সরকারি চিকিৎসকদের বদলি নিয়ে যাচ্ছেতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল খায়ের ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০০৯ সালে আইলা-উপদ্রুত এলাকায় জরুরি মেডিকেল টিমে যোগ না দেওয়ায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে স্বাস্থ্য অধিদপ্তর। পরবর্তী দুই বছর রাজধানীর স্কয়ার হাসপাতালে ইউরোলজি বিভাগে চাকরি করেন তিনি। গত মাসে আবুল খায়েরকে সরকারি চাকরিতে ফিরিয়ে এনেছে সরকার। তিনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপকের (চলতি দায়িত্ব) পদে কাজ করছেন।মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফজলে রাব্বীকে গত বছরের ২৬ অক্টোবর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে বদলি করা হয়। তিনি কাজে যোগ দিতে পারেননি। তাঁর পদে পাথালিয়া উপস্বাস্থ্যকেন্দ্রের মো. আহমেদ সাইফুল জব্বার যোগ দেন। ফজলে রাব্বীকে অন্য কোথাও নিয়োগও দেয়নি সরকার। ছয় মাস ধরে বিনা বেতনে তিনি পথে পথে ঘুরছেন।অভিযোগ উঠছে, দুটো ঘটনার পেছনে আছে আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক স্বাচিপের সভাপতি।স্বাস্থ্য অধিদপ্তরে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে স্বাচিপের প্রভাবের কথা স্বীকার করেছেন অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ। প্রথম আলোকে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী ড্যাব (বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন) বানিয়ে চিকিৎসকদের মধ্যে যে বিভক্তি তৈরি করে গেছেন, তার ধারা এখনো অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ-সমর্থক, বামপন্থী সংগঠনের সমর্থক ও জামায়াত সমর্থক—প্রত্যেকের আলাদা সংগঠন তৈরি হয়েছে।স্বাচিপের মহাসচিব ইকবাল আর্সলান ১২ এপ্রিল প্রথম আলোকে বলেন, এসব বদলির বিষয়ে তিনি অবগত নন। তিনি এও বলেন, মন্ত্রণালয়ের কাছে হালনাগাদ তথ্য না থাকার কারণে হয়তো এসব ভুল হচ্ছে।প্রেষণ জটিলতা: গত ১৫ মার্চ এক আদেশে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেষণে কর্মরত ২২ জন চিকিৎসককে প্রত্যাহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে কিশোরগঞ্জের যে সাতজন বিভিন্ন হাসপাতালে কর্মরত ছিলেন, তাঁদের প্রেষণও বাতিল করে মন্ত্রণালয়। তাঁদের মধ্যে নাসরিন আক্তার (শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মরত), হাবুিবল হাই মাসুদ ( ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল), রফিকুল ইসলাম (ময়মনসিংহ মেডিকেল কলেজ) ও এস এম শফিকুল আলম (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) এখনো কিশোরগঞ্জে ফিরে আসেননি। কিশোরগঞ্জের সিভিল সার্জন দীন মোহাম্মদ প্রথম আলোকে বলেন, সেখানে কমপক্ষে ৬৩ জন চিকিৎসক দরকার।মেডিকেল অফিসারের স্বল্পতার জন্য অনেক জায়গায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্রকল্প পরিচালক মণিমোহন সাহা জানান, বহির্বিভাগে তাঁরা রোগীর চাপ সামলাতে পারছেন না। সুনামগঞ্জ সদর হাসপাতাল সূত্র জানায়, ২৫০ শয্যার এই হাসপাতালে ৬৪ জন চিকিৎসক দরকার। আছেন ছয়জন।রাজধানী ঢাকার চিত্র ঠিক উল্টো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন সূত্র জানায়, অনুমোদিত পদের বাইরে ৬০ জন মেডিকেল অফিসার এখানে সংযুক্তিতে আছেন। অনুমোদিত সহকারী অধ্যাপকের পদ ৭৯টি। নিয়মিত পদে ১৯ জন থাকলেও চলতি দায়িত্বে আছেন ৮১ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজে অনুমোদিত পদ ৫৯টি। এর মধ্যে নিয়মিত মাত্র তিনজন। ওএসডি ও সংযুক্তিতে আছেন ৬১ জন। একাধিক সূত্র বলছে, স্বাচিপের কারণে ঢাকাতে বা নিজেদের পছন্দমতো হাসপাতালে সংযুক্তিতে থাকতে পারছেন চিকিৎসকেরা।বদলি স্বাচিপের হাতে: অনুসন্ধানে জানা যায়, সিরাজুন নূর গত বছরের ২৪ মে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি বিভাগে কাজ করছেন। ঠিক এর আগের ১৩ মাস তিনি তাঁর কর্মস্থল কক্সবাজারের পেকুয়ায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অনুপস্থিত ছিলেন। মূলত সরকারি আদেশ অমান্য করে পেকুয়া স্বাস্থ্যকেন্দ্রে যোগদানই করেননি তিনি। এখন সরকারি আদেশে বলা হচ্ছে, ওই ১৩ মাসকে কাজে যোগদানের অপেক্ষমাণ কাল হিসেবে গণ্য করা হবে।কাগজপত্রে দেখা যায়, স্বাচিপের ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতাদের সুপারিশে চট্টগ্রাম মেডিকেল কলেজে বদলি হয়ে এসেছেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তপন ভট্টাচার্য, শিরিন আক্তার খানম ফটিকছড়ি থেকে, সালেহউদ্দিন আহমেদ বান্দরবান থেকে এবং নার্গিস রোজেলা হাটহাজারী থেকে।রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অবেদনবিদ মোহাম্মদ হারুন-অর-রশিদ, রাউজান থেকে আফরোজা গণি এবং হাটহাজারী থেকে সত্যজিৎ ধরকে চট্টগাম মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করে আনায় উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা বাধাগ্রস্ত হবে—এই আশঙ্কা প্রকাশ করে চট্টগ্রামের সিভিল সার্জন আবু তৈয়ব স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বরাবর চিঠি দেন। চিঠিতে তিনি পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ ও সাংসদ আনিসুল ইসলাম মাহমুদের সুপারিশের কথাও উল্লেখ করেন। কিন্তু কাজ হয়নি।জেলা স্বাচিপের আহ্বায়ক শফিউল আযম তাঁদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন।কোথাও কোথাও কাজে যোগ দিতে গিয়ে স্বাচিপের বাধা পাচ্ছেন চিকিৎসকেরা। মানিকগঞ্জের উথলি উপস্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন মো. নাসিরউদ্দীনকে গত ৩ ফেব্রুয়ারি কুমিল্লা মেডিকেল কলেজে ইউরোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে বদলি করে মন্ত্রণালয়। এক মাসেরও বেশি চেষ্টা করেও তিনি কর্মস্থলে যোগ দিতে পারেননি। পৃথক পরিপত্রে ১৫ মার্চ প্রদ্যুৎ কুমার সাহাকে সেখানে যোগ দিতে বলা হয়। একই পরিপত্রে মো. নাসিরউদ্দীনকে বলা হয়েছে, তিনি ফার্মাকোলজি পদের বিপরীতে বেতন-ভাতা তুলবেন।প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন চট্টগ্রামে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রণব বল, কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল হক মোল্লা।