সরকারি দুগ্ধ খামারের দুধ সরবরাহে দোলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সরকারি দুগ্ধ খামারের দুধ গ্রাহকের কাছে সরবরাহ পদ্ধতি নিয়ে একধরনের দোলাচল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠাকাল থেকে প্রচলিত গ্রাহক প্রথা তুলে দরপত্রের মাধ্যমে ঠিকাদার দিয়ে দুধ বিক্রির সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে খামার কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন খামারের পাঁচ শতাধিক গ্রাহক। তাঁদের দাবি, দুগ্ধ খামারটি ন্যায্যমূল্যে খাঁটি দুধ সরবরাহ করে আসছে। হঠাৎ করে একটি মহল ঠিকাদারি তৎপরতায় লাভ বেশি দেখিয়ে তৎপর হওয়ায় গ্রাহকের স্বার্থকে ভুলণ্ঠিত করার চেষ্টা শুরু হয়েছে। সিলেট নগরের টিলাগড়ে ৭০০ বিঘা জমির ওপর ১৯৩০ সালে প্রতিষ্ঠিত সিলেটের একমাত্র সরকারি দুগ্ধ খামার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন সরকারি এ খামার থেকে প্রতিদিন এক হাজার লিটার দুধের চাহিদা থাকা সত্ত্বেও খামার থেকে দুই পর্বে দেড় থেকে ২০০ লিটার দুধ গ্রাহকের কাছে সরবরাহ করা হচ্ছে। খামারটিতে পাঁচ শতাধিক গরু পালনের সুযোগ বিদ্যমান থাকলেও বর্তমানে ১৪০টি গরু পালন করা হচ্ছে। অথচ গাভির সংখ্যা বৃদ্ধি করলে চাহিদা অনুযায়ী দুধ সরবরাহ করা সম্ভব বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। প্রতিদিন ভোর পাঁচটা থেকে গ্রাহকেরা দুধের জন্য অপেক্ষা করলেও উপস্থিতির অর্ধেক গ্রাহককে দুধের সংকটের কথা বলে দুধ প্রদান করা হয় না। ফলে তাঁদের দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হয়। সরকারের একটি সেবামূলক খাত হিসেবে অসহায় দুস্থ পরিবার, শিশু, রোগী এবং বয়স্কদের ন্যায্যমূল্যে দুধ সরবরাহের জন্য খামার প্রতিষ্ঠিত হলেও দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে বরং প্রাতিষ্ঠানিক স্বার্থ সুরক্ষিত হবে না। এ আহ্বান জানিয়ে গত ২০ অক্টোবর গ্রাহকেরা খামার এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।গ্রাহকেরা জানান, শিশুখাদ্য সরবরাহকারী এ প্রতিষ্ঠানকে বেসরকারীকরণ না করার জন্য বিভিন্ন সময় অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছেন। খামার থেকে ন্যায্যমূল্যে খাঁটি দুধ পাওয়া যায় বলে লাইনে দাঁড়িয়ে হলেও প্রতিদিন একজন গ্রাহক কুপনের বিনিময়ে আধা লিটার দুধ সংগ্রহ করে থাকেন। বাজার মূল্য বিবেচনাসাপেক্ষে দুধের দাম ২৪ টাকা লিটারের পরিবর্তে ৩০ টাকা করা হলেও তাঁরা অন্তত খাঁটি দুধ পাবেন। আর উৎপাদিত দুধ দরপত্রের মাধ্যমে সরবরাহ করা হলে ঠিকাদারদের সাধারণ গ্রাহকের দুধ সরবরাহে কোনো বাধ্যবাধকতা না থাকায় গ্রাহকেরা আর দুধ পাবেন না। পাশাপাশি দুধের মানও আর বজায় থাকবে না। এতে খামারের ৬০০ গ্রাহক ন্যায্যমূল্যে খাঁটি দুধ পাওয়া থেকে বঞ্চিত হবে। গ্রাহকদের অভিযোগ, খামারের সহকারী পরিচালককে দুধের দাম লিটারপ্রতি ৩০ টাকা করার প্রস্তাব দেওয়া হলেও তিনি এ প্রস্তাব উপেক্ষা করে দরপত্র প্রক্রিয়া শুরুর চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে এ ব্যাপারে দুগ্ধ খামারের সহকারী পরিচালক মোক্তার হোসেন জানান, এ সিদ্ধান্তটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। স্থানীয়ভাবে করার কিছু নেই। গ্রাহক পদ্ধতি বাতিল করে দরপত্রের মাধ্যমে ঠিকাদারি প্রথায় দুধ সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান অবস্থায় খামার থেকে ৯০ হাজার লিটার দুধের বিপরীতে বছরে খামারের আয় হয় ২৪ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে ঠিকাদার দুধ বিক্রি করলে সরকারের বছরে খামার থেকে ৩০ লাখ টাকা আয় হবে।’ এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে গ্রাহকেরা জানান, দুগ্ধ খামারে স্থায়ী ভিত্তিতে ২০ জন কর্মকর্তা ও কর্মচারীসহ ২৩ জন অস্থায়ী চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োজিত। পাশাপাশি দৈনিক ভিত্তিতে গড়ে দু-তিনজন শ্রমিক প্রতিদিন কাজ করে। এরপরও খামারের সহকারী পরিচালক খামারের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করে কাগুজে লাভ দেখিয়ে দরপত্র প্রক্রিয়া চালু করে খামারের প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্যকে ব্যাহত করছেন।