সরকারি চিনির দাম বাড়ল কেজিতে সাত টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি চিনি মিলগুলোর সঙ্গে পাল্লা দিয়ে এবার সরকারি চিনির মিলগেট ও গুদাম-মূল্য বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা। সংস্থাটি প্রতি কেজিতে চিনির দাম বাড়িয়েছে সাত টাকা। গত সোমবার থেকে নতুন এই দর কার্যকর করা হয়েছে।নতুন দরের ফলে সংস্থাটির ডিলারদের এখন থেকে ৬০ টাকায় চিনি কিনতে হবে। তবে এই চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেয়নি সংস্থাটি। কর্মকর্তারা বলছেন, সরকার-নির্ধারিত দর ৬৫ টাকার ভেতরেই তাঁদের বিক্রি করতে হবে।বেসরকারি মিলমালিকেরা চিনির মূল্য বাড়ানোর জন্য প্রস্তাব পাঠালেও এতে এখনো সাড়া দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। সরকারি সিদ্ধান্তের তোয়াক্কা না করে তাঁরা মিলগেট-মূল্য বাড়িয়ে ৬৪ টাকা নির্ধারণ করেন। বাজারে এই দরের চেয়ে কম দামে চিনি বিক্রি হওয়ায় দু-একটি বেসরকারি মিল থেকে ৬৪ টাকার কমে পরিবেশকদের চিনি দিচ্ছে বলে জানা গেছে।চিনি ও খাদ্য শিল্প সংস্থার সচিব ফেরদৌস বেগম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, সরকারি চিনিকলগুলোতে উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখেই চিনির দাম বাড়ানো হয়েছে।এদিকে, আন্তর্জাতিক বাজারেও চিনির দাম বেশ কমেছে। জানা যায়, গত ১ আগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দুই মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দাম কমেছে টনপ্রতি ১১০ ডলার। একই সময়ে পরিশোধিত চিনির দাম কমেছে টনপ্রতি ১৪৬ ডলার। এ অবস্থায় সরকারি চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত যুক্তিযুক্ত নয় বলে মনে করছেন চিনির ব্যবসায়ী ও পরিবেশকেরা।চিনি ও খাদ্য শিল্প সংস্থা সূত্র জানায়, সরকারি চিনিকলগুলোতে উৎপাদন ব্যয় অনেক বেশি; প্রতি কেজিতে ৭৭ টাকা। গত বছর ছিল ৮০ টাকা। উৎপাদন খরচ বেশি হওয়ার পরও সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে এত দিন সরকারি চিনি বিক্রি হচ্ছিল ৫৩ টাকা কেজি দরে। তাই সংস্থাটির লোকসানের পরিমাণও ছিল বেশি। তা ছাড়া সংস্থাটি এবার বেশ কিছু চিনি সরাসরি আমদানি করেছে। ওই চিনির খরচ পড়েছে ৫৯ টাকা।বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, দেশে এখন চিনির বার্ষিক চাহিদা ১৪ লাখ টনের বেশি। করপোরেশন বলছে, এ বছর সরকারি চিনিকলগুলো থেকে উৎপাদিত মোট চিনির পরিমাণ এক লাখ ৯৬২ হাজার টন, অর্থাৎ সরকারি কলে উৎপাদিত চিনি দিয়ে কোনোরকমে এক মাসের চাহিদা মেটানো সম্ভব।বাজারে ক্রেতা কম, মিলগেটেও কম দামে বিক্রি: বিভিন্ন পরিশোধনকারী মিলের পরিবেশক ও রাজধানীর মৌলভীবাজারের ব্যবসায়ীরা বলেন, মৌলভীবাজারে গতকাল ৬১ থেকে ৬২ টাকা কেজি দরে চিনি বিক্রি হয়েছে। তাঁরা বলছেন, ভারত থেকে চিনি আমদানি হওয়ায় বাজারে চিনির সরবরাহ ভালো। এই মজুদ দিয়ে এক মাসের চাহিদা মেটানো যাবে। মজুদ শেষ হলেই বাজারে সংকট শুরু হবে। তখন বেসরকারি মিলগুলোর কাছে ধরনা দিতে হবে।সূত্র জানায়, বেসরকারি মিলগুলো মিলগেট থেকে চিনি সংগ্রহের দর ৬৪ টাকা করায় পরিবেশকেরা তাদের কাছ থেকে চিনি কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। সে কারণে দু-একটি মিল থেকে ৬২ টাকা দরেও পরিবেশকদের কাছে চিনি বিক্রি হয়েছে।টিসিবির উদ্যোগ: এখন থেকে প্রতি মাসের ৩ থেকে ১০ তারিখ পর্যন্ত রাজধানীর ৩০টি নির্ধারিত স্থানে খোলা ট্রাকে করে চিনি বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সঙ্গে ভোজ্যতেল ও মসুর ডালও বিক্রি হবে। ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রমের বাইরে এসব পণ্য বিক্রি করা হবে।টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আগামী মাস থেকেই এ কার্যক্রম আমরা শুরু করব। খাদ্য বিভাগের ট্রাকগুলো যেখানে থাকে, এর আশপাশেই আমাদের ট্রাকগুলো থাকবে।’