সরকারি নৌপরিবহন বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদে সরকারি নৌপরিবহনের যাত্রীসেবায় লেজে-গোবরে অবস্থা সৃষ্টি হয়েছে। তিনটি রুটের দুটি প্রায় বন্ধ, অন্যটিতেও নেই প্রয়োজনীয় নৌযান। এই অবস্থায় বিশেষ সার্ভিস চালু করতে গিয়ে যাত্রীদের মাঝপথে নামিয়ে দিতে হচ্ছে।গতকাল শনিবার সকালে বরিশাল স্টিমারঘাটে নেমে মোরেলগঞ্জের যাত্রী আবদুল কাদের টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘সরকারি নৌপরিবহনের ঈদ সার্ভিসে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়ে মাঝপথে নামতে হলো। এখন বরিশাল থেকে বউ-বাচ্চা নিয়ে মোরেলগঞ্জে যাওয়া আরেক বিরাট ঝক্কি।’এই যাত্রী গত শুক্রবার বিকেলে ঢাকার সদরঘাট থেকে পিএস মাসউদ নামের স্টিমারে উঠেছিলেন। সাধারণভাবে এই স্টিমারটি মোরেলগঞ্জ হয়ে খুলনা পর্যন্ত যায়। কিন্তু ঈদের বিশেষ সার্ভিসে এটি ঢাকা থেকে বিকেলে রওনা হয়ে পরদিন সকালে বরিশালে সব যাত্রী নামিয়ে তখনই আবার ঢাকার উদ্দেশে রওনা দেবে। সন্ধ্যায় ঢাকা থেকে আবার এটি বরিশালে যাবে।প্রয়োজনীয় নৌযানের অভাবে এই হলো এবারের ঈদে সরকারি নৌপরিবহনের বিশেষ যাত্রীসেবা। এই সেবা পরিচালনা করছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। গত বছর ঈদেও সরকারি নৌপরিবহনের বিশেষ সার্ভিসে পাঁচটি স্টিমার যুক্ত ছিল, এবার রয়েছে তিনটি। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলছেন, এভাবে বিশেষ সার্ভিস চালানো যায় না। তার পরও মুখ রক্ষার জন্য ঠেলা-ধাক্কা দিয়ে তা চালানোর চেষ্টা করা হচ্ছে।এ বিষয়ে জানতে চাইলে সংস্থার চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘তিনটি দিয়ে শুরু হলেও আজ (গতকাল শনিবার) শেলা এবং আগামীকাল নাগাদ লেপচা নামের জাহাজ দুটি নৌবহরে যুক্ত হবে। তাই আশা করি, খুব একটা অসুবিধা হবে না।’ঢাকা-বরিশাল-খুলনা: এই রুটে সাধারণ সময়ই ছয়টি স্টিমার চলাচল করে। কিন্তু এবার ঈদের যাত্রীসেবাও শুরু করতে হয়েছে তিনটি দিয়ে। বাকি তিনটি নষ্ট হয়ে ডকে মেরামতে আছে। ওই তিনটির একটি শেলা। খোঁজ নিয়ে জানা গেছে, শেলা স্টিমারটি গতকাল বিআইডব্লিউটিসির নৌবহরে যুক্ত হয়নি। লেপচাও আজ রোববার থেকে যুক্ত হতে পারবে কি না, তা নিশ্চিত নয়।গতকাল সন্ধ্যায় সদরঘাট টার্মিনাল থেকে বিআইডব্লিউটিসির কয়েকজন কর্মচারী জানান, পিএস টার্ণ নামের জাহাজটি ছেড়ে গেছে। কিন্তু বরিশাল থেকে পিএস মাসউদ তখন পর্যন্ত এসে পৌঁছায়নি। ওই স্টিমারটিতে গতকাল বিকেলে যাত্রার জন্য যে যাত্রীদের টিকিট দেওয়া হয়েছে, তাঁরা অপেক্ষায় আছেন।সংস্থার একাধিক কর্মকর্তা বলেন, স্টিমারগুলোর এমনিতেই জরাজীর্ণ। তার ওপর প্রায় অবিরাম চলাচলে এর যেকোনোটি হঠাৎ বসে যেতে পারে।চট্টগ্রাম-বরিশাল: সরকারি নৌপরিবহনের আরেকটি গুরুত্বপূর্ণ রুট এটি। চট্টগ্রাম থেকে সন্দ্বীপ, হাতিয়া ও ভোলা হয়ে বরিশাল পর্যন্ত এই রুটে সাধারণভাবে চারটি নৌযান চলাচল করত। কিন্তু এবারের ঈদে রুটটি সম্পূর্ণ বন্ধ থাকার আশঙ্কা দেখা দিয়েছে।বিআইডব্লিউটিসির সূত্রগুলো জানায়, এই রুটের সবচেয়ে বিলাসবহুল ও নির্ভরযোগ্য নৌযান হচ্ছে বার আউলিয়া। এটি কয়েক মাস ধরে বন্ধ। ঈদের আগে চলাচল করার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। সংস্থার চেয়ারম্যান বলেছেন, ডকিং না করে এবারের ঈদে বার আউলিয়া নামানো যাচ্ছে না।