সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগে সংস্থাপনের ছাড়পত্র লাগবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর ও সংস্থার জনবল নিয়োগে সংস্থাপন মন্ত্রণালয়ের ছাড়পত্র নেওয়ার বিধান বাতিল করা হয়েছে। এখন এসব প্রতিষ্ঠানের মোট শূন্য পদের ৯০ শতাংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজস্ব নিয়োগবিধি অনুযায়ী পূরণ করতে পারবে। তবে কোনো নিয়োগের ক্ষেত্রে মামলা-মোকদ্দমা বা আদালতের সঙ্গে সম্পৃক্ততা থাকলে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে না।নন-ক্যাডার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা এবং তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে। এতে প্রায় দেড় লাখ পদে দ্রুত নিয়োগ দেওয়া সম্ভব হবে বলে সংস্থাপন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।জানা যায়, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর গত বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় ২০০৫ সালের বিধান বাতিল করে নতুন আদেশ জারি করে। সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদের সই করা এই আদেশে বলা হয়েছে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ব্যয় সংকোচনের উদ্দেশ্যে এখন থেকে জনবল নিয়োগের ক্ষেত্রে সংস্থাপন মন্ত্রণালয়ের পূর্বানুমতির প্রয়োজন হবে না।এ সিদ্ধান্তের ফলে অননুমোদিত পদের বিপরীতে কিংবা কারও ব্যক্তিগত স্বার্থে বা ইচ্ছায় নিয়োগের মতো অনিয়ম বাড়বে কি না—জানতে চাইলে সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সংগঠন ও ব্যবস্থাপনা) লুৎফর রহমান বলেন, প্রতিটি প্রতিষ্ঠানে সরকার অনুমোদিত নিয়োগবিধি অনুসরণ করা বাধ্যতামূলক। তা ছাড়া নিয়োগের সময় সংস্থাপন মন্ত্রণালয়ের প্রতিনিধিও থাকবেন। এতে অনিয়ম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদের ৭০ শতাংশে নিয়োগের ক্ষেত্রে ছাড়পত্রের বিধান এক বছরের জন্য রহিত করা হয়েছিল। তখন ৮৬ হাজার পদে লোক নিয়োগ করা হয়। কিন্তু এভাবে নিয়োগের ক্ষেত্রে সুস্পষ্ট বিধি না থাকায় সরকারি দলের প্রভাবশালী মহল ও মন্ত্রী-সাংসদদের সুপারিশই নিয়োগের প্রধান নিয়ামক হয়ে ওঠে। পরে আবার আগের নিয়মে ফিরে যাওয়া হয়।সূত্র জানায়, বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়ে যতসংখ্যক পদের ছাড়পত্র চাওয়া হয়, বেশির ভাগ ক্ষেত্রে তার ৫০ শতাংশ অনুমোদন দেওয়া হয়। এ ধরনের ছাড়পত্র পেতে আবার বছর খানেকও লেগে যায়। এর মধ্যে আরও অনেক পদ শূন্য হয়ে যায়। ফলে সরকারের কাজকর্মে অচলাবস্থা সৃষ্টি হয়। তা ছাড়া সংস্থাপন মন্ত্রণালয় ছাড়পত্র দেওয়ার সময় নিয়োগের সময়সীমাও উল্লেখ করে দেয়। এর মধ্যে নিয়োগ করা না গেলে সময় বাড়ানোর আবেদন করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে সময় বাড়ানো হয় না। ফলে নিয়োগ দেওয়াও সম্ভব হয় না।সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় আড়াই লাখ পদ শূন্য আছে। ২০০৯ সালের জানুয়ারির হিসাব অনুযায়ী, প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে প্রায় ১৫ হাজার, দ্বিতীয় শ্রেণীর পদে প্রায় ১৩ হাজার, তৃতীয় শ্রেণীর পদে প্রায় এক লাখ দুই হাজার এবং চতুর্থ শ্রেণীর প্রায় ৪২ হাজার পদ শূন্য আছে। এরই মধ্যে ২১ হাজার ৮১২টি পদে নিয়োগের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।সংস্থাপন মন্ত্রণালয়ের ছাড়পত্রের বাধ্যবাধকতার কারণে বাতিল হয়েছে রেলওয়ের প্রায় আট হাজার পদের নিয়োগ। ভূমি, স্বরাষ্ট্র, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং বিভিন্ন সিভিল সার্জন অফিসের অনেক নিয়োগও বন্ধ হয়ে গেছে। তবে কিছু ক্ষেত্রে রাজনৈতিক কারণেও নিয়োগ বন্ধ রয়েছে।উল্লেখ্য, নিয়োগ বিধিমালায় চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের জন্য একটি কমিটি গঠনের কথা বলা আছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এ কমিটির প্রধান হন। কিন্তু বিধিতে নিয়োগের পরীক্ষাপদ্ধতি সম্পর্কে কিছু বলা নেই। পরে তৃতীয় শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রেও একই পন্থা অনুসরণ করতে নির্দেশনা জারি করা হয়।জানা যায়, ২০০৫ সালের সুশাসনবিষয়ক মন্ত্রিসভা কমিটি প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে ১০ দফা নীতি অনুমোদন করে। এর মধ্যে একটি ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বাইরের প্রতিষ্ঠানের (আউট সোর্সিং) মাধ্যমে নিয়োগ দেওয়া। তৎকালীন সরকারের সমর্থক একশ্রেণীর কর্মচারীর বিরোধিতার মুখে এ সিদ্ধান্ত একপর্যায়ে স্থগিত করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, আউট সোর্সিংয়ের মাধ্যমে এসব পদ পূরণ করা হলে দলীয় বিবেচনায় ইচ্ছামাফিক নিয়োগের সুযোগ কমত।