সরকারি জমি ও খালে হলমার্কের ভবন
ঢাকা জেলা পরিষদের জমি ইজারা নেওয়ার জন্য আবেদন করেছিল হলমার্ক গ্রুপ। কিন্তু ইজারা পাওয়ার আগেই তা দখল করে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, ওই জমির সঙ্গে জেলা প্রশাসনের একটি খালের কিছু অংশও তারা দখল করে। সেখানে ভবন ও সীমানাপ্রাচীর নির্মাণ করেছে তারা। ঢাকা জেলা পরিষদ সূত্র জানায়, গত জানুয়ারিতে সাভারের তেঁতুলঝোরা এলাকায় জামুর ক্ষিদ্রপতি মৌজায় জেলা পরিষদের প্রায় ১৭ শতাংশ জমি ইজারার জন্য আবেদন করে হলমার্ক গ্রুপ। এই জমি ইজারা দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখতে গত মার্চে পরিদর্শনে যান জেলা পরিষদের কর্মকর্তারা। সেখানে তাঁরা হলমার্ক গ্রুপের দখলের প্রমাণ পান। ওই জমির পাশেই জেলা প্রশাসনের মালিকানাধীন তেঁতুলঝোরা খাল ও জলাভূমি। জেলা পরিষদের জমি এবং জেলা প্রশাসনের খাল ও জলাভূমি দখল করে হলমার্ক গ্রুপ তিনতলা ভবন ও সীমানপ্রাচীর নির্মাণ করেছে। দখলের প্রমাণ পেয়ে গত ৩১ জুলাই জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড পল খন্দকার হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে নোটিশ দেন। এতে ১০ আগস্টের মধ্যে ওই জমি দখলমুক্ত করতে নির্দেশ দেওয়া হয়।ওই চিঠিতে বলা হয়, ‘সাভার উপজেলার জামুর ক্ষিদ্রপতি মৌজার দুই নম্বর খতিয়ানের ২৮ নম্বর দাগের ১৬ দশমিক ২০ শতাংশ জমি আপনি অবৈধভাবে সীমানাপ্রাচীরসহ স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছেন।’ এর আগে সরকারি ওই জমি দখলের ঘটনা তদন্ত করেন জেলা পরিষদের জরিপকারী সাইফুল ইসলাম। তিনি গত ৯ মার্চ জেলা পরিষদের প্রশাসকের কাছে দেওয়া প্রতিবেদনে তাঁদের জমিতে অবৈধ দখলের বিষয়টি নিশ্চিত করেন।এ ব্যাপারে ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলা গত বুধবার প্রথম আলোকে বলেন, শিগগিরই ওই অবৈধ স্থাপনা ও জমি উদ্ধারে ম্যাজিস্ট্রেট চাওয়া হবে। জরিপকারী সাইফুল ইসলাম জানান, জেলা পরিষদের জমির পাশেই জেলা প্রশাসনের মালিকানাধীন খাল ও জলাভূমি রয়েছে। অবশ্য ওইখানে জেলা প্রশাসন তাদের জমি হলমার্ক গ্রুপ দখল করেছে কি না, সেটা জানেই না। জানতে চাইলে ঢাকা জেলা প্রশাসক মুহিবুল হক প্রথম আলোকে বলেন, অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে।জানতে চাইলে হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদ বলেন, এ ব্যাপারে পরে কথা বলবেন। কিন্তু পরে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।