সরকারি জমি দখলের অভিযোগে হল-মার্ক এমডির শ্যালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীরের শ্যালক আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। বহুল আলোচিত হল-মার্ক গ্রুপের দখলে থাকা প্রায় ১১ একর সরকারি সম্পত্তি উদ্ধার অভিযানের পর আজ শুক্রবার তা আবারও দখলে নেওয়ার চেষ্টার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সরকারি আদেশ অমান্যের অভিযোগ আনা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে সাভারে হল-মার্কের শিল্পপার্ক এলাকায় সরকারি রাস্তার ওপর হল-মার্কের নিরাপত্তার কাজে নিয়োজিত আনসারদের জন্য নির্মিত একটি ঘর, একতলা দুটি আধাপাকা ভবন ও দুটি শৌচাগারসহ পাঁচটি স্থাপনা গুঁড়িয়ে দেয় স্থানীয় প্রশাসন। আজ সকাল নয়টার দিকে আবদুর রাজ্জাক লোকজন নিয়ে ওই সরকারি রাস্তার ওপর আবারও প্রাচীর নির্মাণ করতে থাকেন। খবর পেয়ে সাভার থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম সরদার ঘটনাস্থলে গিয়ে রাজ্জাককে গ্রেপ্তার করেন। এ সময় অন্যরা পালিয়ে যায়। তবে প্রথম দিকে রাজ্জাককে গ্রেপ্তারের বিষয়টি পুলিশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলে জানা গেছে।আজ সকালে মুঠোফোনে এসআই শহীদুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে রাজ্জাককে গ্রেপ্তারের কথা অস্বীকার করেন এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তি রাজ্জাক নন, বাবুল হোসেন বলে জানান। পরে বেলা একটার দিকে আবারও যোগাযোগ করা হলে জানান, বিষয়টি নিয়ে তিনি চাপের মধ্যে আছেন। সন্ধ্যা সাতটার দিকে শহীদুল ইসলামের সঙ্গে আবারও যোগাযোগ করা হলে রাজ্জাককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর বিরুদ্ধে সরকারি আদেশ অমান্যের অভিযোগে মামলা হয়েছে। রাজ্জাক তানভীরের শ্যালক বলেও নিশ্চিত করেন তিনি।জনতা হাউজিং লিমিটেডের কয়েকজন প্লটমালিকসহ স্থানীয়রা জানান, হল-মার্ক কর্তৃপক্ষ সরকারি রাস্তার ওপর প্রাচীর নির্মাণ করে জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছিল। উচ্ছেদ করার পর আজ আবার হল-মার্ক কর্তৃপক্ষ সেখানে পুনরায় প্রাচীর নির্মাণের চেষ্টা চালায়। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবীর হোসেন সরদার বলেন, হল-মার্কের ভেতরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে বাকি স্থাপনাও ভেঙে দেওয়া হবে। ভাঙা সম্ভব না হলে তা সরকারের আয়ত্তে রাখা হবে।