সরকারি জমিতে এরশাদ মার্কেট!
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নামে রংপুরে সরকারি জমিতে ‘এইচ এম এরশাদ হকার্স মার্কেট’ নির্মাণ করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার দাবি, রংপুর পৌরসভার মেয়র তাদের জমি ভরাট ও দখল করে সেখানে অবৈধভাবে মার্কেট নির্মাণ করে তা এরশাদের নামে নামকরণ করেছে। অন্যদিকে মেয়রের দাবি, জমিটি পৌরসভার।রংপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে গত সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, শহরের ইসলামবাগ-হনুমানতলা এলাকায় ১৯৬৩ সালে রংপুর স্টেডিয়ামের নামে ২৬ একর ৫২ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে ১৩ একর ২১ শতাংশ জমিতে স্টেডিয়াম নির্মাণ করা হয় বাকি অংশের জমির মাটি কেটে। এতে জমিটির বড় একটি অংশে পুকুর তৈরি হয়। কিছু অংশ সড়ক এবং খালি থেকে যায়। ৩৭ হাজার ৫৫৬ টাকা ৬৮ পয়সায় জমিটি রংপুর স্টেডিয়ামের নামে নিবন্ধিত হয়।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৯৮২ সালে পৌরসভার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আফজাল স্টেডিয়ামের পুকুরসহ বাকি জমিটি পৌরসভার নামে রক্ষণাবেক্ষণের জন্য ভূমি মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন। ওই বছরই মন্ত্রণালয় তা মঞ্জুর করে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল গফুর অভিযোগ করেন, বর্তমান পৌর মেয়র এ কে এম আবদুর রউফ রক্ষণাবেক্ষণের ওই জমিতে শহরের ময়লা-আবর্জনা ফেলে ভরাট করেন। এরপর গত মার্চ মাস থেকে সেখানে ৫০০ দোকানের একটি মার্কেটের নির্মাণকাজ শুরু করেন। মার্কেটের নাম দেওয়া হয় ‘এইচএম এরশাদ পৌর হকার্স মার্কেট’। আবদুল গফুর আরও বলেন, স্টেডিয়ামের জমিতে মার্কেট নির্মাণ বন্ধ করা না হলে আন্দোলন গড়ে তোলা হবে।এদিকে গত মার্চে এই হকার্স মার্কেটের নির্মাণকাজের উদ্বোধন করতে এসেছিলেন স্বয়ং এইচ এম এরশাদ। তিনি সেখানে গেলেও জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিজের নামের এই মার্কেট উদ্বোধন না করেই ফিরে যান। অন্যদিকে সরকারি জায়গায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নামে এমন মার্কেট নির্মাণ করা নিয়ে জেলা জাপার যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংসদ মশিউর রহমান রাঙ্গা এক প্রতিক্রিয়ায় বলেন, দলের চেয়ারম্যানকে খুশি করতে পৌর মেয়র আবদুর রউফ সরকারি ওই জমিতে পৌরসভার পক্ষ থেকে মার্কেট নির্মাণ করছেন। রংপুর পৌরসভার মেয়র এ কে এম আবদুর রউফ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক। সরকারি জমিতে মার্কেট নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘জমিটি ভূমি মন্ত্রণালয় পৌরসভাকে দিয়েছে। তাই হকারদের জন্য জায়গাটি ভরাট করে মার্কেট করা হচ্ছে।’ তবে এ-সংক্রান্ত কোনো নথি বা কাগজ দেখাতে পারেননি মেয়র। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি ও রংপুরের মানুষ হিসেবে এরশাদের নামে এই মার্কেট করা হচ্ছে।