সরকারি জমি দখলের মামলায় জামিন পেলেন শাহ আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রাইভেট) লিমিটেড কোম্পানির নামে সরকারি খাস জমি দখলের মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমানের আদালতে হাজির হয়ে তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। ৩০ আগস্ট এ মামলার চার্জ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য করা হয়েছে।খাস জমি দখলের অভিযোগে গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি—টাস্ক ফোর্স-৭-এর সদস্য ও গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক সালাউদ্দিন ২০০৭ সালের ৭ জুন বাড্ডা থানায় মামলাটি করেন। আদালত ২০০৮ সালের ১২ ফেব্রুয়ারি শাহ আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।মামলায় অন্য আসামিরা হলেন মোহাম্মদ আবু সুফিয়ান, শামছুদ্দিন আহমেদ ও আবুল কালাম ওরফে শামীম।মামলার অভিযোগে বলা হয়, আসামি শাহ আলম ও আবু সুফিয়ানের দিক-নির্দেশনায় ও পরিকল্পনায় বারিধারা আবাসিক এলাকায় প্রাকৃতিক জলাধার, কৃষি-সেচসহ অবৈধভাবে পানির স্রোতের গতি পরিবর্তন এবং রাস্তা, পুল ও খালের ক্ষতি সাধন করে জমি ভরাট করে প্লটের বরাদ্দ দেন। আরও বলা হয়, সরকারি মালিকাধীন ৮০ দশমিক ২৮ একর জমি দখল করে এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ভঙ্গ করে রাজউকের অনুমতি ছাড়াই ২২ দশমিক ২৮ একর আয়তনের লেক ভরাট করে প্লট প্রস্তুত করে। যা জলধারা সংরক্ষণ আইন, ১৯৭৪ বিশেষ ক্ষমতা আইনের ১৫(খ)(১) ধারা এবং দণ্ডবিধির ৩৮৪, ৪৩০, ৪৩১, ৪৪৭ ধারায় অপরাধ।অভিযোগপত্রে বলা হয়, আসামিরা বড় বেরাইদ মৌজার ১০ দশমিক ২৯ একর, বরুয়া মৌজার শূন্য দশমিক ৭ একর, ডুমনি মৌজার ৬ দশমিক ৮ একর, পাতিরা মৌজার ২ দশমিক ২১ একর, ছোট বেরাইদ শূন্য দশমিক ৫১ একর, কাঁঠালদিয়া মৌজার ৫৮ দশমিক ৩৮ একর এবং জোয়ারসাহারা মৌজার ২ দশমিক ১৬ একর; মোট ৮০ দশমিক ২৮ একর জমি। মামলায় অভিযোগ করা হয়, ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলটমেন্ট কর্তৃপক্ষ রাজউকের কাছ থেকে ‘এ’ থেকে ‘এফ’ ব্লক পর্যন্ত বসুন্ধরা আবাসিক প্রকল্পের জন্য অনুমোদন নেয়। তবে অনুমোদিত ‘সি’ ব্লকের ২৪ দশমিক ৯০ একর জমিতে লেক দেখানো হয়। কিন্তু শাহ আলম ও অন্য আসামিরা পরস্পর যোগসাজশে রাজউকের অনুমতি না নিয়েই লেকের ২২ দশমিক ২৮ একর ভরাট করে প্লট প্রস্তুত করেন।