সরকারি চার ব্যাংককে শেয়ার কেনার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপতন ঠেকাতে সরকারি মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক—সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংককে বাজার থেকে শেয়ার কেনার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) শেয়ার কেনার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গতকাল মঙ্গলবারই আইসিবিকে অর্থ দেওয়া হয়। শেয়ারবাজারে দিনের লেনদেন শুরুর আগেই গতকাল ব্যাংকগুলোকে এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে খবরটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, এই পাঁচ প্রতিষ্ঠান পৃথকভাবে মোট ২৭ কোটি টাকার শেয়ার কিনেছে। প্রস্তুতি থাকলেও মূল্যসূচক বেড়ে যাওয়ায় আর কোনো শেয়ার কেনেনি প্রতিষ্ঠানগুলো।টানা দরপতনে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অব্যাহত বিক্ষোভ, ভাঙচুর, অবরোধ থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত সোমবার রাতে নিয়ন্ত্রক সংস্থা এসইসির কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকেই সরকারি ব্যাংকগুলোকে দিয়ে শেয়ার কেনানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বর্তমান সরকারের সময়েই ২০০৯ সালের ১১ ফেব্রুয়ারি বাজারের দরপতন ঠেকাতে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার কয়েক দিন পর থেকেই শেয়ারবাজারে চরম মন্দা পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময় কোনো কিছুতেই বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত এসইসির তৎকালীন চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীর পরামর্শে অর্থমন্ত্রী সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক এবং সাধারণ বীমা করপোরেশনকে শেয়ার কেনার নির্দেশ দেন। একই ধরনের নির্দেশ দেওয়া হয় আইসিবিকেও। আর পুরো বিষয়টি সমন্বয়ের দায়িত্ব দেওয়ার হয়েছিল আইসিবির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও এসইসির বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারকে। ওই সিদ্ধান্তের প্রভাবে পরের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় ১২২ পয়েন্ট বা ৫ শতাংশের বেশি বেড়েছিল। কিন্তু সেই জন্য প্রতিষ্ঠানগুলোকে খুব বেশি শেয়ার কিনতে হয়নি। এবারও দরপতন ঠেকাতে সেই অভিজ্ঞতাকেই কাজে লাগানো হবে।