সরকারি প্রতিষ্ঠানের গড়া অবৈধ মার্কেট উচ্ছেদ হয় না
বুড়িগঙ্গার জায়গায় অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা মাঝেমধ্যে ভেঙে দেওয়া হলেও সরকারি প্রতিষ্ঠানের গড়া মার্কেট ও দোকানপাট উচ্ছেদ করা হয় না।নৌপথ ও নদীবন্দর রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিজেই রাজধানী ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীর জায়গাজমি দখল করে মার্কেট নির্মাণ করেছে।বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাদামতলী থেকে ফরাশগঞ্জ পর্যন্ত বাকল্যান্ড বাঁধের দক্ষিণে বুড়িগঙ্গা প্রথম সেতু থেকে দ্বিতীয় সেতু পর্যন্ত এলাকায় অবৈধভাবে ভরাট করা নদীর জায়গায় নির্মিত হয় এসব মার্কেট।উনিশ শতকের শুরু থেকে বিশ শতকের ত্রিশ ও চল্লিশের দশক পর্যন্ত বাকল্যান্ড বাঁধ ছিল ঢাকাবাসীর অবসর কাটানোর প্রধান কেন্দ্র। ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনের স্মৃতি-বিস্মৃতি বইয়ে বাকল্যান্ড বাঁধ সম্পর্কে জানা যায়, সি টি বাকল্যান্ড ১৮৬৪ সালে ঢাকার কমিশনার নিযুক্ত হয়ে আসার পরপরই বুড়িগঙ্গা নদীতীরে এ বাঁধ তৈরি করেছিলেন। মুনতাসীর মামুন লিখেন, ‘বাকল্যান্ড বাঁধের কাজ শেষ হলে ঢাকাবাসীর জন্য নতুন এক অবসর বিনোদনের উপায় খুলে গিয়েছিল। যে রাস্তা বা বাঁধ এক সময় ঢাকাবাসীর গর্বের ও আদরের বস্তু ছিল, যা ছিল সাধারণ মানুষের অবসর কাটানোর জায়গা, সেই বাকল্যান্ড বাঁধকে সরকারি প্রচেষ্টায় আমরা এক কদর্য স্থানে রূপান্তর করতে পেরেছি।’এ বাকল্যান্ড বাঁধ দিয়ে বুড়িগঙ্গা নদীর সীমানা নির্ধারণ করা হয়েছিল। অথচ এখন নদী আর বাঁধের মাঝখানে গড়ে উঠেছে সারি সারি মার্কেট। বুড়িগঙ্গাসহ রাজধানীর নদী ও খালে অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএ গড়িমসি করছে বলে অভিযোগ উঠেছে। বাঁধের দক্ষিণে অবৈধভাবে ভরাট করা অংশে বাদামতলী থেকে ফরাশগঞ্জ পর্যন্ত নির্মাণ করা হয় একতলা মার্কেটগুলো। মার্কেট নির্মাণের পর থেকেই বাকল্যান্ড বাঁধ পরিণত হয় যানজট লেগে থাকা গলিপথে।নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডব্লিউটিএ মার্কেটগুলো নির্মাণ করেছিল। অবশ্য মার্কেট নির্মাণ করার জন্য বিআইডব্লিউটিকে নদী ভরাট করতে হয়নি। নদী ভরাট করে রেখেছিলেন বেসরকারি দখলদাররা। আশির দশকে প্রভাবশালী ব্যক্তিরা বুড়িগঙ্গা নদীর তীরবর্তী বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষত বাকল্যান্ড বাঁধসংলগ্ন বুড়িগঙ্গা নদী ভরাট করেন এবং সেখানে তৈরি করেন কাঁচা-পাকা দোকানপাট। নব্বইয়ের দশকে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও সুশীল সমাজ বুড়িগঙ্গা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে আন্দোলন শুরু করে। সরকার গ্রহণ করে পদক্ষেপ। গঠিত হয় নদীবিষয়ক টাস্কফোর্স। শুরু হয় উচ্ছেদ অভিযান। ২০০০ সালের মধ্যে বাকল্যান্ড বাঁধসংলগ্ন অবৈধ দখলদাররা মোটামুটি উচ্ছেদ হয়ে যান। এই অবস্থায় পরিবেশবাদী সংগঠন ও সুশীল সমাজ অবৈধভাবে ভরাট করা জায়গা খননের মাধ্যমে নদীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।