প্রশাসনের প্রস্তুতি না থাকা এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কোন্দল ও নিষ্ক্রিয়তার কারণে রাজশাহীর গোদাগাড়ীকে যোগাযোগবিচ্ছিন্ন করে সহিংসতা চালিয়েছে জামায়াত-শিবির। টানা তিন দিন জামায়াত-শিবির সেখানে শক্তি প্রদর্শন করেছে কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই। ফলে ৩ মার্চ হরতালের দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষতক ‘অস্তিত্ব রক্ষায়’ পুলিশকে গুলি চালাতে হয়। ঘটে প্রাণহানির ঘটনা।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমানের বাড়ি এই গোদাগাড়ীতে। তানোর-গোদাগাড়ী নিয়ে গঠিত সংসদীয় আসনের সাংসদশিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। দলীয় কোন্দলের জন্য স্থানীয় নেতাদের একাংশ তাঁকেই দুষছে। তবে প্রতিমন্ত্রীর বাড়ি তানোরে কোনো সহিংসতা হয়নি।প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবির কাফনের কাপড় পরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়ক দখল করে কয়েক ঘণ্টা তাণ্ডব চালায়। এর আগে ২২ মার্চ তারা স্থানীয় একটি শহীদ মিনার ভাঙচুর করে। ১ ও ২ মার্চ গোদাগাড়ী উপজেলায় জামায়াত-শিবির বড় জমায়েত ও মিছিল করে। এসব কর্মসূচিতে পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে নদীপথে এসে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গোদাগাড়ীতে অংশ নেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন এসব আয়োজন-প্রস্তুতিকে কোনো গুরুত্ব দেয়নি। ১৪৪ ধারা জারি করা হয় ৩ মার্চ প্রাণহানির পর। বিজিবিকেও (বর্ডার গার্ড বাংলাদেশ) ডাকা হয় শেষ মুহূর্তে।এর বিপরীতে স্থানীয় আওয়ামী লীগ ছিল প্রায় নিষ্ক্রিয়। ২ মার্চ উপজেলা সদরে একটি প্রতিবাদ মিছিল করলেও তাতে উপস্থিতি ছিল খুবই কম। গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, দলীয় কোনো কর্মসূচি না থাকায় এবং কোন্দলের সুযোগ নিয়ে জামায়াত সুসংগঠিত হয়েছে। দলীয় লোক মাঠে থাকলে পুলিশও সাহস পায়।রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবির প্রথম আলোকে বলেন, ৩ মার্চ পদ্মা নদী পার হয়ে অন্য জেলার জামায়াত-শিবিরের কর্মীরা এসে সহিংসতায় অংশ নেন। জমায়েত বড় হওয়ার কারণে পুলিশ কোণঠাসা হয়ে পড়ে এবং জীবন বাঁচানোর জন্য গুলি চালাতে হয়েছে। আগে থেকে নদীপথ পাহারা দেওয়ার ব্যবস্থা না নেওয়ার বিষয়ে তাঁর বক্তব্য, ‘নদী পাহারা দেওয়ার যানবাহন আমাদের নেই।’সহিংসতা শেষ হওয়ার পর গতকাল শনিবার এলাকায় গণসংযোগ করেন স্থানীয় সাংসদ ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। এর আগের দিন রাতে রাজশাহী সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় করেন তিনি। ওই মতবিনিময় সভায় অংশ নিতে আসা এক স্থানীয় নেতা প্রথম আলোকে বলেন, মন্ত্রীর কাছে তদবিরের জন্য যত লোক আসে, তত লোক মিছিল করলে জামায়াত রাস্তায় নামতে পারত না। কিন্তু মিছিলে কাউকে পাওয়া যায় না। তাই এসব মতবিনিময় করে কোনো ফল হবে না।