সরকারি তদারকি কাগজে-কলমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের ট্রাক ধর্মঘটের কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে গেছে। এতে কিছু সবজির দাম বেড়েছে। আর ছোলা, ডাল, পেঁয়াজ, রসুনসহ সব নিত্যপণ্যের দামই ঊর্ধ্বমুখী। কমার তালিকায় রয়েছে কেবল ডিম আর মুরগি।আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম পড়েছে দুই মাস হতে চলল। কিন্তু দেশীয় বাজারে এর কোনো প্রভাব নেই, বরং কয়েক দিন ধরে নতুন করে বাড়তে শুরু করেছে খোলা সয়াবিন তেলের দাম। আর সরকারি সংস্থার সিদ্ধান্তের কারণে বেড়েছে দীর্ঘদিন ধরে বাজারে স্থির থাকা চিনির দাম।রমজানের মাস খানেক আগে থেকেই নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, সরকারি ১৪টি টিম বাজার তদারক করবে। বেশি দামে যারা পণ্য বিক্রি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সরকারি তদারকির কোনো প্রতিফলন বাজারে নেই। সরকারি তদারকি আছে কেবল কাগজে-কলমে। ভোজ্যতেল ও চিনি ছাড়া রমজানে প্রয়োজনীয় সব পণ্যের দাম ৫০ শতাংশ থেকে শতভাগ পর্যন্ত মুনাফা করছেন খুচরা ব্যবসায়ীরা।তদারকির অভাবে বাজারের যখন এই অবস্থা, ঠিক তখনই সরকারি সংস্থা বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন চিনির দাম বাড়ানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। বাজারে যখন চিনি বিক্রি হচ্ছিল ৫২ থেকে ৫৩ টাকা কেজি, তখন সংস্থাটি চিনি বিক্রি শুরু করল ৬০ টাকা দরে। আবার এর পক্ষে সাফাই গেয়ে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বললেন, সরকারকে বিপাকে ফেলতে ব্যবসায়ীরা কারসাজি করে কম দামে চিনি বিক্রি করছেন!কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি কাজী ফারুক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের তদারকি নিয়ে প্রশ্ন তুলে প্রথম আলোকে বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ১৪টি টিম কাজ করছে। কী কাজ হচ্ছে, তার কোনো দৃশ্যমান ফল দেখতে পাচ্ছি না। এসব টিম কাজ করার পর এখনো একটি পণ্যের দামও কমতে দেখা যায়নি।’কাজী ফারুক বলেন, বাজারদরের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করছে শিল্প মন্ত্রণালয়। সরকারই যখন দাম বাড়ায়, তখন বাজার তো চড়বেই। কোনোভাবেই শিল্প মন্ত্রণালয়ের চিনির দাম নির্ধারণ করে দেওয়া ঠিক হয়নি।শ্যামবাজারের বড় পাইকার পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে বলেন, ‘আমরা ভারতীয় পেঁয়াজ বিক্রি করছি ১২ থেকে ১৭ টাকায়। কিন্তু খুচরা দোকানে তা বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ টাকায়। খুচরা ব্যবসায়ীরা যে বেশি দামে পণ্য বিক্রি করছেন, সেটা কি আমাদের দোষ? কিন্তু কিছু হলেই আমাদের বিরুদ্ধেই অভিযোগ করা হয়।’ তিনি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে খুচরা বাজারে কার্যকর তদারকির কথা বলেন।বাজারদর: বাজারে এখন খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১২৩ থেকে ১২৪ টাকা লিটার। ১০ দিন আগেও এর দাম ছিল ১১৮ থেকে ১২০ টাকা। খোলা পাম তেল বিক্রি হচ্ছে ৯৭ থেকে ৯৮ টাকায়। চিনি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকা। অথচ ১০ দিন আগেও চিনি বিক্রি হতো ৫২ থেকে ৫৩ টাকায়।রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি পটোলের দাম চার টাকা বেড়ে ৩০, ৬০ থেকে ৭০ টাকার টমেটো ৭০ থেকে ৮০, ২৮ টাকার পেঁপে ৩০, ২৬ থেকে ২৮ টাকার ঝিঙে ৩০ টাকা, ২৬ টাকার চিচিঙা ৩০, ৩০ থেকে ৩২ টাকার বরবটি ৩৫, ২৪ থেকে ২৬ টাকার ঢ্যাঁড়স ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।তবে আগের মতোই বেগুন ৩০ থেকে ৪০, মিষ্টি কুমড়া ১৫ থেকে ২০, ধুন্দুল ২২ থেকে ৩০, শসা ২৫ থেকে ৩০ এবং করলা ৩০ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। তবে কমে এসেছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহ আগে কাঁচা মরিচের কেজি ১০০ টাকায় বিক্রি হলেও এখন এর দর ৬০ টাকা কেজি। ফার্মের মুরগি ও ডিমের দাম অবশ্য কমেছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের দেশি মুরগি কিনতে দাম পড়বে ৩৫০ টাকা। তবে এক হালি ডিম বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকায়।