কিন্তু অবৈধ দোকানপাট উচ্ছেদের পর ভরাট করা অংশ খনন করে নদীকে ফিরিয়ে দেওয়ার পরিবর্তে বিআইডব্লিউটিএ সেখানে মালামাল ওঠানো-নামানোর জন্য টিনের ছাদ (ট্রানজিট শেড) দেওয়ার নামে স্থায়ী অবকাঠামো গড়ে তোলে। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর বিআইডব্লিউটিএ আহসান মঞ্জিলের সামনের অল্প কিছু জায়গা ছাড়া বাদামতলী থেকে শ্যামবাজার পর্যন্ত সারিবদ্ধভাবে মার্কেট নির্মাণ করে। বিভিন্ন সময়ে নির্মিত মোট ১৫টি মার্কেটে দুই শতাধিক দোকান রয়েছে। এ মার্কেটগুলোর নাম একেক জায়গায় একেক রকম। সদরঘাট টার্মিনালের পূর্বে নির্মিত মার্কেটের নাম দেওয়া হয়েছে ‘বিআইডব্লিউটিএ মার্কেট’। শ্যামবাজার, ওয়াইজঘাট, বাদামতলী ইত্যাদি এলাকার মার্কেটগুলোর নাম দেওয়া হয়েছে ‘বিআইডব্লিউটিএ ট্রানজিট শেড’। শ্যামবাজার ও সদরঘাট এলাকায় সাধারণত মার্কেটগুলোর দেয়াল ইটের আর ছাদ টিনের। বাবুবাজার ও বাদামতলী এলাকার মার্কেটগুলোর মেঝে পাকা। কিন্তু দেয়াল ও ছাদ টিনের। ওয়াইজঘাটে বিনা স্মৃতি স্নানঘাটের দুই পাশের মার্কেটগুলো টিনের তৈরি।এসব মার্কেট ফল ও সবজির পাইকারি বিক্রয়কেন্দ্র হিসেবে ব্যবহূত হচ্ছে। পরিত্যক্ত ফল ও সবজি সড়কে ফেলার কারণে ওই এলাকা নোংরা হয়ে থাকে। ফতুল্লায় কথিত ট্রানজিট শেডের পশ্চিম ও দক্ষিণ পাশে এখনো নদী ভরাট চলছে।যোগাযোগ করা হলে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার দ্রুত এ মার্কেটগুলো ভাঙা হবে বলে প্রথম আলোকে জানিয়েছেন। উচ্ছেদে দীর্ঘসূত্রতা হচ্ছে কেন জানতে চাইলে তিনি বলেন, গত রোজার ঈদের পরপরই একবার উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন এসব মার্কেটের ভাড়াটেরা প্রবল প্রতিরোধ তৈরি করায় শেষ পর্যন্ত তা কার্যকর করা যায়নি। এরপর ঈদুল আজহার কারণে কিছুদিন তৎপরতা স্থগিত রাখা হয়। শিগগিরই আবার উচ্ছেদ অভিযান শুরু করা হবে।হাইকোর্টের রায় উপেক্ষিত: ২০০৯ সালের জুনে হাইকোর্ট বুড়িগঙ্গাসহ রাজধানীর নদ-নদী রক্ষায় একটি রায় দেন। আইনজীবী মনজিল মোরসেদের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বুড়িগঙ্গাসহ রাজধানীর নদীগুলোর জায়গায় সরকারি-বেসরকারি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ঢাকা জেলা প্রশাসনকে নির্দেশ দেন। ওই রায়ের পর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলেছে। কিন্তু বিআইডব্লিউটিএ নির্মিত অবৈধ মার্কেট উচ্ছেদে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।এ ব্যাপারে মনজিল মোরসেদ বলেন, বিআইডব্লিউটিএ তাদের তৈরি অবৈধ মার্কেটগুলো বহাল রাখতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে কয়েকবার আপিল করেছে। কিন্তু আদালত তাদের আপিল মঞ্জুর করেননি। সর্বশেষ মাস চারেক আগে তিনি আদালত অবমাননার মামলা করে রায় পান। কাজেই, সরকারি অবৈধ স্থাপনা ভাঙতে এখন আর কোনো আইনি বাধা নেই।