। তাদের তোষামোদ করে চলা কোনো সুস্থ, শিক্ষিত, ব্যক্তিত্বসম্পন্ন চিকিৎসকের পক্ষে সম্ভব নয়। তিনিও চাকরি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।