সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ করার পরামর্শ
সরকারি চাকরিতে সাধারণ প্রার্থীদের আবেদনের বয়সসীমা ৩২ বছর করার বিষয়টি পরীক্ষা করে প্রতিবেদন দিতে পরামর্শ দেওয়া হয়েছে। আজ রোববার সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ পরামর্শ দেওয়া হয়। কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সদস্য মোহাম্মদ বরকতউল্ল¬াহ বুলু, এ বি এম গোলাম মোস্তফা, মোহাম্মদ আবু তালহা ও জাহানারা বেগম সভায় অংশ নেন। সভায় গত ৮ এপ্রিল অনুষ্ঠিত কমিটির ২০তম বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন ও তার ওপর আলোচনা হয়। সভায় বর্তমান অবস্থার প্রেক্ষাপটে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষা পাসের বিধান করাসহ তৃতীয় শ্রেণীর সাধারণ ও কারিগরি পদে জনবল নিয়োগ-প্রক্রিয়ার যোগ্যতা যুগোপযোগী করার খসড়া আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। সভায় অফিস সহকারী/অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের বেতনবৈষম্য দূরীকরণ এবং সিলেকশন গ্রেড কার্যকর করা যায় কি না তা পরীক্ষা-নিরীক্ষা করে আগামী বৈঠকে প্রতিবেদন দিতে বলা হয়।সভায় শুধু মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের উপসহকারী প্রকৌশলীদের ন্যায় দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ও ১০ নম্বর গ্রেড দেওয়া যায় কি না তা পরীক্ষা-নিরীক্ষা করে আগামী বৈঠকে প্রতিবেদন দাখিলের পরামর্শ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান সিকদার, কৃষি মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (মানবসম্পদ) ও কমিটি সচিব ভীমচরণ রায়সহ সংশ্লি¬ষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।