সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আজ মঙ্গলবার থেকে দুই দিনের অর্ধদিবস কর্মবিরতি শুরু করেছেন। স্বতন্ত্র পে-স্কেল, চাকরির বয়সসীমা ৬৫ বছর করাসহ সাত দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন এই কর্মবিরতির ডাক দিয়েছে। সাত দফা দাবিগুলোর মধ্যে আরও রয়েছে আবেদন করার যোগ্যতা সাপেক্ষে পোষ্য কোটায় সরাসরি ভর্তি, পদোন্নতির নীতিমালা অনুযায়ী আর্থিক সুবিধাসহ শর্ত পূরণের দিন থেকে পদোন্নতি, ফেডারেশনের জন্য বার্ষিক অনুদান পাঁচ লাখ টাকা প্রদান, সিনেট-সিন্ডিকেটসহ কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট সব কমিটিতে কর্মচারীদের প্রতিনিধিত্ব, পেনশনের টাকা দুই বা তিন কিস্তিতে প্রদান করতে হবে। মুঠোফোনে যোগাযোগ করা হলে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের মহাসচিব আব্বাস আলী তালুকদার কর্মবিরতি ডাকার বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন। সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল থেকে সব সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা সাত দফা দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। এদিকে একই দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মচারীরাও ধর্মঘট পালন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকালে এক সমাবেশে বক্তব্য দেন শাবিপ্রবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মনিলাল দাস, সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদেক আহমদ, সহায়ক সমিতির সভাপতি জিলান উদ্দিন, আবদুর রহমান মুন্সী, আবদুল গফফার প্রমুখ।