২৮ ফেব্রুয়ারি ও ৩ মার্চের ঘটনায় চারটি মামলা হয়েছে। তবে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় পুলিশ আসামি ধরতে অভিযান চালাচ্ছে না।স্থানীয় আওয়ামী লীগে কোন্দল: পৌরসভা নির্বাচন ও পৌর কমিটি গঠন নিয়ে কোন্দলের কারণে আওয়ামী লীগের অবস্থা একেবারে ছন্নছাড়া। পৌর কমিটিতে নব্য আওয়ামী লীগারদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার অভিযোগে ওমর ফারুক চৌধুরীকে অবরোধ পর্যন্ত করা হয় গত বছরের ডিসেম্বরে। এই কোন্দলের কারণে পৌরসভার মেয়র পদে জামায়াতের প্রার্থী জয়ী হন বলে মনে করছেন স্থানীয় নেতারা।পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেয়র পদে পরাজিত মনিরুল ইসলাম অভিযোগ করেন, বর্তমান পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন জামায়াতের রাজনীতি করতেন একসময়। আর সাধারণ সম্পাদক রবিউল ছিলেন যুবদলের নেতা। তাই জামায়াতবিরোধী মিছিলে এখন ২০ জন লোকও পাওয়া যায় না।অবশ্য অয়েজ উদ্দিন দাবি করেন, তিনি কখনোই জামায়াত করতেন না। মিছিলে কম লোক হওয়ার বিষয়ে তিনি বলেন, লোকজন মাঠে কাজে থাকে। এ জন্য সবাই আসতে পারে না। রবিউল স্বীকার করেন, তিনি যুবদলের রাজনীতি করতেন।জানতে চাইলে শিল্প প্রতিমন্ত্রী বলেন, গোদাগাড়ীতে সাংগঠনিক কোনো দুর্বলতা নেই। যাঁরা কোন্দল ও দুর্বলতা প্রচার করছেন, তাঁরা আওয়ামী লীগের লোক হলে এ সময় তা প্রচার করতেন না। তাঁর দল শক্তি দেখালে বড় ধরনের সংঘর্ষ বেধে যেত বলে দাবি করেন প্রতিমন্ত্রী।মাদ্রাসাগুলো জামায়াত-শিবিরের দখলে: উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোদাগাড়ীতে প্রায় ৩০টি মাদ্রাসা আছে। এর প্রায় সব কটিই মাদ্রাসা বোর্ডের অধীন এবং এর বেশির ভাগ শিক্ষকই জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট। এসব মাদ্রাসার ছাত্রদের ‘শহীদ’ হওয়ার জন্য প্ররোচিত করা হয় বলে কয়েকটি সূত্র দাবি করেছে। ৩ মার্চের সংঘর্ষে পৌর এলাকার হাটপাড়ার নিহত রফিকুল ইসলাম (১৫) আয়েশা সাবের দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সংঘর্ষের দিন ওই মাদ্রাসার ছাত্রদের আগেই ছুটি দিয়ে মিছিলে অংশ নেওয়ার জন্য বলা হয়।রফিকুল ইসলামের বাবা গোলাম মোস্তফা, মা সতুরা খাতুন প্রথম আলোকে বলেন, ‘ছেলে যাওয়ার সময়ই বলে গেছে সে শহীদ হতে যাচ্ছে। ছেলের মৃত্যুতে আমাদের কোনো কষ্ট নেই। তার মাধ্যমে আমরা বেহেশতে যাব।’রফিকুল ইসলামের বোনের জামাই আবদুর রাজ্জাক ওই মাদ্রাসার শিক্ষক। তিনিও জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বলেন, তাঁর শ্যালকের শহীদী মরণ হয়েছে। তাই তাকে গোসল ছাড়াই দাফন করা হয়েছে। কোনো মামলা-মোকদ্দমাও করবেন না তাঁরা। ওই দিনের সংঘর্ষে পৌর এলাকার মাদারপুরের মুজাহিদ নামে একজনও মারা যান। তাঁকেও গোসল ছাড়া দাফন করা হয়েছে বলে জানা গেছে।