তেজগাঁও, সাভার ও জিনজিরায় জালিয়াতি করে জমি আত্মসাৎ
সরকারি জমি উদ্ধারে কঠোর হচ্ছে প্রশাসন
বেহাত হয়ে যাওয়া সরকারি খাসজমি উদ্ধারে কঠোর হচ্ছে সরকার। ঢাকার তেজগাঁও, সাভারের কবিরপুর ও কেরানীগঞ্জের জিনজিরায় সরকারি সম্পত্তি ব্যক্তিমালিকানায় নেওয়ার গুরুতর নিরীক্ষা আপত্তি ও জালিয়াতির অভিযোগ পেয়েছে সরকার। এসব এলাকায় প্রায় ৮০০ একর জমি ব্যক্তিমালিকানায় রেকর্ড দেখিয়ে সরকারের প্রায় ৩২৯ কোটি টাকার আর্থিক ক্ষতি করা হয়েছে। সরকারি জমি আত্মসাতে নথিপত্র ও খতিয়ানে জালিয়াতি করা হয়েছে বলে নিরীক্ষা প্রতিবেদনে বের হয়ে এসেছে। এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ঢাকার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভূমিমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব গতকাল এ বিষয়ে জরুরি বৈঠক করেন। বৈঠক থেকে জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সরকারি জমি সরকারের মালিকানায় ফিরিয়ে আনতে নথিপত্র হালনাগাদ করারও সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি যেসব জমি ব্যক্তিমালিকানায় দিয়ে দেওয়া হয়েছিল, তাদের নথিপত্র বাতিল করে গেজেট আকারে প্রকাশের নির্দেশ দেওয়া হয়। পুরো বিষয়টি তদারকির জন্য একজন যুগ্ম সচিবকে প্রধান করে একটি কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।জানতে চাইলে ভূমিসচিব আতাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ওই তিন এলাকায় প্রচুর পরিমাণে সরকারি খাসজমি বেহাত ও জালিয়াতির তথ্য পাওয়া গেছে, যা অবিশ্বাস্য। এসব এলাকায় সরকারের প্রচুর টাকা বিনিয়োগ রয়েছে, যে কারণে এদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাচ্ছি। কোনো অবস্থায়ই দোষীদের ছাড় দেওয়া হবে না।’সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার তেজগাঁও শিল্প এলাকা মৌজার আরএস রেকর্ডভুক্ত সরকারি মালিকানাধীন ১৩০, ৩৯৩, ২৫০, ৪৬৮, ৯২, ৪১৯ খতিয়ানের ৩২ একর জমি জাল করে ব্যক্তিমালিকানায় নথিপত্র দেখিয়ে সরকারের প্রায় ৩২০ কোটি টাকা আর্থিক ক্ষতি করা হয়েছে। জানা গেছে, রেকর্ড ভলিউম থেকে মূল পাতা সরিয়ে বাইরে থেকে ছাপানো জাল খতিয়ানের পাতা সংযুক্ত করে তেজগাঁও মৌজায় দুই একর জমি ব্যক্তিমালিকানায় নথিভুক্ত করা হয়। সূত্রমতে, ২০০৪ সালে সরকারি রেকর্ড ভলিউম খুলে সেখান থেকে ১ নম্বর খাস খতিয়ানের মূল পাতা সরিয়ে ফেলা হয় এবং জাল করে ছাপানো পাতা যুক্ত করা হয়।একই ধরনের ঘটনা ঘটেছে সাভার ও কেরানীগঞ্জ এলাকাও। সাভারের কবিরপুর মৌজায় আরএস রেকর্ডভুক্ত ১ নম্বর খাস খতিয়ানের ১৩৫০ দাগে ১৬ দশমিক ৭৮ একর সরকারি সম্পত্তি ব্যক্তিমালিকানায় রেকর্ড ও দাখিল প্রদান করে খাজনা আদায় করা হয়েছে। এর ফলে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে এক কোটি ১৭ লাখ ৪৬ হাজার টাকা। কেরানীগঞ্জের জিনজিরা মৌজায় আরএস রেকর্ডভুক্ত শিল্প মন্ত্রণালয়ের ২ নম্বর খতিয়ানের ২০২, ২০৬ দাগের ৭২০ একর সম্পত্তি বেআইনিভাবে ১১৮ জনের নামে নামজারি করে হোল্ডিং খুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে সরকারের সাত কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে।প্রতিটি বিষয়ই ভূমি মন্ত্রণালয়ের নিরীক্ষা দলের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। সূত্র মতে, জালিয়াতি করা সব সম্পত্তিই ব্যক্তিমালিকানায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কর্মকর্তাদের যোগসাজশে এভাবে সরকারের শত শত একর জমি বেহাত করা হয়েছে। সরকারি জমি আত্মসাৎ এবং একজনের জমি আরেকজনের নামে নামজারি করে দেওয়ায় বেশির ভাগ ঘটনায় মূলত কানুনগো ও নামজারি সহকারীরা জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। সূত্র জানিয়েছে, এসব জমি বেহাত করার পেছনে কিছু প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছেন। যে কারণে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।বিষয়টি তদারকের জন্য দায়িত্বপ্রাপ্ত উপসচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, সরকারি জমি সরকারের কাছে ফিরিয়ে দিতে যা যা করা দরকার, সরকার তা-ই করবে। তিনি বলেন, নিরীক্ষা প্রতিবেদনগুলো এত দিন ফেলে রাখা হয়েছিল, যে কারণে কারও বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এখন ভূমিসচিবের নির্দেশে এগুলো খুঁজে বের করা হচ্ছে। এর আগেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমি কর্মকর্তাদের যোগসাজশে সরকারের শত শত একর জমি প্রভাবশালীদের মালিকানায় চলে গেছে। সরকারি জমি আত্মসাৎ এবং একজনের জমি আরেকজনের নামে নামজারি করে দেওয়ার বেশির ভাগ ঘটনায় মূলত কানুনগো ও নামজারি সহকারীরা জড়িত থাকেন। ভূমি মন্ত্রণালয়ের এমন অসংখ্য নিরীক্ষা প্রতিবেদন রয়েছে। এবার এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে সরকার।