সরকারি বাঙলা কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০
রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজের মাঠে আজ বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ দুপুর ১২টার দিকে সরকারি বাঙলা কলেজের মাঠে কলেজ শাখার সভাপতি আকিদ হোসেন ও সহসভাপতি মিরনের নেতৃত্বে তাঁদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই পক্ষ রাম দা, লাঠিসোঁটা, হকিস্টিক ও রড ব্যবহার করে। এক ঘণ্টা ধরে এ অবস্থা চলার সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দারুসসালাম থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কলেজ শাখার সভাপতি আকিদ হোসেনসহ উভয় পক্ষে ১০ জন আহত হন। তাঁদের স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, আধিপত্য বিস্তার ও ছাত্রলীগের দলীয় কোন্দলের কারণে আকিদ হোসেন ও মিরন সমর্থকদের মধ্যে প্রায়ই কলেজে সংঘর্ষ হয়। এ কারণে তাঁরা ঠিকমতো ক্লাস করতে পারেন না। তাঁরা দাবি করেন, দুই পক্ষই সাধারণ শিক্ষার্থীদের তাঁদের দলে ভেড়াতে টানাটানি করে। এতে রাজি না হলে মারধর করে কলেজপ্রাঙ্গণ থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়। এ কারণে তাঁরা পরীক্ষায় অংশ নিতেও পারেন না। মিরনের সমর্থকদের উত্ত্যক্ত করার কারণে কলেজের ছাত্রীরা অতিষ্ঠ।দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হোসেন প্রথম আলোকে বলেন, আধিপত্য বিস্তার ও ছাত্রলীগের দলীয় কোন্দলের জের ধরে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এই অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।