সরকারি দাওয়াত কার্ডে সাংসদের নাম বাদ পড়ায়!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে বিলি করা দাওয়াত কার্ডে মহাজোটের স্থানীয় সাংসদের নাম বাদ পড়ায় অনুসারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার প্রতিবাদে তাঁর বিক্ষুব্ধ সমর্থকেরা গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে। পরে ২৪ ঘণ্টার মধ্যে বিলি করা দাওয়াত কার্ড প্রত্যাহার করে সাংসদের নাম সংযোজন করে নতুন কার্ড তৈরির দাবি জানায় তারা। তা না হলে তারা কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।জানা গেছে, বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন স্থানীয়ভাবে বিভিন্ন মহলে দাওয়াত কার্ড বিলি করে। তবে ওই সরকারি দাওয়াত কার্ডে স্থানীয় সাংসদ (জাসদ-ইনু) শাহ জিকরুল আহমেদের নাম অন্তর্ভুক্ত না করায় সাংসদের অনুসারী ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ বিষয়ে সাংসদের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শিব শংকর দাস ও জসিম উদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠান থেকে সাংসদকে বাদ দেওয়ার এ ধৃষ্টতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উপজেলা প্রশাসন পরিকল্পিতভাবে সাংসদের মর্যাদা হেয় করেছেন। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে নির্বাচিত শাহ জিকরুল আহমেদ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে গতকাল রাতেই বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। তাই এ বিষয়ে তাঁর মন্তব্য নেওয়া যায়নি।