সরকারি দপ্তরে রেখে ছিনতাই করা গাড়ি ব্যবহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা এভাবেই হয়েছিল। জ্বালানি নিতে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো-চ-১৩-৪৬৭৮ নম্বরের গাড়িটিকে ধাক্কা দিল অন্য একটি গাড়ি। ধাক্কা দেওয়ার কারণ জানতে চালক নামামাত্রই কয়েকজন জোর করে তাঁর কাছ থেকে চাবি নিয়ে নেয় এবং মুহূর্তের মধ্যে গাড়িটি নিয়ে উধাও হয়। গত ১৯ জানুয়ারি ভোর ছয়টা ২৫ মিনিটের ঘটনা। ঘটনাস্থল মিরপুর সেনপাড়া পর্বতায় শাহজালাল সিএনজি স্টেশনের সামনে। ঘটনাটি এখানে শেষ হলে একটা সাধারণ ছিনতাই হিসেবেই গণ্য হতো। গোল বেধেছে, ছিনতাই হওয়া গাড়িটি প্রায় এক মাস পর গত ২৩ ফেব্রুয়ারি সরকারের সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সহকারী প্রকৌশলী আবুল বাশারের জিম্মায় পাওয়া যায়। তবে এর মধ্যে গাড়ির নম্বর পরিবর্তন করে (ঢাকা মেট্রো চ-৫১-১৩২৫) নতুন নম্বরপ্লেট লাগানো হয়। সওজের গাড়ি বোঝানোর জন্য গাড়ির সামনের কাচে সাদা কাগজে সওজ লিখে সাটিয়ে রাখা হয়েছে। সরকারের সংস্থা সওজের প্রধান কার্যালয় সড়ক ভবনে গাড়িটি একাধিকবার দেখা গেছে। সেখানে রাখা হিসাবের খাতায় তার রেকর্ডও আছে। গাড়ি ছিনতাই এবং তা সরকারি দপ্তরে রেখে ব্যবহার করার ঘটনা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তারা বলছে, ছিনতাই করা গাড়ি সরকারের একটি সংস্থার পরিবহন পুলে রেখে তা ওই কার্যালয়ের কর্মকর্তার ব্যবহারের ঘটনা বিরল। পুলিশ ছিনতাই হওয়া গাড়ির চালক নাসির হাওলাদার ও সওজের প্রকৌশলী আবুল বাশারকে গ্রেপ্তার করেছে। নাসির হাওলাদার সওজের দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ (মাস্টাররোল) দেওয়া চালক এবং আবুল বাশারের গাড়ি চালানোর দায়িত্বে নিয়োজিত। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, সওজ থেকে পাওয়া আরেকটি গাড়ি আছে আবুল বাশারের এবং সেটাও তিনি ব্যবহার করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। বর্তমানে গাড়িটি মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে আছে এবং চালক ও ব্যবহারকারী দুজনই কারাগারে। সওজের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এ ধরনের ঘটনা সওজের কর্মকর্তাদের লজ্জিত করেছে। জানা গেছে, ১৯ জানুয়ারি সকালে গাড়িটি ছিনতাই হওয়ার পরপরই গাড়ির মালিক সাইফুল ইসলাম গোয়েন্দা পুলিশ ও র্যাব-৪-কে জানান এবং কাফরুল থানায় মামলা করেন।২৩ ফেব্রুয়ারি গাড়িসহ চালক ও ব্যবহারকারী ধরা পড়ে। তদন্তে জানা গেছে, গাড়িটি ছিনতাই হয় ১৯ জানুয়ারি সকাল ছয়টা ২৫ মিনিটে। সড়ক ভবনে গাড়ি আসা-যাওয়ার তথ্য সংরক্ষণ বইয়ে দেখা যায়, সড়ক ভবনে গাড়িটি প্রবেশ করে ওই দিনই ছয়টা ৪৮ মিনিটে। পুলিশের ধারণা, গাড়িটি ছিনতাই করেই সড়ক ভবনে নিয়ে আসা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, আটক করার সময় গাড়ির কোনো কাগজ দেখাতে পারেননি চালক। প্রকৌশলী আবুল বাশার দাবি করেছেন, গাড়িটি সওজে পড়ে ছিল। কোনো প্রকল্পের গাড়ি মনে করে সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে ব্যবহার করছিলেন তিনি। এর চাবিও ছিল না। তিনি চাবি তৈরি করিয়েছেন। কিন্তু সওজের সরঞ্জাম নিয়ন্ত্রণ সার্কেলে খোঁজ নিয়ে এ তথ্যের সত্যতা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সড়ক ভবনে গাড়ি ছিনতাইয়ের সঙ্গে জড়িত একটি চক্র আছে। পুলিশ তা তদন্ত করছে। সওজের সরঞ্জাম নিয়ন্ত্রণ সার্কেলের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘এই গাড়িটি আমাদের নয়। সড়ক ভবনে আসা-যাওয়া করত শুনেছি। গাড়িটি আবুল বাশারকে বরাদ্দ দেওয়ার বিষয়টিও ঠিক নয়।’ জানা গেছে, গাড়িটি ছিনতাই হওয়ার পর মালিকপক্ষ মামলা করলে পুলিশ জড়িত সন্দেহে ওই গাড়ির চালক জসিম মুন্সিকে আটক করে। পরে তিনি ছাড়া পান। ছাড়া পেয়েই রাজধানীর বিভিন্ন রি-ফুয়েলিং স্টেশনে গাড়িটি চিহ্নিত করার জন্য ঘুরছিলেন। মহাখালীতে জ্বালানি নেওয়ার সময় ছিনতাই হওয়া গাড়িটি প্রথমে জসিম মুন্সিই চিহ্নিত করেন এবং মালিককে খবর দেন। মালিক পুলিশ নিয়ে তা আটক করান। গাড়ির মালিক সাইফুল ইসলাম জানান, ২৩ ফেব্রুয়ারি মহাখালীর সিএম ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার সময় জসিম মুন্সি গাড়িটি চিহ্নিত করেন। একটি সরকারি কার্যালয়ে কীভাবে গাড়িটি এতদিন ছিল সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। এদিকে সওজের কর্মকর্তার বিরুদ্ধে গাড়ি ছিনতাই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় বিব্রত যোগাযোগ মন্ত্রণালয়। গত ২৫ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সচিবকে এক চিঠিতে যোগাযোগমন্ত্রী অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।