এই রুটের আরেকটি নৌযান আব্দুল মতিন মেরামতের পর কদিন আগে চালু করা হয়। গত বৃহস্পতিবার এটি যাত্রী নিয়ে বরিশালে পৌঁছার কথা ছিল। কিন্তু নতুন লাগানো ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় সেই যাত্রা বাতিল করা হয়েছে। ঈদের আগে সেটি আর চালানো যাবে কি না বলা যাচ্ছে না। এই রুটের আরেকটি নৌযান রাঙ্গাবালীও নষ্ট। বাকি নৌযানটির নাম এমভি মনিরুল হক। একমাত্র এটি চট্টগ্রাম-হাতিয়া রুটে চলাচল করছে। এটি বরিশাল পর্যন্ত যায় না। চাঁদপুর-বরিশাল: এটি বিআইডব্লিউটিসির নিয়মিত কোনো রুট নয়। কিন্তু মাস খানেক আগে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সরকারি প্রশাসনের পক্ষ থেকে ঈদের সময় চাঁদপুর থেকে বরিশাল পর্যন্ত একটি ভালো নৌযান দেওয়ার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছিল। কারণ, চট্টগ্রাম-নোয়াখালী থেকে অনেক যাত্রী ট্রেনে চাঁদপুর এসে দক্ষিণাঞ্চলে যান। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ঈদের সময় ওই রুটে সোনারগাঁ নামের নৌযানটি দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু ওই যানটিও এখন পর্যন্ত চলাচলের অনুপযোগী।বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রথম আলোকে বলেছেন, ‘যদিও প্রয়োজনীয় মেরামতের কাজ শেষ করা হয়েছে, কিন্তু কোনো দীর্ঘ পথে না চালিয়ে ঈদের সময় সোনারগাঁকে নামাতে ভরসা পাচ্ছি না।’সোনারগাঁর কাহিনি: এটি ছিল রেলওয়ের বাহাদুরাবাদ-ফুলছড়ি ঘাটের একটি ফেরি। ঘাটটি বন্ধ হওয়ার পর রেলওয়ে ফেরিটি বিক্রি করে দেয়। বিআইডব্লিউটিসি ২০০২ সালের দিকে সেটি প্রায় দুই কোটি টাকায় কিনে যাত্রীবাহী স্টিমার সার্ভিসের উপযোগী করার প্রকল্প শুরু করে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এখন পর্যন্ত সেটির পেছনে প্রায় ১২ কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু চলাচলের উপযোগী করা যায়নি। একেকবার কাজ শেষে পানিতে নামানোর পরই আবার নতুন সমস্যা দেখা দেয়। এইভাবেই চলছে। সূত্রগুলোর ধারণা, সোনারগাঁ জাহাজটিকে ঘিরে একটি বড় দুর্নীতির আখড়া তৈরি হয়েছে।ফেরি অচল: বরিশাল-ভোলা সড়কপথে যাতায়াতের জন্য বিআইডব্লিউটিসির দুটি ফেরির দুটিই অচল হয়ে আছে। ফলে যাতায়াত দারুণভাবে বিঘ্নিত হচ্ছিল। ঈদের আগে সংস্থাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছ থেকে একটি ফেরি ধার করে নিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছে।চরে আটকেছে লঞ্চ: কালাম খান নামের একটি যাত্রীবাহী লঞ্চ ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে গত শুক্রবার দিবাগত রাত ১২টায় চাঁদপুরসংলগ্ন হরিণঘাটার কাছে মাঝেরচরে আটকে পড়ে। লঞ্চটিতে প্রায় দুই হাজার যাত্রী ছিল। সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডব্লিউটিএর ড্রেজিং কার্যক্রম সঠিকভাবে পরিচালিত না হওয়ায় এই ভরা বর্ষার সময় বড় বড় নদীতেও নৌযান নিশ্চিন্তে চলাচল করতে পারছে না। কয়েক দিন আগে মাওয়া-কাওরাকান্দি পথেও একটি ফেরি চরে আটকে পড়ে ছিল। অথচ এসব জায়গায় বছরের অধিকাংশ সময় ড্রেজিং চলার কথা।